সাব্বিরের খোঁজ নিলেন স্টোকস

সিরিজের দ্বিতীয় ওয়ানডে শেষে ড্রেসিংরুমের সামনে তামিম ইকবালকে ধাক্কা দিয়েছিলেন বেন স্টোকস। সেই থেকে ইংল্যান্ডের এই পেসারের সঙ্গে সম্পর্কটা শীতলই যাচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। এর মধ্যে প্রস্তুতি ম্যাচের খেলা শেষে মজিদের বাড়িয়ে দেওয়া হাত অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করে সামাজিক মাধ্যমে তুলে দিয়েছিলেন ঝড়। তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে স্টোকস যে সৌজন্য দেখালেন, তাতে সম্পর্কে কিছুটা উষ্ণতা আসতেও পারে।
অভিষেক টেস্ট খেলতে নামা সাব্বির রহমানকে আজ দুর্ধর্ষ এক বাউন্সারে কাঁপিয়ে দিয়েছিলেন এই পেসার। ব্যক্তিগত ১৬ রানে ওই বাউন্সার খেয়ে কিছু সময়ের জন্য হতবিহ্বল হয়ে গিয়েছিলেন সাব্বির। এখন তো বল কারও হেলমেটে লাগলেই সবার বুক কেঁপে ওঠে। সাব্বির তখনই উদ্বিগ্ন সবাইকে ইঙ্গিতে বুঝিয়ে দেন, সব ঠিক আছে।
সে অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে সাব্বির বললেন, ‘গত দুদিন ধরে এমনিতেও আমি অসুস্থ ছিলাম। অ্যান্টিবায়োটিক নিতে হয়েছে। মাঠে একটু দুর্বলও লাগছিল। হঠাৎ বাউন্সার, সে কারণেই ধাক্কা খেয়েছিলাম। তবে পরে আর সমস্যা হয়নি। বল হেলমেটে লাগায় আঘাতও পাইনি।’
ব্যাটসম্যানকে বাউন্সারে ভূপাতিত করার নেশা পেসারদের মধ্যে থাকেই। কিন্তু দিনশেষে ওই বলটার জন্য উল্টো কিছুটা যেন অনুতাপ প্রকাশ পেল স্টোকসের মধ্যে। সংবাদ সম্মেলনকক্ষে যাওয়ার পথে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামের সঙ্গে দেখা তাঁর। নিজেই আগ বাড়িয়ে মিডিয়া ম্যানেজারের কাছে খোঁজ নিয়েছেন সাব্বিরের সর্বশেষ অবস্থা সম্পর্কে। তাঁকে হাসপাতালে নিতে হয়েছে কি না, আউট হওয়ার পর ড্রেসিংরুমে আর কোনো সমস্যা হয়েছে কি না—বেশ কিছুক্ষণ খোঁজ নিলেন। সঙ্গে অনুরোধ করলেন, ‘ওকে বলো, আমি তার খোঁজ নিয়েছি।’
রাবীদ ইমামের কাছ থেকে স্টোকসের বার্তা পেয়েছেন সাব্বির। স্টোকসকে সে জন্য ধন্যবাদও জানিয়েছেন। তবে বাউন্সারটাকে খুব বড় কিছু মনে করছেন না তিনি, ‘টেস্টে এ রকম বল আসতেই পারে। প্রথম টেস্ট খেলতে নামলেও এ রকম কিছু যে হতে পারে, সেটা জানতাম। টেস্ট ক্রিকেটে একজন ব্যাটসম্যানকে সবকিছুর জন্যই প্রস্তুত থাকতে হয়।’
বাউন্সারের পর আর তিন রান করে স্টোকসের পরের ওভারেই অ্যালিস্টার কুকের হাতে স্লিপে ক্যাচ দিয়েছেন সাব্বির। তবে ব্যাটে-বলের লড়াইটার জবাব দেওয়ার জন্য আরও সময় তো পড়ে রইল। আপাতত মাঠের বাইরে দুজনের এই সৌজন্যবোধও কিন্তু ক্রিকেটেরই আরেকটি বড় পরিচয়।