টি-টোয়েন্টি। সংক্ষিপ্ততম ক্রিকেট। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসটাও সংক্ষিপ্ত, টেনেটুনে ১১ বছর। সেই ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসের ব্যাপ্তি আরও ছোট। বিশ ওভারের ক্রিকেটে বাংলাদেশ সেরা সময়টা পার করল মাত্রই শেষ হওয়া এশিয়া কাপে। আরব আমিরাত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা তিনটি জয়, ফাইনাল খেলা—মাঠের সাফল্য অনুদিত হয়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। দলীয় র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ১০ নম্বরে ওঠা বাংলাদেশের খেলোয়াড়েরা অনেকটাই এগিয়েছেন ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে।
টুর্নামেন্টের চূড়ান্তপর্বে সবচেয়ে বেশি রান করেছেন বাংলাদেশের সাব্বির রহমান, সবচেয়ে বেশি উইকেট আল আমিনের। টুর্নামেন্ট শেষে টি-টোয়েন্টির ব্যাটিং ও বোলিং র্যাঙ্কিংয়ে দুজনেই উঠে এসেছেন ক্যারিয়ার-সেরা অবস্থানে।
গত জানুয়ারি জিম্বাবুয়ে সিরিজ শেষে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৬৮ নম্বরে ছিলেন সাব্বির। সেই সাব্বিরই এশিয়া কাপে ১৭৬ রান করে উঠে এসেছেন ২০ নম্বরে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এই ডানহাতিই সবার ওপরে। সাব্বিরের পরেই ২৫ নম্বরে আছেন তিন ধাপ পেছানো সাকিব আল হাসান।
তবে বাংলাদেশের বোলারদের মধ্যে এখনো সবার ওপরে সাকিব। ফাইনালে বোলিংটা ভালো না হলেও এক ধাপ এগিয়ে নয় নম্বরে উঠেছেন এই বাঁহাতি স্পিনার। আল আমিন এগিয়েছেন ১৬ ধাপ, উঠেছেন ক্যারিয়ার-সেরা ১৫ নম্বরে। বোলারদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন তাসকিন আহমেদ। জিম্বাবুয়ে সিরিজ শেষে ১৮১ নম্বরে থাকা এই পেসার ১০৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭৬ নম্বরে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ব্যাটিং ও বোলিংয়ে সবার ওপরে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন।