সাব্বির যেখানে 'প্রথম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে অখেলোয়াড়সুলভ আচরণের কারণে অনেক ক্রিকেটারই জরিমানা গুনেছেন, তবে একটা জায়গায় সাব্বির রহমান আলাদা হয়ে থাকছেন। গত পরশু আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আম্পায়ারের সঙ্গে অগ্রহণযোগ্য আচরণ করায় ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা হয়েছে তাঁর, সঙ্গে নামের পাশে বসছে দুটি ‘ডিমেরিট পয়েন্ট।’
তা এই ‘ডিমেরিট পয়েন্ট’টা কী? এটি আইসিসির আচরণবিধিতে নতুন সংযোজন। এই নিয়মানুযায়ী, কোনো খেলোয়াড় মাঠে অখেলোয়াড়োচিত আচরণ করলে তাঁর নামে লেখা হবে এই পয়েন্ট। যেটি পরবর্তী সময়ে বিবেচনায় নেওয়া হবে। সাব্বিরের ক্ষেত্রেই যেমন আগামী ২৪ মাসে তাঁর ‘ডিমেরিট পয়েন্ট’ যদি ২ থেকে বেড়ে ৪ বা তার বেশি হয়, তাহলে নিষিদ্ধ হতে পারেন তিনি। ৪টি ‘ডিমেরিট পয়েন্ট’ হওয়া মানেই দুটি ‘সাসপেনশন পয়েন্ট’, যার অর্থ এক বা একাধিক ম্যাচে নিষিদ্ধ হওয়া। এক বা একাধিক ম্যাচ মানে এক টেস্ট, দুই ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি। এর মধ্যে যেটি আগে হবে, সেটিতেই কার্যকর হবে নিষেধাজ্ঞা। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আচরণবিধিতে এই ‘ডিমেরিট পয়েন্ট’-সংক্রান্ত নিয়মটি ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর করেছে। সাব্বিরই প্রথম এর ‘শিকার’ হলেন!
সাব্বিরের ‘অপরাধ’ সম্পর্কে আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আফগানিস্তানের ইনিংসের সময় পানিবিরতিতে একটি এলবিডব্লুর সিদ্ধান্ত নিয়ে তিনি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সঙ্গে তর্ক করেছেন। করেছেন বাজে মন্তব্যও। পরে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে সাব্বির নিজের দোষ স্বীকার করায় সাবেক ক্যারিবীয় অধিনায়কের কাজটা খুব সহজ হয়ে গেছে।