সাব্বিরের লক্ষ্য চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল

সাসেক্সে নয় দিনের অনুশীলন ক্যাম্পের পর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ দল এখন ব্যস্ত চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে। দলের অন্যদের মতো পরিবার-স্বজন, বন্ধু-বান্ধবের সঙ্গে অনেক দিন আড্ডা হয় না সাব্বির রহমানের। ফেসবুকের সৌজন্যে লন্ডনে হোটেলে বসেই কাল জম্পেশ এক আড্ডা দিলেন বাংলাদেশ দলের এই টপ অর্ডার ব্যাটসম্যান। ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ‘লাইভে’ আসেন সাব্বির। আড্ডার ফাঁকেই জানালেন চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁর স্বপ্নের কথা।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে। গ্রুপ যত কঠিন হোক, প্রতিপক্ষ যত শক্তিশালী হোক, সাব্বির ভয় পাচ্ছেন না কিছুই। ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের চোখে যে বড় স্বপ্ন, ‘আশা করি, আমাদের ম্যাচগুলো আপনারা দেখবেন। আমরা যেন এখানে সেমিফাইনাল, ফাইনাল...চ্যাম্পিয়ন হয়ে আসতে পারি। স্বপ্ন দেখি। স্বপ্ন সবাই দেখে। এটা যেন আমাদের জন্য একটা সফল সফর হয়।’
সাব্বিরকে আশাবাদী করছে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের সাফল্য। সিরিজটা জিততে না পারলেও আইরিশ কন্ডিশনে বাংলাদেশ হারিয়েছে নিউজিল্যান্ড ও স্বাগতিক আয়ারল্যান্ডকে। সাফল্যটা সাব্বির চ্যাম্পিয়নস ট্রফিতে টেনে আনতে চান, ‘সর্বশেষ যে সিরিজটা খেলেছি, খুব ভালো গেছে। সেটা শেষ করে এখন আমরা ইংল্যান্ডে এসেছি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে। আমরা যেন চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করতে পারি, সবাই দোয়া করবেন।’
‘লাইভে’ এক শুভানুধ্যায়ী জানতে চেয়েছেন সাব্বির কবে ফিরবেন দেশে? ৬ টেস্ট, ৩৯ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলা এই টপ অর্ডার ব্যাটসম্যানের উত্তর, ‘ঠিক নেই। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ১৮ জুন। ১৯ তারিখে ফ্লাইট। ফাইনাল খেলেই আসব ইনশা আল্লাহ।’
সাব্বিরের চাওয়া পূরণ হলে বাংলাদেশের জন্য সেটি বিরাট আনন্দের উপলক্ষ হবে।