সাফল্যের গোপন রহস্য নেই

হিসাবটা এ রকম বরাবর মিলে যাবে, কে ভেবেছিল! কোয়ার্টার ফাইনালে যেতে হলে আফগানিস্তান, স্কটল্যান্ডকে তো হারাতেই হবে, জিততে হবে বড় একটা দলের বিপক্ষেও। সেই দলটা হতে পারে ইংল্যান্ড। বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশ দলের ভেতর বয়ে যাওয়া চিন্তাটা এ রকমই ছিল। কী আশ্চর্য! বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে গেল কিনা অনুমিত ওই হিসাব মিলিয়েই!
মেলবোর্নে কাল অনুশীলনের আগে হওয়া সংবাদ সম্মেলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সামনে প্রথমেই তোলা হলো প্রশ্নটা—বাংলাদেশ দলের এমন সাফল্যের রহস্য কী? না, কোনো গোপন রহস্য উন্মোচিত করেননি শ্রীলঙ্কান কোচ। তাঁর চোখে এই সাফল্যের সবচেয়ে বড় কারণ ভালো প্রস্তুতি। ‘সাফল্যের পেছনে গোপন কোনো রহস্য আছে বলে মনে করি না। প্রস্তুতিটা ছিল স্বয়ংসম্পূর্ণ, এটাই সবচেয়ে বড় কথা। বিশ্বকাপের আগে খুব বেশি ম্যাচ না খেলে অস্ট্রেলিয়ান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কয়েকটা দিন আগে ব্রিসবেনে যাওয়াটাও ভালো সিদ্ধান্ত ছিল। ওটাই মূল বিষয়’—বলেছেন হাথুরুসিংহে। এ ছাড়া মূল খেলোয়াড়দের সবার ছন্দে থাকা, দলে চোটাঘাত না থাকা—কোচের চোখে সাফল্যের পেছনে কাজ করেছে এসবও।
প্রথম পর্ব থেকে পাওয়া সাফল্যে বাংলাদেশ দল এখন এতটাই আত্মবিশ্বাসী যে, কোনো বাধাকেই যেন আর বাধা মনে হচ্ছে না। কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ভারত বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু হাথুরুসিংহের দর্শনে এখন বাংলাদেশ দলের জয়টা নির্ভর করছে কেবলই নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলার ওপর। প্রতিপক্ষ সেখানে কোনো ব্যাপারই নয়, ‘আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারাটাই আসল। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলি এবং প্রতিপক্ষ তার সঙ্গে কুলিয়ে উঠতে না পারে, আমরা তাদের হারাতে পারব।’
আট মাস আগে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে কাজ করেছেন দীর্ঘদিন। হাথুরুসিংহেও মানেন, বাংলাদেশ দলকে অস্ট্রেলিয়ান কন্ডিশনে অভ্যস্ত করে তুলতে কাজে লেগেছে সে অভিজ্ঞতা। তবে মাঠের খেলার পুরোটাই তিনি ছেড়ে দিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ওপর, ‘ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের জন্য আমাদের আলাদা আলাদা গেমপ্ল্যান থাকে। তবে মাঠে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যেকোনো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা অধিনায়কের আছে।’
বিশ্বকাপে বাংলাদেশ দল যখনই ভারতের মুখোমুখি হবে, ২০০৭ সালের স্মৃতি ফিরে আসবেই। এবারও আসছে। যদিও হাথুরুসিংহের মাথায় ব্যাপারটা একদমই নেই। যেমন নেই বৃষ্টি নিয়ে চিন্তাও। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ১৯ মার্চ মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোচের গেমপ্ল্যানে সেটা তেমন প্রাধান্য পাচ্ছে না, ‘বৃষ্টি নিয়ে তো আর পরিকল্পনা করা যায় না। উইকেটে তেমন স্পিন ধরবে না। শ্রীলঙ্কার বিপক্ষে যে উইকেটে খেলেছিলাম, সেই উইকেটেই খেলব আমরা। কাজেই উইকেট থেকে কী পাওয়া যেতে পারে আমরা তা জানি।’
ক্রিকেট বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতই সেরা দল। হাথুরুসিংহে ততটা না বললেও মানছেন, ‘দলটা খুব ভালো ক্রিকেট খেলছে।’ তো এমন একটা দলের বিপক্ষে বাংলাদেশ দলের চোখটা কোথায় থাকবে? কোচের উত্তর, ‘তাদের ব্যাটিং ভালো। ফাস্ট বোলাররাও ভালো বল করছে। আমাদের এই দিকটার দিকেই বেশি দৃষ্টি দেওয়া উচিত।’
স্বাধীনভাবে খেলো—বিশ্বকাপে দলের মধ্যে এই স্লোগানটাই ছড়িয়ে দিতে চেয়েছেন কোচ। খেলোয়াড়দের কানে মন্ত্র পড়ে বুঝিয়ে দিয়েছেন কাকে কোন ভূমিকা নিতে হবে। টানা সাফল্যে আত্মবিশ্বাসও উত্তুঙ্গ মাশরাফিদের। হাথুরুসিংহের ভাষায়, ‘এই দলটার নিজেদের ওপর আস্থা আছে।’
আরেকটি ভারত-বধের স্বপ্নপূরণে সেটাই বোধ হয় সবচেয়ে বেশি জরুরি।