সাফল্য-ভালোবাসায় সিক্ত সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আউট হয়ে গেলেন তিনাশে পানিয়াঙ্গারা (ছবিতে নেই)। সাকিবের পঞ্চম উইকেট। অভিনন্দন জানাতে সতীর্থদের কাল মিরপুরে এভাবেই বারবার ছুটতে হয়েছে সাকিবের কাছে l প্রথম আলো
আউট হয়ে গেলেন তিনাশে পানিয়াঙ্গারা (ছবিতে নেই)। সাকিবের পঞ্চম উইকেট। অভিনন্দন জানাতে সতীর্থদের কাল মিরপুরে এভাবেই বারবার ছুটতে হয়েছে সাকিবের কাছে l প্রথম আলো

আবেগ তাহলে তাঁকেও ভাসিয়ে নিয়ে যায়! ইস্পাতকঠিন মনও টলমল হয়ে ওঠে অফুরান ভালোবাসার স্রোতে। ভালোবাসার শক্তিতে তিনিও তাহলে আস্থা রাখেন!
সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম। সবচেয়ে বড় তারকা। সবচেয়ে বড় বিজ্ঞাপন। বিরুদ্ধ পরিবেশ-পরিস্থিতিকে জয় করা সবচেয়ে বড় যোদ্ধার নামও কি নয়!
বিরুদ্ধ স্রোতে সাঁতার অনেকবারই কেটেছেন। পুরোনো ইতিহাস না ঘেঁটে সর্বশেষটাই স্মরণ করে দেখুন। গত জুনে ভারত সিরিজ চলাকালে তাঁর স্ত্রীকে উদ্দেশ করে বাজে মন্তব্য করায় এক উত্ত্যক্তকারীর ওপর চড়াও হয়েছিলেন সাকিব। সেই প্রতিবাদের চড়া মূল্য দিতে হয়েছে বিসিবির বহিষ্কারাদেশ শুনে। সেই বহিষ্কারাদেশের কথা ঘোষণার সময় অবশ্য সুনির্দিষ্ট কোনো অভিযোগের পরিবর্তে অনির্দিষ্ট সব অভিযোগের কথাই শুনিয়েছিল বিসিবি। ছয় মাসের বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয় তিন মাস পরই। মাঝে মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফর। কালই আবার ফিরলেন আন্তর্জাতিক ক্রিকেটে। ফিরেই আবারও আলোতে সাকিব। শেরেবাংলা স্টেডিয়ামের ২২ গজে আবারও ঘূর্ণিজাদু।
দিন শেষের সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে অবধারিতভাবেই সাকিব এলেন। খেলা নিয়ে এ কথা-ও কথা বলার পর খুলে দিলেন আবেগের বাঁধন। তাঁর মুখ থেকে সচরাচর যেসব কথা কমই বের হয়, সংবাদ সম্মেলনকক্ষটাকে আবেগাক্রান্ত করল সেসবই। তবে মনে রাখতে হবে মানুষটা সাকিব। তাঁর বাঁধনখোলা আবেগও তাই অনেক সংযত।
‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা খেলতে পারলে আরও ভালো লাগত নিশ্চয়ই?’—এক প্রশ্নকর্তার এমন মন্তব্য যেন টোকা দিল জমে থাকা আবেগের স্তূপে। সাকিব বলতে লাগলেন, ‘ওই তিন মাস একটু তো খারাপ সময় গেছেই। তবে আমার কাছে মনে হয়নি অনেক দিন পর খেলতে এলাম, বা মাঝে অনেক কিছু হয়ে যাওয়ার পর খেলতে এলাম। বিশেষ করে প্রথম বলটা করার আগে সমর্থকেরা যেভাবে সমর্থন করেছে, ওই সময় আসলে সব চিন্তা, অন্য কোনো অনুভূতি যদি থেকেও থাকে, ওটা চলে গেছে।’ দর্শক-সমর্থকদের এমন ভালোবাসা পেয়ে এসেছেন সব সময়ই। ভবিষ্যতের পথেও এগোতে চান সেই ভালোবাসার ভেলায় ভেসেই, ‘আমি খুবই ভাগ্যবান, কারণ এই সমর্থনটা আমি সব সময়ই পাই। আশা করি আরও পাব। যদি দলের জন্য অবদান রাখতে পারি আর সমর্থকদের জন্য খেলতে পারি, আমার জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া।’
সাকিবের সাফল্যের পথ কখনোই কুসুমাস্তীর্ণ নয়। পারফরম্যান্সের ধারাবাহিকতাটা সব সময় ধরে রাখলেও মাঠের বাইরে বিতর্কের ঝড় সামলাতে হয়েছে অনেকবারই। কখনো সংবাদমাধ্যমের শেলে বিদ্ধ হয়েছেন, কখনো বা ঠোঁটকাটা মন্তব্যে বিসিবির চোখরাঙানি হজম করেছেন। তবে কোনো কিছুই তাঁর পারফরম্যান্সে ছাপ ফেলতে পারেনি। সাকিবের কথায়ও মনে হলো শত ঝড়-ঝঞ্ঝার মধ্যেও তাঁর কাছে শেষ কথা ওটাই, ‘দিন শেষে পারফরম্যান্সটাই হিসাব হয়। মাঠের খেলা যতক্ষণ ভালো আছে ইনশা আল্লাহ সব ঠিক থাকবে। সব সময়ই আমার চেষ্টা থাকে দলের হয়ে কতটা অবদান রাখা যায়, কতটা ভালো খেলা যায়।’
এই লক্ষ্যে তিনি সব সময়ই সফল। মাঠের বাইরে যখনই কোনো বিতর্ক হয়েছে, সেটাকে সাকিব চাপা দিয়ে দিয়েছেন পারফরম্যান্স নিয়ে। বাইরের ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ের যেন প্রবেশাধিকার নেই ক্রিকেটের সবুজ গালিচায়! সেখানে সাকিব মানেই ‘সাকিব, সাকিব’ ধ্বনিতে গ্যালারি মেতে ওঠা, সাকিব মানেই ব্যাটে-বলে আলোর ঝরনাধারা। সাকিব অবশ্য কৃতিত্বটা দিলেন দুঃসময়ে পাশে থাকা ভক্ত-সমর্থকদের, ‘পরিবারের সদস্য থেকে শুরু করে এমন অনেকেই আমাকে সমর্থন করেছে, যাদের আমি চিনি না। অজানা অনেক মানুষই আছেন, যাঁরা আমার জন্য দোয়া করেন। এসএমএস বা অন্যান্য মাধ্যমে সবাই যেভাবে সমর্থন করে...আসলে অন্য নেতিবাচক দিকগুলো আর মাথায় থাকে না। এই জিনিসগুলো সব সময়ই আমাকে অনেক অনুপ্রাণিত করে।’
প্রিয় তারকার কৃতজ্ঞতা স্বীকারে আরও উথলে উঠুক ভক্তকুলের ভালোবাসা। ‘সাকিব, সাকিব’ ধ্বনিতে আরও বেশি প্রকম্পিত হোক গ্যালারি। সাকিবের বল, সাকিবের ব্যাট তাতে শাণিত হবে আরও। মাঠের বাইরের ঝড়-ঝঞ্ঝা তাঁকে স্পর্শ না করলেও মানুষের ভালোবাসা যে কঠোর বহিরাবরণের সাকিবের জন্যও অনেক বড় সঞ্জীবনী সুধা!

