সাবধান, উইকেটে মাহমুদউল্লাহ

ক্রিকেট দিন দিন অ্যাথলেটদের খেলা হয়ে উঠেছে। নিয়মিত জিম ও ফিটনেস ট্রেনিং না করলে আধুনিক ক্রিকেটে টিকে থাকা কঠিন। ফলে ক্রিকেটে এক সময়কার নিয়মিত একটি অংশ হারিয়ে গেছে। শারীরিক সক্ষমতার অভাবে মজার কোনো দৃশ্য জন্ম দেওয়া।
ক্রিকেটে মজার দৃশ্যের কথা উঠলেই চলে আসে ইনজামাম-উল-হকের কথা। বিশাল বপু, চেহারার মতো শরীরেও আদুরে আদুরে ভাব। স্লিপে ক্যাচ ধরতে গিয়ে হাত ফেটে যায়, ব্যাট করতে নামলেও রাজ্যের আলস্য। বল জায়গামতো পেলে বাউন্ডারিতে পাঠিয়ে দাও, আর তা না হলে হেলেদুলে একবার প্রান্ত বদল। প্রান্ত বদলের কাজটা দুবার করতে হলেই অর্থাৎ দুই রান নেওয়ার সুযোগ হলে মনে হতো নিজের ওপর বিরক্ত, 'কী দরকার ছিল বাপু, দুই রান নেওয়ার মতো শট খেলার?'
তো, এহেন আলস্যের রাজা রান নেওয়া নিয়ে মজার দৃশ্যের জন্ম দেবেন এটাই তো স্বাভাবিক। রান নিতে গিয়ে স্টাম্পর ওপর হুমড়ি খেয়ে পড়া, ফিল্ডার বা উইকেটরক্ষকের সঙ্গে ধাক্কা খাওয়া তো ছিলই। হাল ছেড়ে দিয়ে উইকেটের ওপর পড়ে যাওয়াতেও বহুদিন ক্রিকেট সমর্থকদের স্মৃতিতে বেঁচে থাকবেন ইনজামাম। দুলকি চালে এগিয়ে মারতে গিয়ে স্টাম্পিং হওয়ার দৃশ্যগুলোও কেই-বা ভুলতে পারে? দৌড়ে রান নিতে প্রবল অনিহার কারণে নিজে যেমন প্রচুর রান আউট হতেন, তেমনি অন্যদেরও সেই দুর্ভাগ্যের শিকার বানাতেন। তাই রান আউটের হিসেব কষতে বসলেই ইনজামামের নামটা সবার আগে আসে।
আজ মনে হচ্ছে, কী অন্যায়!
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো আজ মজার এক তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশিবার রানআউটের সঙ্গে জড়িত থাকা ক্রিকেটারটির নাম কী বলুন তো? উহু, ইনজামাম নন। বিশ্বকাপজয়ী ও বিশ্ব ক্রিকেটে সবচেয়ে দাপুটে দলটির অধিনায়ক স্টিভ ওয়াহ! আন্তর্জাতিক ক্রিকেটে ১০৪টি রান আউটে উইকেটের এক প্রান্তে ছিলেন ওয়াহ!

