সাব্বিরের সেঞ্চুরিতে পাকিস্তানকে ধাক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির আনন্দে উদ্ভাসিত সাব্বির রহমান। কাল ফতুল্লায় তাঁর সেঞ্চুরিতে ভর করেই প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বিসিবি একাদশ l শামসুল হক
সেঞ্চুরির আনন্দে উদ্ভাসিত সাব্বির রহমান। কাল ফতুল্লায় তাঁর সেঞ্চুরিতে ভর করেই প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বিসিবি একাদশ l শামসুল হক

নিতান্তই একটা প্রস্তুতি ম্যাচ। এক দলে খেলেছেন ১৩ জন, অন্য দলে ১৪ জন। এমন একটা ম্যাচের কোনো পরিসংখ্যান লেখা থাকবে না রেকর্ড বইয়ে। তবে রেকর্ড বইয়ের পাতা মনে রাখুক বা না রাখুক, কাল ফতুল্লার বিসিবি একাদশ-পাকিস্তানের ম্যাচটা অবশ্যই মনে রাখবেন সাব্বির রহমান। বাংলাদেশ জাতীয় দলের এই ব্যাটসম্যান যে বলতে গেলে একাই হারিয়ে দিলেন পাকিস্তানকে। তাঁর অসাধারণ এক সেঞ্চুরিতেই ৭ বল বাকি থাকতে ১ উইকেটে জিতেছে বিসিবি একাদশ।
ফতুল্লায় ২৬৯ রানের লক্ষ্য ছিল বিসিবি একাদশের সামনে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের দুই ওপেনারই ব্যর্থ। রনি তালুকদার শূন্য রানেই আউট। তামিম ইকবাল করতে পারলেন মাত্র ৯। দুজনই আউট হলেন দলকে ৯ রানে রেখে। এই চাপ মাথায় নিয়ে নেমেছেন সাব্বির। ফিরেছেন ৩৯তম ওভারে। মাঝে খেলেছেন অসাধারণ এক ইনিংস। ৯৯ বলে ৭ চার ও ৮ ছয়ে ১২৩ রান করে সাব্বির যখন ফিরলেন, হাতে ৪ উইকেট নিয়ে ৭০ বলে ৫৬ রানের সমীকরণ বিসিবি একাদশের সামনে। ৫০ বলে ফিফটি ও ৮৪ বলে সেঞ্চুরি ছোঁয়া সাব্বিরের ইনিংসে খুঁত একটাই—৮ রানে ওয়াহাব রিয়াজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েও বেঁচে গেছেন।
জুনাইদ খানের পরপর দুবলে আউট সাব্বির ও শুভাগত হোম। তিন ওভার পর ২২৮ রানের মাথায় বিদায় ‘বিগ হিটার’ মুক্তার আলীরও। দিগন্তে জয়ের ছবিটা হঠাৎই একটু আবছা। সেটিকে আবারও উজ্জ্বল করে তুলছেন সোহাগ গাজী। তবে ২৮ বলে ৪ চার ও ১ ছয়ে ৩৬ রান করেও দলকে জিতিয়ে ফিরতে পারেননি সোহাগ। নবম ব্যাটসম্যান হিসেবে সোহাগের বিদায়ের পর সমীকরণ ১৯ বলে ১০ রান। ১১ নম্বর ব্যাটসম্যান তাইজুল ওয়াহাব রিয়াজের পরের ওভারটা কোনো রান না নিয়েই কাটিয়ে দিলেন। জুনাইদের পরের ওভারের দ্বিতীয় বলটা তাইজুলের ব্যাটের কানায় লেগে চার। তিন বল পর মোহাম্মদ শহীদের ব্যাট থেকে আরেকটি চারেই স্মরণীয় এক জয়।
শেষের এই নাটকীয়তায় ম্যাচটাকে নিয়ে যাওয়ার কৃতিত্ব পঞ্চম উইকেটে সাব্বির ও ইমরুল কায়েসের ১২৪ রানের জুটির, যাতে ইমরুলের অবদান মাত্র ৩৬।
এর আগে টস জিতে ব্যাটিং নেওয়া পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৮৫ রান ওপেনার মোহাম্মদ হাফিজের। ফাওয়াদ আলম করেছেন ৫৮ বলে ৬৭। অফ স্পিনার শুভাগত ৩৯ রানে নিয়েছেন ৩ উইকেট। জাতীয় দলের বাইরে থাকা অফ স্পিনার সোহাগ গাজী ৪২তম ওভারে বোলিংয়ে এসে ৩ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
নাসির হোসেনের এখন একটু আফসোস হতেই পারে। এই ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁরই। অথচ কাল ফতুল্লার বদলে মিরপুরে জাতীয় দলের অনুশীলনেই ব্যস্ত দেখা গেল তাঁকে। নাসিরের বদলে প্রস্তুতি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুমিনুল হক এবং নিশ্চয়ই ভাগ্যবান ভেবেছেন নিজেকে। যতই অনানুষ্ঠানিক ম্যাচ হোক না কেন, এত বছর পর পাকিস্তানকে হারানোর তৃপ্তি একটু অন্য রকম হতে বাধ্য।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৫০ ওভারে ২৬৮/৯ (হাফিজ ৮৫, আজহার ২৭, হারিস ২৩, সরফরাজ ১৮, ফাওয়াদ ৬৭*, রাহাত ৬, নাসিম ১, রিয়াজ ৭, জুনাইদ ৫, ইয়াসির ৯, আজমল ১৬*; আল আমিন ০/৪২, শহীদ ১/৩৪, মুক্তার ১/৪০, জুবায়ের ১/৫৬, শুভাগত ৩/৩৯, তাইজুল ১/৪০, সোহাগ ১/১৬)। বিসিবি একাদশ: ৪৮.৫ ওভারে ২৭০/৯ (তামিম ৯, রনি ০, লিটন ২২, সাব্বির ১২৩, মুমিনুল ১২, ইমরুল ৩৬, শুভাগত ৫, মুক্তার ১, সোহাগ ৩৬, শহীদ ১২*, তাইজুল ৬*; জুনাইদ ৪/৩৮, রাহাত ২/৫৪, ইয়াসির ১/৩৬, আজমল ১/৪৫, রিয়াজ ১/৪০, আজহার ০/১৩, হারিস ০/২৩, নাসিম ০/২১)।
ফল: বিসিবি একাদশ ১ উইকেটে জয়ী।