শাবাশ মি. এক্সট্রা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেন্টব্রিজে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপর্যয়কর ইনিংসে (৬০ রানে অলআউট) সর্বোচ্চ রান এসেছিল ‘জনাব অতিরিক্ত’ মহোদয়ের কাছ থেকেই! অতিরিক্ত থেকে আসা ১৪ রান ছাড়িয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার আর সব ব্যাটসম্যানকেই। ব্যাপারটা সবাইকে অবাক করলেও টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এমন ঘটনা কিন্তু একেবারেই দুর্লভ কিছু নয়। ১৪০ বছরের ইতিহাসে অনুষ্ঠিত ২১৭৫টি টেস্ট ম্যাচের মধ্যে ১৯টি ইনিংসে মোট অতিরিক্ত রানের সংখ্যা ছাড়িয়েছে দলের সব ব্যাটসম্যানকে।

.
.

ট্রেন্ট ব্রিজের ইনিংসটি নিয়ে এ পর্যন্ত তিনবার অস্ট্রেলিয়ার কোনো টেস্ট ইনিংসে ‘মি. এক্সট্রা’ নিজের আধিপত্য তুলে ধরলেন। তবে একটা বিষয়ে কোনো সন্দেহ নেই যে অস্ট্রেলীয় ক্রিকেটের ইতিহাসে বৃহস্পতিবারের ঘটনাটিই সবচেয়ে বড় লজ্জা বয়ে নিয়ে আসা। এর আগে ১৯৮৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট জোনস টেস্টে অস্ট্রেলিয়ার একটি ইনিংসে অতিরিক্ত থেকে এসেছিল সর্বোচ্চ ৩৬। তবে সেদিন দলের মোট সংগ্রহ ছিল ২০০। ১৯৯১ সালে জর্জটাউনে ওই ক্যারিবীয়দের বিপক্ষেই ২৪৮ রানের ইনিংসে অতিরিক্ত খাত যোগ করেছিল পঞ্চাশোর্ধ্ব রান (৫৩)। ট্রেন্টব্রিজের তুলনায় সর্বোচ্চ অতিরিক্ত রানের আগের দুটো ঘটনা অস্ট্রেলিয়ার জন্য ছিল অনেক কম লজ্জার।
অস্ট্রেলিয়ার চেয়েও বড় লজ্জা বয়ে বেড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা। ১৯২৪ সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে প্রোটিয়াদের ইনিংস শেষ হয়েছিল মাত্র ৩০ রানে। সেই ইনিংসে সর্বোচ্চ রান ১১ রান এসেছিল অতিরিক্ত খাত থেকে। এই ঘটনারও ১২ বছর আগে, ১৯১২ সালে দক্ষিণ আফ্রিকা আরও একবার এমন লজ্জার শিকার হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে সেবার তাদের ইনিংস গুটিয়ে গিয়েছিল ৫৮ রানে। অতিরিক্ত খাত থেকেই এসেছিল এর ১৭টি রান।
অতিরিক্ত খাত থেকে সর্বোচ্চ রান আসা এই ১৯টি টেস্ট ইনিংসে সবচেয়ে বেশিবার নাম এসেছে দুটো টেস্ট খেলুড়ে দেশের—নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। দুটি দেশই পাঁচবার করে এই তালিকায় নিজেদের নাম তুলেছে। অস্ট্রেলিয়া তিন বার, দক্ষিণ আফ্রিকা দুবার শিকার হয়েছে এমন পরিস্থিতির। এই চারটি দেশের পাশাপাশি ভারত দুবার আর ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে একবার করে নিজেদের নাম তুলেছে এই তালিকায়। টেস্ট খেলুড়ে অন্য তিন দেশ পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ এখনো পর্যন্ত এই পরিস্থিতিতে পড়েনি।
তবে এই ১৯টি ঘটনার সবগুলোই কিন্তু ট্রেন্টব্রিজের মতো টেস্টের প্রথম ইনিংসের নয়। প্রথম ইনিংসে অতিরিক্ত খাত থেকে সর্বোচ্চ রান আসার ঘটনা টেস্ট ইতিহাসে মাত্র ৩ টি। দ্বিতীয় ইনিংসে মোট সাতবার অতিরিক্ত খাত থেকে সর্বোচ্চ রান আসা দেখেছে ক্রিকেট ইতিহাস। তৃতীয় ইনিংসে এমনটি হয়েছে চারবার। চতুর্থ ইনিংসে মোট পাঁচবার কোনো দলের ব্যাটসম্যানদের ছাপিয়ে গেছে অতিরিক্ত রান।
১৯৭৮ সালে ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের তৃতীয় ইনিংসের সংগ্রহে (১২৩) অতিরিক্ত খাত থেকে সর্বোচ্চ রান আসলেও সেই টেস্টটা জিতেই ফিরেছিল কিউইরা। নিউজিল্যান্ডই ১৯৮০ সালে ডানেডিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্টে অতিরিক্ত রানের সর্বোচ্চ সহায়তা নিয়ে একটি টেস্ট জিতেছিল (১০৪ / ৯, অতিরিক্ত ১৯)। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৩৩৯ রানে অতিরিক্ত ছিল ৬০। সে টেস্টটিতেও জয় পেয়েছিল ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটে অতিরিক্ত খাত থেকে সর্বোচ্চ রান আসার মোট ১৯টি ঘটনায় এই তিনবারই অতিরিক্ত থেকে ইনিংসে সবচেয়ে বেশি রান তুলে কোনো দল টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল। এই ১৯টি ঘটনায় এমন পরিস্থিতি পরাজয়ের ঘটনা ১২ টি। একই পরিস্থিতিতে টেস্ট ড্র হয়েছে মোট দুবার।

