সাব্বিরের অন্য রকম জন্মদিন

টিম হোটেলের পাশেই একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন কজন সতীর্থের সঙ্গে দুপুরের খাবার খেতে। সেখানেই সাব্বির রহমানের জন্য অপেক্ষা করছিল একটি চমক। আনা হলো কেক, কাটা হলো হইচই করে। সিনিয়রদের মধ্যে ছিলেন মাহমুদউল্লাহ। কেক কেটে প্রথমেই মাহমুদউল্লাহর মুখে তুলে দিলেন সাব্বির। এর মধ্যেই এনামুল হক এসে কেক মাখিয়ে দিলেন সাব্বিরের নাকে-মুখে। আনন্দময় কিছু মুহূর্ত!
অবশ্য পরশু থেকেই সময় এমন ভালো লাগায় টইটম্বুর সাব্বিরের। স্বপ্নের ওয়ানডে অভিষেকে দারুণ গুরুত্বপূর্ণ এক ইনিংস খেললেন। সাকিবের দুর্দান্ত সেঞ্চুরি ছিল, ছিল মুশফিকের সঙ্গে দারুণ এক জুটি। তবে বাংলাদেশের রানটা শেষ পর্যন্ত জিম্বাবুয়ের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেল তো সাব্বিরের ইনিংসটিই। তিনটি করে চার-ছক্কায় ২৫ বলে অপরাজিত ৪৪, সাব্বির-ঝড়ে শেষ ৫ ওভারে বাংলাদেশ তুলেছিল ৫২।
কোচ-অধিনায়কের পিঠ চাপড়ানি পেয়েছেন, অভিষেকেই এমন ইনিংসে ভিজছেন প্রশংসাবৃষ্টিতে। এই আনন্দে বাড়তি রং ছড়িয়েছে জন্মদিন। কালই ২৪ পূর্ণ করলেন সাব্বির। খুব বেশি লোক অবশ্য এটি জানেই না। বাংলাদেশের প্রায় সবার মতো সাব্বিরেরও কাগজে-কলমের জন্মদিন আর সত্যিকার জন্মদিন আলাদা। কাল ছিল তাঁর ‘আসল’ জন্মদিন। বলার অপেক্ষা রাখে না, জীবনের অন্যতম স্মরণীয় জন্মদিনও!
চট্টগ্রাম শহরেই তাঁর দাদাবাড়ি। সকালে গিয়ে সালাম করে এসেছেন দাদিকে। দুপুরে কেক কাটা আর সতীর্থদের সঙ্গে খুনসুটির ফাঁকে জানালেন কেমন ভালো লাগার প্রহরে বসবাস এখন, ‘কালকে (পরশু) অভিষেক হলো, ভালো করলাম, দল জিতল। এরপর আজ জন্মদিন, ভালো লাগছে সব মিলিয়ে। খেলাটা আজকে হলে হয়তো আরও বেশি ভালো হতো। তার পরও এই প্রথম আমার জন্মদিন উদ্যাপন হলো জাতীয় দলে, দলের ক্রিকেটারদের সঙ্গে। এটা একটা বড় অভিজ্ঞতা।’
এ মুহূর্তগুলোর জন্য সেই কবে থেকে অপেক্ষার প্রহর গুনছিলেন! বয়সে এখনো যথেষ্টই তরুণ, তবে ঘরোয়া ক্রিকেট খেলছেন বছর ছয়েক। সম্ভাবনাময়দের তালিকায় নামও অনেক বছর ধরেই। প্রতিভার প্রতিফলন মাঠে মাঝেমধ্যে পড়লেও সেভাবে ধারাবাহিক কখনোই হতে না পারায় পরবর্তী ধাপটায় উঠতে পারছিলেন না। তবে গত মৌসুমে ভালো করেছেন, টি-টোয়েন্টি বিশেষজ্ঞ বলে একটা পরিচিতি পেয়ে যাওয়ায় এ বছর শ্রীলঙ্কা সিরিজ ও বিশ্বকাপ মিলিয়ে ৫টি টি-টোয়েন্টিও খেলেছেন। অবশেষে ওয়ানডে অভিষেকও হলো। এটা অবশ্য কঠিন এক জেদের ফসল, ‘মনে মনে ঠিক করেছিলাম এই মৌসুমই যা করার করতে হবে। এবার না পারলে জাতীয় দলে ঢোকার আশা ছেড়ে দিতাম।’
২০১০ এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে তিন ছক্কায় সোনা এনে দিয়েছিলেন দেশকে। ঘরোয়া ক্রিকেটে, একাডেমি, ‘এ’ দলে খেলেছেন অনেক চাপের ম্যাচ। তার পরও আন্তর্জাতিক ম্যাচ বলে কথা! ব্যাটিংয়ে নামার আগে তাই বেশ স্নায়ুচাপে ভুগছিলেন সাব্বির। যদিও তা উবে যায় পরে, ‘উইকেটে যাওয়ার পর চাপ নাই হয়ে যায়। আসলে এত দর্শক ছিল যে বুকটা আপনাআপনি বড় হয়ে গিয়েছিল। দর্শকের সামনে খেলতে আমার সব সময়ই ভালো লাগে। পরে আবার যখন আমার টাইমিং হচ্ছিল না ব্যাটিংয়ে, ডট বল হচ্ছিল, তখন একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল আমি কিছু করতে পারছি না, অপরাধবোধ হচ্ছিল। মুশফিক ভাই তখন অনেক সাহস দিয়েছেন, বলেছেন টিকে থাকতে। আমারও বিশ্বাস ছিল যে টিকে গেলে শেষে পুষিয়ে দিতে পারব।’
সেটা পেরেছেন বলেই আজ তাঁর জন্মদিনটা হয়ে উঠেছে বড় উপলক্ষ। তবে এটাও জানেন, পারফর্ম করতে না পারলে এসব মনে রাখবে না কেউ। তিনি যাঁর জায়গায় এসেছেন, সেই নাসির হোসেনই তো আদর্শ উদাহরণ। জায়গা ধরে রাখার ব্যাপার আছে, সামনেই আছে বিশ্বকাপ। সাব্বির জানেন, ধরে রাখতে হবে অভিষেকের পারফরম্যান্স, ‘নাসিরের এখন খারাপ সময় বলে আমি ওর জায়গা নিয়েছি। আমারও খারাপ সময় আসতে পারে। এ জন্যই চেষ্টা করব নিয়মিত পারফর্ম করতে। বিশ্বকাপ আছে সামনে, তবে ওটা মাথায় রাখছি না। গেম বাই গেম খেলতে চাই, ভালো করতে চাই।’
ব্যাটিংয়ের সঙ্গে কাজ চালানোর স্পিন তো আছেই। আরেকটা বড় সম্পদ তাঁর ফিল্ডিং। ফিটনেস দুর্দান্ত, কিছুদিন ধরেই বলা যায় দেশের সেরা ফিল্ডার। এমন একজনকে বড্ড বেশি দরকার ছিল বাংলাদেশ দলের।
পাওয়া গেল একজন সাব্বিরকে। এবার ধরে থাকা আর ধরে রাখার পালা!