এর মধ্যে টেস্টে ২৭বার আর ওয়ানডেতে ৭৭বার। এর মাঝে ৪৯৩ ম্যাচে স্টিভ ওয়াহ নিজে রান আউট হয়েছেন ৩১ বার। ৭৩ বার তাঁর সঙ্গীকেই মেনে নিতে হয়েছে রান আউট। এর পেছনে ওয়াহ চাইলেই অবশ্য যুক্তি দিতে পারেন। ক্যারিয়ারের অধিকাংশ ইনিংসেই টেল এন্ডারদের নিয়ে ব্যাট করেছেন। ফলে ওভারের শেষে স্ট্রাইক অদল-বদল করতে কিংবা দলের ইনিংস আরও এগিয়ে নেওয়ার প্রয়োজনেই অন্য সঙ্গীকে 'আত্মহত্যা'র ভাগ্য বেছে নিতে হয়েছিল।
আচ্ছা স্টিভ ওয়াহ না হয় শীর্ষস্থানীয় তাঁর সঙ্গীদের আউট করিয়ে, এর পর নিশ্চয়ই ইনজামাম? না, তাও নয়। এর পরই আছেন রাহুল দ্রাবিড়। ৫০৯ ম্যাচে তাঁর রান আউটের সংগ্রহ ১০১। অবশ্য দ্রাবিড়ের কপাল খারাপ, সঙ্গীকে যতবার না আউট করেছেন তার চেয়ে বেশি নিজে আউট হয়েছেন (৫৩ বার)। দ্রাবিড়ের অন্যতম প্রিয় সঙ্গী শচীন টেন্ডুলকার আবার উল্টো। ৬৬৪ ম্যাচে ৯৮টি রান আউটে ৫৫বার অন্যপ্রান্তের ব্যাটসম্যানকে আউট করেছেন। অবশ্য টেন্ডুলকার অন্যপ্রান্তে থাকলে দল অন্তঃপ্রাণ কোন ব্যাটসম্যানই-বা নিজেকে রক্ষা করতে চাইবেন?
মজার ব্যাপার হলো, ইনজামাম চারেও জায়গা পাননি। তাঁকে হটিয়ে দিয়েছেন আরেক দুর্ভাগা মাহেলা জয়াবর্ধনে। আন্তর্জাতিক ম্যাচ খেলায় শচীনের নিকটতম প্রতিদ্বন্দ্বীকে তাঁর সঙ্গীরাই বেশি আউট করেছেন। ৬৫২ ম্যাচে ৫১ বার রান আউট হয়েছেন মাহেলা, আর অন্য প্রান্তে আউট হয়েছেন ৪৪জন।
পাঁচে এসে রান আউটের সেরা তালিকায় এসে নাম মিলেছে ইনজামামের। ক্যারিয়ারে ৯২বার রান আউট হয়েছেন ইনজি। তাঁর ক্ষেত্রে রানআউটগুলো যে সম্পূর্ণ রান নেওয়ার দক্ষতার অভাবেই হয়েছে, সেই প্রমাণ দিচ্ছে পরিসংখ্যান। কীভাবে? ৯২টি রানআউটের ঘটনার মধ্যে ৪৬ বার নিজে আউট হয়েছেন, ৪৬ বার আউট হয়েছেন অন্য প্রান্তের ব্যাটসম্যান। অর্থাৎ নিজেকে বাঁচাতে অন্যকে রানআউট করেছেন বেশি সেটা বলা যাচ্ছে না, আবার অন্যের জন্য নিজের উইকেট বিলিয়ে এসেছেন বেশি সেটাও বলার উপায় নেই!
সব ধরণের ক্রিকেট মিলিয়ে সেরা পাঁচ কিন্তু ভিন্ন ভিন্ন সংস্করণের শীর্ষে নেই। টেস্টে ২৯টি রান আউটের সঙ্গে যুক্ত ছিলেন অ্যালান বোর্ডার। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক এর মাঝে নিজে আউট হয়েছিলেন ১২ বার। বাকি সময় তাঁর সঙ্গীরাই পুড়েছেন সেরা ব্যাটসম্যানকে বাঁচানোর তাগিদে। ওয়ানডেতে এই দায় ইনজামামের দীর্ঘদিনের সঙ্গী মোহাম্মদ ইউসুফের। ৭৯টি রানআউটের সময় উইকেটে ছিলেন ইউসুফ। নিজে এর শিকার হয়েছেন ৩৮ বার। টি-টোয়েন্টিতে সতীর্থদের জন্য দুশ্চিন্তার কারণ হওয়াতে এগিয়ে আছেন মাহমুদউল্লাহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান আউটের প্রত্যক্ষদর্শী যে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক!
২০ বারে ৯ বার নিজে আউট হয়েছেন, বাকি সময় সতীর্থরা ছিলেন দুর্ভাগ্যের শিকার।