সাব্বিরের ব্যাটিংয়ে কোহলিকে মনে পড়েছে লায়নের

যখন ব্যাটিংয়ে নেমেছেন সাব্বির রহমান, ১১৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। দল পরে ঘুরে দাঁড়িয়েছে সাব্বির-মুশফিকুর রহিমের ষষ্ঠ উইকেট জুটির সৌজন্যে। দলের ব্যাটিং বিপর্যয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে সাব্বির যে ব্যাটিং করেছেন, সেটি দেখে বিরাট কোহলিকে মনে পড়েছে নাথান লায়নের।
লায়ন যখন একের পর এক বাংলাদেশের ব্যাটসম্যানদের এলবিডব্লুর ফাঁদে ফেলছিলেন, একটা সময় সেটি ব্যর্থ হয়েছে সাব্বিরের সাবলীল ব্যাটিংয়ে। মুশফিকের সঙ্গে ষষ্ঠ উইকেটে গড়েছেন ১০৫ রানের জুটি। লায়নের বলে ভারসাম্য হারিয়ে স্টাম্পড হওয়ার আগে সাব্বির করেছেন ক্যারিয়ার-সর্বোচ্চ ৬৬ রান।
৬ চার ও ১ ছক্কায় ১১৩ বলে ৬৬—খুব লম্বা ইনিংস খেলেছেন, তা নয়। তবে সাব্বিরের ইতিবাচক ব্যাটিং দেখে লায়নের চোখে ভেসে উঠেছে কোহলির ছবি, ‘সে আমাকে বিরাট কোহলিকে মনে করিয়ে দিয়েছে। বুঝলাম রক্ষণাত্মক ক্রিকেট সে (সাব্বির) খেলে না। সাহসী ক্রিকেট খেলে। সে আজ অসাধারণ খেলেছে, ভালো কিছু শট খেলেছে। ক্রিকেটে ভাগ্যের ছোঁয়া লাগে। যে বলে সে স্টাম্পড হয়েছে, সেটা আমার সেরা বল নয়।’
উপমহাদেশের স্পিন-সহায়ক উইকেটে বেশ কিছুদিন ধরেই অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের নেতা লায়ন। ২৯ বছর বয়সী অফস্পিনার আজও দুর্দান্ত। টানা তিন টেস্টে ৫ উইকেট পেয়েছেন লায়ন। সংবাদ সম্মেলনে লায়নের প্রশংসার জবাবে তাই স্তুতি করলেন সাব্বিরও, ‘সে ৫ উইকেট পেয়েছে, অভিনন্দন। আর বিরাট কোহলির মতো ব্যাটসম্যান আমি এখনো হতে পারেনি। চেষ্টা করলে সবই সম্ভব। কোহলি কোহলির মতো। আমি আমার মতো। কোহলির সঙ্গে তুলনা বড় ব্যাপার নয়, নিজের খেলা যদি খেলতে পারি, দলে অবদান রাখতে পারি, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ।’