সাফল্য-ধারার শেষে পরাজয়

ইমরুল কায়েস বলেছিলেন, ধেয়ে আসা বিপদের মধ্যেও তাঁরা আশা হারাচ্ছেন না। ঘাড়ের ওপর পরাজয়ের নিশ্বাস পেয়েও সাকিব আল হাসান বলেছিলেন, লড়াই ছাড়া দল ম্যাচ ছাড়বে না।
আশাটা দুরাশা হলো কাল খেলা শুরুর ৪২ মিনিট পরই। ইমরান খানের বলটিকে অফস্টাম্পের বাইরে তাড়া করে তামিম যখন উইকেটকিপারের ক্যাচ হলেন ৪২ রানে। প্রত্যাশিত লড়াইয়ের মশালটা নেভালেন সাকিব, ১৩ রানে মোহাম্মদ হাফিজের বাতাসে ভাসানো অফ স্পিনে প্রলুব্ধ হয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ তুলে। তামিম ফিরে আসতে বাংলাদেশ ২ উইকেটে ৮৬। সাকিবের বিদায়ে ৪ উইকেটে ১২৬। মুমিনুল যেতে ৭ উইকেটে ১৪৩। তখন শুধু অপেক্ষায় থাকা কখন বাজবে সেই ঘণ্টা। ৩ ঘণ্টা ৪ মিনিটেই নবম, প্রকৃতপক্ষে দশম উইকেটের পতন। সব শেষ। চতুর্থ দিনেই হার ৩২৮ রানে। রানের দিক দিয়ে বাংলাদেশের যেটি চতুর্থ বৃহত্তম পরাজয়, আর পাকিস্তানের তৃতীয় বৃহত্তম জয়।
জয়ের স্বপ্ন আর আশা নিয়ে শুরু ম্যাচটি বাংলাদেশকে হারের রাস্তা দেখিয়েছিল তৃতীয় দিনের প্রথম সেশনেই, যখন প্রথম ইনিংসে পাকিস্তান নিয়েছিল ৩৫৪ রানের লিড। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের আরও ১৯৫ রানের যোগফলে ঘুরে দাঁড়ানোর সব রাস্তাই বন্ধ।
৫৫০ রানের লক্ষ্যটা ছিল আক্ষরিক অর্থেই এভারেস্ট চূড়োয় ওঠার দুঃসাহস। সাড়ে ছয় সেশনের বেশি ব্যাটিংয়ের সামর্থ্য থাকলেই যা সম্ভব। এর আগে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে সেই ২০০৫ সালে ১৪২ ওভার ব্যাট করে ড্র করেছিল জিম্বাবুয়ের সঙ্গে। মাত্রই আগের টেস্টে ১৩৬ ওভার ব্যাটিং করে বার্তা দিয়েছে পাকিস্তানকে। জানা ছিল, ঢাকার বঙ্গবন্ধু আর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের মতো উইকেট এটি নয়। মিরপুরে ছিল বাউন্স, টার্ন, মুভমেন্ট। বাংলাদেশ তবু মনের একটা কোণে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন হয়তো দেখছিল ব্যাটসম্যানদের ভরসায়।
তামিম ও ইমরুল জোড়া সেঞ্চুরিতে সদ্যই বিশ্বরেকর্ড করেছেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব রানে আছেন। হঠাৎই রানখরায় পড়া মুশফিকুর রহিম আর বিশ্বকাপের নায়ক মাহমুদউল্লাহর কাছে প্রত্যাশা ছিল। কিন্তু প্রত্যাশা রূপ নিল হতাশায়, স্বপ্নটা হলো দুঃস্বপ্ন। ইমরুল গেছেন আগের দিনের শেষ বলে, কাল চতুর্থ দিনে ৪৮৭ রানের দুর্গম যাত্রায় তামিম মুমিনুলের সঙ্গে মাত্র ৩৮ রানের জুটি গড়ে। তৃতীয় উইকেটে মাহমুদউল্লাহ-মুমিনুলের জুটি ৯ রানের, ইমরান খানের পেসে জোড়া পায়ে দাঁড়িয়ে শরীর থেকে দূরের বলে খোঁচা দিয়ে ২ রানে ক্যাচ মাহমুদউল্লাহ। মুশফিক ইয়াসির শাহর লেগ ব্রেকে ডিফেন্স করতে গিয়ে প্লেড অন, নামের পাশে শূন্য। এই প্রথম কোনো সিরিজে তাঁর দুটি শূন্য। ৩২, ০, ১২, ০—মোট ৪৪। এর চেয়ে বাজে সিরিজ তাঁর একটাই গেছে—২০১০ সালে