সাব্বির জ্বলে উঠলে গেইলকে কী দরকার!

ম্যাচের শুরুতে খেলোয়াড় তালিকা দেখে অনেকেই বিস্মিত। বরিশালের সমর্থকদের জন্য বিস্ময়ের সঙ্গে মিশে ছিল হতাশাও। ক্রিস গেইলই যে নেই! গেইল কেন আজকের একাদশে নেই, তা নিয়েও দেখা দিল ধোঁয়াশা। কিন্তু সাব্বির রহমান যেন অপেক্ষায় ছিলেন। যেন বলতে চাইলেন, ‘আমি তো আছিই, গেইলের কী দরকার!’
সাব্বিরের ৪৯ বলে ৭৯ রানের দুর্দান্ত এক ইনিংসে রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে চলে গেল বরিশাল বুলস। মঙ্গলবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ানস।
রংপুর রাইডার্স কিন্তু বেশ ভালো পুঁজি পেয়েছিল। গেইলের অনুপস্থিতিতে আজকে দিনের শুরুটা নিজের করে নিয়েছিলেন আরেক ক্যারিবীয় লেন্ডল সিমন্স। তাঁর ৫৭ বলে ৭৩ রানের সৌজন্যে ৯ উইকেটে ১৬০ রান করেছিল রংপুর। কিন্তু ১০ রানে দুই উইকেট হারিয়ে ফেললেও বরিশালের ঘরের ছেলে শাহরিয়ার নাফীসকে নিয়ে ১২৪ রানের জুটি গড়ে জয়টা বরিশালের নাগালে এনে দেন সাব্বির। ৪০ বলে ৪৪ রান করে শাহরিয়ার একপ্রান্তে ভালোই সঙ্গ দিয়েছেন সাব্বিরকে। দুজন আউট হয়ে ফিরলেও ওই জুটির ওপর ভিত্তি করে ৩ বল বাকি থাকতে জিতেছে বরিশাল।
পুরো বিপিএলটা ভুলে যাওয়ার মতোই কেটেছিল সাব্বিরের। গ্রুপ পর্বে ১০ ম্যাচে মাত্র ৬০ রান! গত ম্যাচের আগে কোনো ইনিংসই ২০-এর ঘরই পেরোতে পারেনি। সাব্বির জ্বলে উঠলেন একেবারে ঠিক সময়ে। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে অ্যালিমিনেটরে গেইলের সঙ্গে পাল্লা দিয়ে ৪১ রান তুলেছিলেন। তাঁর ইনিংসটাই বরিশালকে আজ রংপুরের মুখোমুখি করেছে। আজও তো খেললেন আরও দুর্দান্ত।
পুরো ইনিংসে ৭টি চার ও তিন ছক্কা মেরে এবারের বিপিএলে এখন পর্যন্ত বাংলাদেশিদের পক্ষে সর্বোচ্চ ইনিংসটা তাঁর নামের পাশেই লেখা হলো। ৪৬ রানই নিয়েছেন বাউন্ডারি থেকে। চতুর্থ উইকেট হিসেবে যখন থিসারা পেরেরার শিকার হলেন, জেতার জন্য ১৪ বলে মাত্র ২০ রান দরকার ছিল বরিশালের। খানিক পরে মাহমুদউল্লাহও মাত্র ৫ রান করে ফিরলে বরিশাল চাপে পড়েছিল কিছুটা। তবে এমরিট ও কেভন কুপার নিরাপদে পার করে দিয়েছেন দলকে। টুর্নামেন্টের সেরা দুটো দলই অবশেষে উঠল ফাইনালে।
সেরা দলের দাবিদার হয়েও সাকিব আল হাসানের রংপুরকে ফিরতে হলো একেবারে ফাইনালের দুয়ার থেকে। তাতে সাকিবের ঠিক সময়ে জ্বলে না ওঠার দায়ও আছে। নকআউট পর্বের দুটো ম্যাচেই ব্যর্থ হয়েছেন সাকিব। আজ ১০ বলে ১৩ রান করার পর ৪ ওভারে দিয়েছেন ২৯ রান। অবশ্য তৃতীয় ওভারেই সেকুগে প্রসন্নকে ফিরিয়ে বল হাতে জ্বলে ওঠার আভাস দিয়েছিলেন। কিন্তু সাব্বির যে দিনটা নিজের করে নেবেন বলে ঠিক করে রেখেছিলেন।
এতটাই মুগ্ধকর ইনিংস খেললেন, ফাইনালেও গেইলকে না-পাওয়া নিয়ে হয়তো আফসোস করবে না আর বরিশাল!
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৬০/৯ (সিমন্স ৭৩, স্যামি ২৩, আবদুল্লাহ ২০; কুপার ৪/৩৯, প্রসন্ন ১/২০, আল আমিন ১/৩০)
বরিশাল বুলস: ১৯.৩ ওভারে ১৬৩/৫ ( সাব্বির ৭৯, নাফীস ৪৪, কুপার ১০*; আরাফাত সানি ১/১৮, পেরেরা ১/২৫, সাকিব ১/২৯)
ফল: বরিশাল ৫ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সাব্বির রহমান
ফাইনাল: কুমিল্লা বনাম বরিশাল (১৫ ডিসেম্বর)