সাব্বির যেন পাখি
হাওয়ায় ভাসলেন অদৃশ্য ডানায় ভর করে। দারুণ ক্ষিপ্রতায় লুফে নিলেন সাদা বলটা। যেন উড়ুক্কু বাজপাখির থাবায় বন্দী সাদা পায়রা। আজ অসাধারণ এক ক্যাচ নিয়ে দর্শকদের আনন্দে ভাসিয়েছেন সাব্বির রহমান। শুধু দর্শক? সতীর্থরাও ছুটে এসেছেন এই দুর্দান্ত ক্যাচে সাব্বিরকে অভিবাদন জানানে। মুশফিক তো কোলেই তুলে নিলেন। সাব্বির নিজেও উপভোগ করেছেন দারুণ। রীতিমতো টুপি খুলেই যে অভিবাদনের জবাব দিলেন!
বাংলাদেশ দলে সবচেয়ে ভালো ফিল্ডারদের একজন তো বটেই, সেরার সেরা বেছে নিতে হলে নাসিরের সঙ্গে এখানেও জোর লড়াই হবে তাঁর। কেবল ফিল্ডিং দিয়েই দলে ঢুকতে পারেন—এমন যোগ্যতা আছে সাব্বিরের। চিতার মতো গতি, হাতে যেন চুম্বক। ডাইভ দিয়ে বাউন্ডারি থামানোও যে উপভোগ করা যায়, সাব্বিরের ফিল্ডিংটা সেটাই মনে করিয়ে দেয় বারবার।
আজ যা করলেন, তাতে নতুন করে কোনো উপমা খুঁজতে হচ্ছে। এমনিতেই চোখের রংটা একটু ভিন্ন, বাদামি। তায় ক্ষিপ্রগতিতে ভেসে গিয়ে শিকারকে তুলে নেওয়ায় যে দক্ষতা দেখালেন, বাজপাখির সঙ্গেই তুলনা করা যায় সাব্বিরকে। মুস্তাফিজের করা ইনিংসের ৪১তম ওভারের দ্বিতীয় বলে। তখনো ম্যাচ থেকে একেবারে ছিটকে যায়নি জিম্বাবুয়ে।
নয় রানে ব্যাট করছিলেন সিকান্দার রাজা। মিডল স্টাম্প সোজা মুস্তাফিজের বলটাকে লেগ সাইডে ফ্লিক করতে চেয়েছিলেন। কিন্তু টাইমিংয়ে একটু গরমিল হয়ে গেল। বলটা তাঁর ব্যাটের ওপরের কোনায় লেগে অফ সাইডে উঠে গেল। মিড অনে দাঁড়ানো সাব্বির দৌড় শুরু করলেন। চোখ বলে স্থির। অনেক দূর দৌড়ে আসার পরও বলটা নাগালের বাইরেই থেকে যাচ্ছিল। শেষ মুহূর্তে তাই ঝাঁপিয়ে পড়লেন।
একেবারে শেষ মুহূর্ত পর্যন্তও চোখ ছিল স্থির। বলটা ধরে নিজের কনুইয়ে ভর দিয়ে মাটিতে পড়লেন। উঠেই ক্যাপটা খুলে ফেললেন সাব্বির...সম্ভবত নিজেই বুঝতে পারছিলেন কী দুর্দান্ত ক্যাচ ধরেছেন। এমনিতেই ফ্লাড লাইটের আলোয় চোখ ঝলসে যায় বলে আকাশে ওঠা ক্যাচগুলো লুফে নেওয়া কঠিন। কিন্তু সেই কঠিন ক্যাচটা দেখে কারও কারও মনে হতে পারে, ‘এ আর এমন কী, যার জন্য এত কাব্য!’
সাব্বির ধরেছেন বলেই অতি কঠিন ক্যাচটাও মনে হচ্ছে এত সহজ!