ইংল্যান্ডে শূন্যবিহীন চার ইনিংসে করেছিলেন ৪০ রান। বাকি থাকলেন মুমিনুল। ‘মি. ফিফটি’ কালও একটা ফিফটি করে বসলেন বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর ও ভিভ রিচার্ডসের পাশে। টানা ১১ ম্যাচে অন্ততপক্ষে একটি ফিফটি করা টেস্ট ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান ইয়াসিরকে ড্রাইভ করতে গিয়ে কভারে আসাদ শফিকের দুর্দান্ত ক্যাচ। তাঁর ৬৮ রানের ইনিংসেই যা একটু প্রতিরোধের ছবি ছিল, ১৪১ মিনিট ক্রিজে থেকে চার মেরেছেন ৯টি। মুমিনুলের আগে গেছেন সৌম্য সরকার, ওয়াহাব রিয়াজের নিরীহ শর্ট বলটিতে গ্ল্যান্স করে উইকেটকিপারের ক্যাচ। এই টেস্টে ১ ও ৩ রান—টেস্টের কঠিন পৃথিবীটা ভালোই চিনলেন সৌম্য।
শুভাগত, তাইজুল আর শহীদ শুধু পাকিস্তানের জয়টাকে বিলম্বিতই করতে পারতেন। আরও ১৫.৩ ওভার ব্যাট করে তা-ই করেছেন এঁরা। তাইজুল ১০ রান করে ইয়াসিরের শিকার। বাঁহাতি পেসার জুনায়েদ খানের বলে ইয়র্কড হতেই শেষ শুভাগতর ‘আক্রমণাত্মক’ ৩৯ রানের ইনিংস, বাংলাদেশের ইনিংস গোটাল ২২১ রানে। প্রথম উইকেটে সর্বোচ্চ ৪৮ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রানের জুটিটা শেষ উইকেটে, যাতে শহীদের অবদান ১৪ বলে ১৪। বাংলাদেশের ব্যাটসম্যানদের লড়াইয়ে শুধু প্রতিশ্রুতিই ছিল, ছিল না প্রতিজ্ঞা। স্পিনই পাকিস্তানের মূল ঘাতক অস্ত্র। লেগস্পিনার ইয়াসিরের উইকেট ৪টি, সকালে তাঁর সঙ্গে বোলিং শুরু করা ডানহাতি পেসার ইমরানের শিকার ২ উইকেট, জুনায়েদ-রিয়াজ-হাফিজের একটি করে। এক প্রাণ, এক মন—এককাট্টা ছিল পাকিস্তানের বোলিং আক্রমণ।
তিন ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টিতে হারা পাকিস্তানকে পেয়ে বসেছিল জয়হীন থাকার লজ্জা। অবশেষে শেষ টেস্টেই জয়। পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক আনন্দিত, ‘জানতাম, বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালো দল হয়ে উঠেছে। টেস্ট ক্রিকেটটা অন্য রকম। এখানে আমরা অনেক অভিজ্ঞ।’ অনস্বীকার্য যে অভিজ্ঞতাই জেতাল পাকিস্তানকে। আর ৯০তম টেস্টে ৭১তম পরাজয় সীমিত ওভারের ক্রিকেটে উজ্জ্বল বাংলাদেশের অনভিজ্ঞতার এমনই এক ল্যাপ্টানো বিজ্ঞাপন হলো যে আবার ‘নতুন করে’ শুরু করার প্রশ্ন আসছে।
অধিনায়ক মুশফিকের কণ্ঠে দায় স্বীকার করে নেওয়ার ঔদার্য, ‘প্রত্যাশা অনুযায়ী আমরা খেলতে পারিনি, দায় আমাদেরই। আবার আমাদের নতুন করে শুরু করতে হবে।’ দলের প্রত্যাশা ও সামর্থ্য অনুযায়ী পিচ তৈরি থেকে শুরু করে দল নির্বাচন, পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন—নতুন সূচনার দরকার তো সবকিছুতেই। একটা দলকে মাঠে নামিয়ে দিলেই টেস্ট খেলা হয় না। ভৈরবের তীরে হঠাৎই জেগে ওঠা বাংলাদেশ তুরাগতীরবর্তী মিরপুরে চিনল টেস্ট ক্রিকেটের এই কঠিন সত্যকে!
পাকিস্তান: ৫৫৭/৮ ডি. ও ১৯৫/৬ ডি.
বাংলাদেশ: ২০৩ ও ২২১
ফল: পাকিস্তান ৩২৮ রানে জয়ী