সাব্বিরে মান বাঁচাল 'এ' দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাই লড়লেন সাব্বির। ছবি: প্রথম আলো
একাই লড়লেন সাব্বির। ছবি: প্রথম আলো

দিনটি হতে পারত শুধুই সাব্বির রহমানের। ভারত ‘এ’ দলের বিপক্ষে দারুণ শতক হাঁকিয়েছেন এই ব্যাটসম্যান। বেঙ্গালুরুতে আজ ব্যাট করতে নেমে মাত্র ১৩১ বলে ১২২ রানের অসাধারণ তাঁর সেই ইনিংস মানই বাঁচিয়েছে বাংলাদেশ ‘এ’। কিন্তু তাঁর সেই সেঞ্চুরিও ‘এ’ দলের সংগ্রহটাকে স্ফীত করতে পারেনি। সাব্বির ব্যাট হাতে কিছু করার আগেই তো বাংলাদেশের প্রথম ইনিংস প্রায় শেষ হয়ে এসেছিল!
আরেকটি তিন দিনের ম্যাচ, আবারও বাংলাদেশ ‘এ’ দলের টপ অর্ডারের অসহায় আত্মসমর্পণ। প্রথম চার ব্যাটসম্যান মিলে করেছেন দুই রান। এই দুই রান আসে অধিনায়ক মুমিনুল হকের ব্যাট থেকেই। বাকি তিন ব্যাটসম্যান এনামুল হক, সৌম্য সরকার এবং লিটন দাস ফিরেছেন শূন্য রানেই। মাত্র ছয় রানেই ফিরে গিয়েছিলেন বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যান।
দলকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলেন নাসির হোসেন আর সাব্বির রহমান। এই দুজন ৪৪ রানের জুটি গড়ে কিছুক্ষণ পাল্টা লড়াই চালান। নাসির অবশ্য ফেরেন ৩২ রানেই। মাত্র ২৮ বলে একটু তাড়াহুড়ো করেই নাসির তাঁর ইনিংসটি শেষ করেন।
নাসিরের বিদায়ের পর সাব্বিরের সঙ্গে জুটি গড়েন শুভাগত হোম। এই জুটি ১৩২ রান গড়ে দলের মান বাঁচান। শুভাগত আউট হন ৬২ রানে। সাব্বির খেলেন ১২২ রানের দুর্দান্ত ইনিংস। ২৩ চার ও এক ছক্কায় সাজানো তাঁর ইনিংসটি অসাধারণ হলেও অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতার ব্যাপারটিই যেন বাংলাদেশের ইনিংসে মূল ব্যাপার হয়ে থাকছে। দ্বিতীয় জাতীয় দলের ইনিংস শেষ হয়েছে ২২৮ রানেই।
ভারতীয় ‘এ’ দলের পক্ষে চারটি করে উইকেট নিয়েছেন বরুণ অ্যারন ও জয়ন্ত যাদব।
বাংলাদেশের ২২৮ রানের জবাব দিতে গিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয় ‘এ’ দলের সংগ্রহ ছিল ১ উইকেটে ১৬১। শিখর ধাওয়ানের ব্যাট থেকে এসেছে ১১২ বলে ১১৬ রান। শুভাগত হোমের বলে ৩৪ রান করে ফিরেছেন অভিনব মুকুন্দ।