মহসিন খানকে পাল্টা তির আকরামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াসিম আকরাম।
ওয়াসিম আকরাম।

পাকিস্তানের কোচ নির্বাচনের প্রক্রিয়ায় জড়িত ছিলেন ওয়াসিম আকরাম। আর এ কারণেই নাকি বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার এই পদে আবেদনই করেননি। ব্যাপারটায় দারুণ ক্ষুব্ধ আকরাম প্রশ্ন তুলেছেন সাবেকদের মানসিকতা নিয়ে। বলেছেন, এমন মানসিকতা যাঁদের, তাঁরা কীভাবে পাকিস্তান ক্রিকেট দলের ভালোর জন্য কাজ করবেন!
কোচ নির্বাচনের প্রক্রিয়ায় আকরাম একা নন, ছিলেন সাবেক অধিনায়ক রমিজ রাজাও। মহসিন খান ও আকিব জাভেদদের অভিযোগ ছিল, আকরাম ও রমিজ নাকি আগেই বিদেশি কোচ নিয়োগের ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পরামর্শ দিয়ে রেখেছেন। মহসিন খানের ব্যাপারটা অবশ্য একটু অন্য রকম। তিনি এমন কারও কাছে আবেদনপত্র জমা দিতে চাননি, যিনি তাঁর চেয়ে কনিষ্ঠ ছিলেন।
পাকিস্তানের সাবেক অধিনায়ক অবশ্য কারও নাম নেননি। তবে তিনি মহসিন খানের দিকেই পাল্টা তির ছুড়েছেন একটু কূটনৈতিক ভাষাতেই। আকরাম বলেছেন, ‘সম্মান হচ্ছে দেওয়া-নেওয়ার একটা ব্যাপার। আপনি তখনই সম্মান পাবেন, যখন আপনার মধ্যে অন্যকে সম্মান দেওয়ার অভ্যাস থাকবে।’
কোচ নির্বাচনে নিজেদের ভূমিকার বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন তিনি, ‘আমাদের কাজ ছিল কোচ নির্বাচনের ব্যাপারে বোর্ডকে সাহায্য করা। এর বেশি কিছু আমরা করিনি।’ সূত্র : ডিএনএ