সাবধান, বিবাহবার্ষিকী ভুলবেন না যেন!

নিকি স্টাইরিস ভেবেছিলেন, যে ‘ডেলিভারি’ দিয়েছেন, তাতে স্কট স্টাইরিস পরিষ্কার বোল্ড! কিন্তু পরে বুঝলেন, সাবেক কিউই অলরাউন্ডার উল্টো তাঁকে বাউন্ডারি মেরে দিয়েছেন! না মশায়, এটা মাঠের নয়, ঘরের খেলা!
ঘটনাটা অবশ্য গত ২৮ মের। স্টাইরিস সেটি মনে করিয়ে দিলেন তামিলনাড়ু প্রিমিয়ার লিগের ধারাভাষ্য দিতে এসে। তাঁর স্ত্রী নিকি নিউজিল্যান্ডের একটি টিভি চ্যানেলের খেলাধুলাবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক। ‘নিউজহাব সুপার স্পোর্ট সানডে’ অনুষ্ঠানে সহকর্মীকে নিয়ে উপস্থাপনা করছিলেন তিনি। এই সুযোগে পর্দায় নিকি ভালোই এক খোঁচা দেন স্টাইরিসকে, ‘ধন্যবাদ তোমাকে, আমাদের বিশেষ দিনটা মনে রাখার জন্য...তুমি আসলে মনেই রাখোনি। এমন বিশেষ দিনে ঘুম থেকে উঠে মনে হয়, আজ আমার বিবাহবার্ষিকী, নিশ্চয়ই সে ফুল উপহার দেবে, ঘুম থেকে উঠেই দেখবেন নাশতা তৈরি...এ রকম তো। কিন্তু এর কিছুই হয় না।’
হড়বড় করে নিকি যেভাবে ঘরের কথা পরকে বলতে শুরু করলেন, তাঁর উপস্থাপক সহকর্মীর রসিকতা, ‘আমি এই গৃহদাহের মধ্যে থাকতে চাই না!’
স্ত্রী যতই প্রকাশ্যে অনুযোগ করুন, স্টাইরিস তাঁদের বিবাহবার্ষিকী মোটেও ভোলেননি। নিকির জন্য সকালে কোনো উপহার না রাখলেও তিনি আসলে তৈরি হচ্ছিলেন রাতের জন্য। আবার নিকি যেন অভিযোগ করতে না পারেন, সকালে ভুলে গিয়ে রাতে ব্যাপারটি স্টাইরিস পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, এর প্রমাণ হিসেবে একটা ভিডিও রেকর্ড করে রাখেন! সে রাতে প্রিয়তমা স্ত্রীর জন্য নিজ হাতে রাতের খাবার তৈরি করছেন। ফুলও এনেছেন। এখানেই শেষ নয়, পরে নিকিকে একটা ট্রাউজারও উপহার দিয়েছেন, যেটির পুরোটা জুড়ে শুধু স্টাইরিসের হাস্যোজ্জ্বল মুখ!

‘সে ভেবেছিল, আমি বোধ হয় বিবাহবার্ষিকী ভুলে গিয়েছি। আসলে আমার কাছে একটা ভিডিও আছে, যেটা দেখলে বোঝা যাবে আমি ভুলিনি। তার জন্য রাতের খাবার তৈরি করেছি, ফুল এনেছি। এই সময় টিভিতে সবাইকে বলল, আমি ভুলে গেছি। আমাকে একটু অস্বস্তিতে ফেলতে সে এটা করেছে। কিন্তু আমিই জিতেছি’—দুর্দান্ত বলে বাউন্ডারি মারার আনন্দ যেন স্টাইরিসের মুখে!
আসলে ‘মিস্টার অ্যান্ড মিসেস’ স্টাইরিস প্রায় এমন খেলায় মেতে ওঠেন। স্টাইরিসের রসিকতা, নিকিকে হারানোই তাঁর লক্ষ্য, ‘আমি সব সময়ই তাকে হারানোর চেষ্টা করি। কিন্তু সমস্যাটা হচ্ছে ও ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’
স্টাইরিসের জীবন থেকে নেওয়া শিক্ষার উপলব্ধিটা বোধ হয় সব বিবাহিত পুরুষের জন্যই প্রযোজ্য, নিজের নামধাম এক-দুবার ভুলে গেলেও ক্ষতি নেই। তবে সাবধান, বিবাহবার্ষিকী যেন ভুলবেন না! সূত্র: নিউজহাব।