সাব্বিরের সঙ্গে 'প্রতিদ্বন্দ্বিতা' নেই নাসিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসির-সাব্বির জানালেন, তাঁদের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। ছবি: শামসুল হক
নাসির-সাব্বির জানালেন, তাঁদের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। ছবি: শামসুল হক

নাসির হোসেনের সঙ্গে সাব্বির রহমানের এক অদৃশ্য ‘লড়াই’ জমে উঠেছিল ঢাকা প্রিমিয়ার লিগে। শেষমেশ সে লড়াইয়ে দুজনই বিজয়ী! বিশ্বকাপ দলে ঠাঁই পেয়েছেন দুজনই। বিশ্বকাপ দলে সুযোগ হলেও এবার আরেক লড়াই—মূল একাদশে জায়গা পাওয়া। একই সঙ্গে দুজন খেলতে পারবেন কি না, তা নিয়ে আছে সংশয়।
নাসির-সাব্বির অবশ্য তা মনে করেন না। নাসির বললেন, ‘ওভাবে চিন্তা করলে পুরো দলের সবার সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা।’ এরপর বেশ রসিকতার ছলেই বললেন, ‘আমি তো মনে করি দুজনই খেলব!’ তবে মাঠের বাইরে নাসির-সাব্বির খুব ভালো বন্ধু। নাসির জানালেন, ‘বয়সভিত্তিক দল হয়ে জাতীয় দল—প্রায় ১০ বছর ধরে একই সঙ্গে খেলছি।’ এ প্রসঙ্গে সাব্বিরের অভিমত, ‘দুজন একই ধরনের খেলোয়াড়। মনে করি না, আমাদের মধ্যে েকানো প্রতিদ্বন্দ্বিতা আছে। আমরা দলকে জেতাতে চাই। দল জিতলেই খুশি। দুজন একসঙ্গে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছি, তাতে খুব ভালো লাগছে।’
বাজে ফর্মের কারণে জিম্বাবুয়ে সিরিজে দলে জায়গা হারিয়েছিলেন নাসির। ঢাকা প্রিমিয়ার লিগের দারুণ পারফরম্যান্সে ফিরেছেন বিশ্বকাপের দলে। নাসির কি আগের মতো আছেন? বললেন, ‘আমি আগেও যেমন ছিলাম, এখনো সে রকমই আছি। প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করেছি। তবে প্রিমিয়ার লিগের ম্যাচ আর আন্তর্জাতিক ম্যাচ এক নয়।’ দল থেকে ছিটকে পড়ে ভীষণ একাকিত্বে ভুগেছেন। দুঃসময়ের কথা মনে করে নাসির বললেন, ‘দল থেকে ছিটকে পড়ার পর ভীষণ খারাপ লাগত। একা একা লাগত। কোচিং স্টাফ, বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটিয়ে চেষ্টা করেছি একাকিত্ব দূর করতে।’
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই দলের অপরিহার্য অংশ হয়ে গিয়েছিলেন নাসির। পেয়েছিলেন ‘ফিনিশার’ তকমা। বিশ্বকাপে পুরোনো তকমাটা ফিরিয়ে আনতে পারবেন? নাসির বললেন, ‘এ নামে আমি তো আপনাদের ডাকতে বলিনি! আপনারাই ডাকেন। আমি চেষ্টা করি, শেষ পর্যন্ত খেলার। কখনো তাতে সফল হয়েছি, কখনো বা ব্যর্থ।’
বিশ্বকাপে নাসিরের ব্যক্তিগত লক্ষ্য কী? বললেন, ‘জয়-পরাজয় যা-ই হোক, ধারাবাহিক পারফর্ম করতে চাই।’ ব্যক্তিগত লক্ষ্য প্রসঙ্গে সাব্বির বললেন, ‘ওভাবে লক্ষ্য নেই। নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই।’ কেবল ব্যাটসম্যান হিসেবে নয়, বল হাতেও অবদান রাখতে চান সাব্বির, ‘বোলিংয়ে চেষ্টা করব ৪-৫ ওভার ভালো বল করতে।’
দলের অন্যতম সেরা ফিল্ডার সাব্বির। এ বিভাগেও দারুণ কিছু করতে চান। বললেন, ‘ফিল্ডিংয়ের ব্যাপারটি নিয়েও ভাবছি। ভালো ফিল্ডিং করে দলে অবদান রাখতে চাই।’ অস্ট্রেলিয়ার মাঠ তুলনামূলক বড়। সে ক্ষেত্রে বাংলাদেশ দলের পরিকল্পনা প্রসঙ্গে সাব্বির বললেন, ‘কোচ জানিয়েছেন, মাঠ বড় থাকলে ফাঁকা জায়গাও বেড়ে যায়। বাউন্ডারি না হলে ২ রান করে নিয়ে সেটি পুষিয়েও নেওয়া যায়।’