সাকিবনামা

৬/৫৯
জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট এই প্রথম। আগের সেরা বোলিং ছিল ৩/৫২।
৮
আটটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট পাওয়া হয়ে গেল। শুধু অস্ট্রেলিয়াই বাকি, যাদের বিপক্ষে টেস্টই খেলেননি।
১২
৫ উইকেটের ডজন পূর্ণ হলো সাকিবের। বাংলাদেশের দ্বিতীয় সেরা মোহাম্মদ রফিক অনেকটাই পেছনে (৭ বার)। ১২ বার ইনিংসে ৫ উইকেট নিয়ে ছুঁলেন মন্টি পানেসারকে। যদিও পানেসার খেলেছেন ৫০ টেস্ট, সাকিব ৩৫। বাঁহাতি স্পিনারদের মধ্যে সাকিবের চেয়ে টেস্টে বেশিবার ইনিংসে ৫ উইকেট শুধু চারজনের—বিষেণ সিং বেদি (১৪), ডেরেক আন্ডারউড (১৭), ড্যানিয়েল ভেট্টোরি (২০) ও রঙ্গনা হেরাথ (২১)।
৪
ইনিংসে ৬ উইকেট চতুর্থবার। বাংলাদেশের হয়ে দুবার করে পেয়েছেন আর মোহাম্মদ রফিক, এনামুল হক জুনিয়র ও সোহাগ গাজী।
১২৮
টেস্টে সাকিবের উইকেটসংখ্যা। কালই বাঁহাতি স্পিনারদের মধ্যে পেছনে ফেলেছেন ইংল্যান্ডের ফিল এডমন্ডস (৫১ টেস্টে ১২৫) ও উইলফ্রেড রোডসকে (৫৮ টেস্টে ১২৭)।