নিচে এ সংক্রান্ত একটি তালিকা তুলে ধরা হলো...

দেশ

স্কোর

অতিরিক্ত

ইনিংস

প্রতিপক্ষ

সাল

ভেন্যু

ফলাফল

দক্ষিণ আফ্রিকা

৫৮

১৭

১

ইংল্যান্ড

১৯১২

লর্ডস

পরাজিত

দক্ষিণ আফ্রিকা

৩০

১১

২

ইংল্যান্ড

১৯২৪

বার্মিংহাম

পরাজিত

নিউজিল্যান্ড

৯৭

২০

২

ইংল্যান্ড

১৯৭৩

ট্রেন্টব্রিজ

পরাজিত

ইংল্যান্ড

১২৬

২৫

৪

উইন্ডিজ

১৯৭৬

ওল্ডট্র্যাফোর্ড

পরাজিত

নিউজিল্যান্ড

১২৩

২৬

৩

ইংল্যান্ড

১৯৭৮

ওয়েলিংটন

 জয়ী

নিউজিল্যান্ড

১০৪/৯

১৯

৪

উইন্ডিজ

১৯৮০

ডানেডিন

 জয়ী

ইংল্যান্ড

২২৭

৪৬

২

পাকিস্তান

১৯৮২

লর্ডস

পরাজিত

অস্ট্রেলিয়া

২০০

৩৬

৩

উইন্ডিজ

১৯৮৪

সেন্ট জোনস

 পরাজিত

ইংল্যান্ড

৩১৫

৫৯

৩

উইন্ডিজ

১৯৮৬

পোর্ট অব স্পেন

পরাজিত

নিউজিল্যান্ড

১৬০

৩৮

১

পাকিস্তান

১৯৯০

লাহোর

পরাজিত

অস্ট্রেলিয়া

২৪৮

৫৩

৩

উইন্ডিজ

১৯৯১

জর্জটাউন

পরাজিত

নিউজিল্যান্ড

৯৩

২২

৪

পাকিস্তান

১৯৯৩

হ্যামিল্টন

পরাজিত

জিম্বাবুয়ে

৩১৯/৮

৬৫

২

শ্রীলঙ্কা

১৯৯৪

হারারে

অমীমাংসিত

ভারত

১১৪

২২

৪

উইন্ডিজ

১৯৯৪

মোহালি

পরাজিত

ভারত

১০০

১৬

২

দক্ষিণ আ​ফ্রিকা

১৯৯৬

ডারবান

পরাজিত

ইংল্যান্ড

১১০

২০

২

দক্ষিণ আফ্রিকা

১৯৯৮

লর্ডস

পরাজিত

ইংল্যান্ড

৩৩৯

৬০

২

উইন্ডিজ

২০০৪

কিংস্টোন

জয়ী

ওয়েস্ট ইন্ডিজ

১১৪/৮

২৬

৪

ইংল্যান্ড

২০০৯

পোর্ট অব স্পেন

অমীমাংসিত

অস্ট্রেলিয়া

৬০

১৪

১

ইংল্যান্ড

২০১৫

ট্রেন্টব্রিজ

পরাজিত