সাবেক কোচ সিডন্সের ফেরা বর্তমান কোচ ডমিঙ্গোর কাছে ভালো খবর

ডমিঙ্গো খুশি হয়েছেন সিডন্সের ফেরায়ছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ড সফর আর চলমান আফগানিস্তান সিরিজের বাংলাদেশের পার্থক্যটা একদম পরিষ্কার। নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ছিলেন ওটিস গিবসন। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আর বাংলাদেশে ফিরে আসেননি। বিপিএল চলার সময় পদত্যাগ করেছেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশে ফেরাদের দলে ছিলেন শুধু প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথ।

আফগানিস্তান সিরিজ থেকে দলের সঙ্গে ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন জেমি সিডন্স। বাংলাদেশ দলের সাবেক এই কোচের সঙ্গে তামিম-সাকিবদের সম্পর্ক বেশ পুরোনো। সঙ্গে দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ তো আছেনই। পরিবর্তিত পরিস্থিতিতে ডমিঙ্গো কীভাবে মানিয়ে নেন, সেদিকে ছিল সবার আগ্রহ।

চট্টগ্রামে বাংলাদেশের অনুশীলনে সাবেক ও বর্তমান হেড কোচ
ছবি: শামসুল হক

আজ জাতীয় দলের ঐচ্ছিক অনুশীলনের ফাঁকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ডমিঙ্গোকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলছিলেন, ‘সিডন্স অনেক অভিজ্ঞ কোচ। সারা বিশ্বে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। তিনি বাংলাদেশ ক্রিকেটের প্রক্রিয়াটাও জানেন। এই ক্রিকেটারদের আমার চেয়েও হয়তো ভালো চেনেন তিনি। তাঁকে আমাদের সঙ্গে পাওয়া তাই ভালো খবর। তিনি কোচিং স্টাফদের মধ্যে অনেক অভিজ্ঞতা যোগ করবেন।’

মাহমুদ থাকাতেও ডমিঙ্গোর কাজ নাকি অনেকটাই সহজ হয়েছে। আজ তিনি বলছিলেন, ‘আমার আর বোর্ডের যোগসূত্র হচ্ছেন চাচা (খালেদ মাহমুদ)। আমরা দল নির্বাচন, একাদশ, টস বা অন্যান্য বিষয় নিয়ে কী ভাবছি—এসব ব্যাপারে বোর্ডের সঙ্গে চাচা যোগাযোগ করেন। আমাকে তাহলে বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে হয় না। আমি আমার কাজেই ব্যস্ত থাকি। আমি এসব নিয়ে ভাবতেই চাই না। সেদিক থেকে চাচা থাকায় আমার অনেক সুবিধা হয়। তিনি আমার চাপ কমিয়ে দিচ্ছেন।’

সিডন্স বাংলাদেশের অনেক ক্রিকেটারকে তাঁর চেয়েও ভালো চেনেন, বললেন ডমিঙ্গো
ছবি: শামসুল হক

আফগানিস্তান সিরিজের প্রস্তুতির প্রথম দিন মাহমুদ ও সিডন্স না থাকায় অনুশীলনের সময়টা খুব ব্যস্ততায় কেটেছে ডমিঙ্গোর। করোনাবিধির কারণে সিডন্স সেদিন দলের সঙ্গে যোগ দিতে পারেননি। মাহমুদ এক দিন বিশ্রাম নিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। যে কারণে প্রথম দিনের অনুশীলনটা রাসেল ও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ মিলেই সামলেছেন। পরে সিডন্স ও মাহমুদ যোগ দেওয়ায় ডমিঙ্গোর কাজের চাপ কিছুটা হলেও কমেছে।

সে কারণেই কি না, আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনে ডমিঙ্গো দূর থেকে পর্যবেক্ষকের ভূমিকা পালন করলেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের সঙ্গেও ছোটখাটো বৈঠক সেরে ফেলেছেন তিনি। এ সময় সিডন্স আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের একাদশে থাকা তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও ইয়াসির আলীর সঙ্গে কাজ করেছেন। মাহমুদও ব্যস্ত ছিলেন ক্রিকেটারদের অনুশীলনে। পেস বোলিং কোচ না থাকায় এ দায়িত্বটা এখন মাহমুদই পালন করছেন।