আইসিসি তাঁদের ফেরার দরজা খুলে দিয়েছে। তবে স্পট ফিক্সিংয়ের কালি গায়ে মাখা তিন ক্রিকেটারকে শিগগিরই দলে বিবেচনা করার আগে পিসিবিকে ভেবে দেখতে বলেছেন শহীদ আফ্রিদি। সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে ফেরানোর ব্যাপারে তাড়াহুড়া করলে সেটা পাকিস্তানি ক্রিকেটের ভবিষ্যতের ওপরই প্রভাব ফেলবে বলে মনে করেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক।
মাঠের বাইরের নানা কারণে আলোচিত হলেও ম্যাচ পাতানোর কলঙ্ক কখনো ছোঁয়নি আফ্রিদিকে। ২০১০ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন সব ধরনের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক হিসেবে। কিন্তু লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের পরই অধিনায়কত্ব ছেড়ে দেন, অবসর নেন টেস্ট ক্রিকেট থেকেও। এরপরই পাকিস্তানের টেস্ট অধিনায়ক হন সালমান বাট। তাঁর নেতৃত্বে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে ঘটে স্পট ফিক্সিংয়ের ঘটনা। এ সময় দলের কয়েকজন খেলোয়াড়ের সন্দেহজনক আচরণের খবর টিম ম্যানেজমেন্টকে অবহিত করার পেছনে আফ্রিদিরই মুখ্য ভূমিকা ছিল বলে জানা যায়। সুতরাং দেশের ক্রিকেটকে নিষ্কলুষ রাখার ক্ষেত্রে বোর্ডকে কিছু বলার অধিকার তো তাঁর আছেই। আফ্রিদি তাই সন্দিহান, কলঙ্কিত এই ত্রয়ীকে পাকিস্তান দলে ফেরানোটা ঠিক হবে কি না, ‘আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি আহ্বান জানাই যেন অনেক চিন্তাভাবনা করেই এই খেলোয়াড়দের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়।’
পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান ও নির্বাহী কমিটির সভাপতি নাজাম শেঠি জানিয়েছেন, জাতীয় দলের অনেক খেলোয়াড়ই এই তিন ক্রিকেটারের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে রাজি নন। শহীদ আফ্রিদি তাই পিসিবিকে পরামর্শ দিচ্ছেন, ‘হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এর সঙ্গে পাকিস্তানের ক্রিকেট ও ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটাররাও জড়িত।’ সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ, রমিজ রাজা ও রশিদ লতিফ আগেই সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে ফেরানোর বিরোধিতা করেছেন।