সামনে আরও বড় চ্যালেঞ্জ দেখছেন সাব্বির

ছুটি কাটাতে সাব্বির রহমান এ মুহূর্তে নিজ শহর রাজশাহীতে। ছুটি যে ভালোই কাটছে, কথায় পরিষ্কার। ফোনের ওপারে বেশ ফুরফুরে সাব্বিরকেই পাওয়া গেল।
বছরটা শুরু হয়েছিল দারুণই। স্বপ্নের মতো বিশ্বকাপ কাটিয়ে ঘরের মাঠে চারটি সিরিজেই সাব্বির ছিলেন বেশ ধারাবাহিক। এ বছর বাংলাদেশের হয়ে খেলেছেন প্রতিটি ওয়ানডেই। ১৪ ইনিংসে দুই ফিফটিতে রান ৩৯৯। পরিসংখ্যানটা অবশ্য আহামরি মনে নাও হতে পারে। তবে তাঁর ব্যাটিং অর্ডারও মনে রাখতে হবে। যে সময় ব্যাট করতে নামেন, বল-সময় পর্যাপ্ত থাকে না কোনোটি। ভাবনা-চিন্তার অবকাশও সামান্য। কিন্তু তাতেও নিজেকে চেনাতে সমস্যা হয়নি সাব্বিরের। পরিস্থিতির দাবি মেনে খেলতে পারেন কার্যকরী ইনিংস।
এমনিতে পাওয়ার হিটে বেশ পারঙ্গম। টাইমিং ঠিকঠাক হলে বল পাঠিয়ে দেন সোজা গ্যালারিতে! এরই মধ্যে গায়ে সেঁটে গেছে ‘টি-টোয়েন্টি বিশেষজ্ঞ’ তকমা। ৫ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯১ রান করেছেন। এ বছর বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানে আছে সাকিব আল হাসানের সঙ্গে। বাংলাদেশ দলে ধারাবাহিকতা থাকলেও বিপিএলে হঠাৎই যেন খেই হারিয়ে ফেলেছিলেন। স্বরূপে ফিরলেন টুর্নামেন্টের শেষ দিকে। রংপুর রাইডার্সের বিপক্ষে ৪৯ বলে ৭৯ রানের ইনিংসে ভুলিয়ে দিলেন ‘ক্রিস গেইল’কেও।
নিজের দল বরিশাল বুলস চ্যাম্পিয়ন না হলেও শেষ দিকে নিজেকে ফিরে পাওয়ার স্বস্তি নিয়েই ছুটিতে গেছেন। বছরের শেষ দিকে পাওয়া এ অবসরে শুনলেন আরেকটি সংবাদ। ভারতের সবচেয়ে প্রচারিত পত্রিকা ‘টাইমস অব ইন্ডিয়া’-এর সেরা পাঁচ টি-টোয়েন্টি ইনিংসের তালিকায় আছে সাব্বিরের নাম। এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল তাঁরই। ৩২ বলে ৫১ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছিলেন সাব্বির। সংবাদটি তাঁকে বেশ আপ্লুত করেছে বোঝা গেল প্রতিক্রিয়ায়, ‘পাকিস্তানের বিপক্ষে ওই টি-টোয়েন্টিতে ম্যান অব দ্য ম্যাচ হব, ভাবিনি। কদিন আগে টাইমস অব ইন্ডিয়ার তালিকায় নাম দেখে ভালো লাগছে। তবে সব কৃতিত্ব দেব দলকেই। আর ওই দিন দলের জয়ই ছিল বড় কথা। দল না জিতলে এমন ইনিংস খেলেও তৃপ্তি নেই।’
২০১৫ সালে ওয়ানডেতে বাংলাদেশ দলের সাফল্যের অন্যতম কারণ ছিল সিনিয়রদের সঙ্গে তরুণ তুর্কিদের জ্বলে ওঠা। সীমিত ওভারের ক্রিকেটে ছয়টিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তরুণে, সাতটিতে সিনিয়র খেলোয়াড়েরা। সিনিয়র-জুনিয়রদের দারুণ সমন্বয়ে দল রচনা করেছে একেকটি গৌরবগাথা। সাব্বির অবশ্য বিনয়ের সুরেই কৃতিত্ব দিলেন সিনিয়রদের, ‘সিনিয়র-জুনিয়র মিলেই তো দল। ভালো খেলতে সিনিয়রদের সহায়তা ভীষণ জরুরি। তাঁরা আমাদের ভীষণ সহায়তা করেন। এ কারণে আমরা চাপমুক্ত হয়ে খেলতে পারি।’
২০১৫-এ বাংলাদেশ পেয়েছে বহু স্মরণীয় জয়। সে গৌরবের অংশীদার সাব্বিরও। তবে এখানেই শেষ নয়। বরং এই ধারাবাহিকতা ধরে রেখে দলে আরেক ধাপে নিয়ে যাওয়াই তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ। নতুন বছরে দলকে আরও ওপরে নেওয়ার প্রত্যাশা সাব্বিরের, ‘আমি দলে নতুন, কম ম্যাচ খেলেছি। তবুও বলব ভবিষ্যতে বাংলাদেশকে আরও ওপরে নিতে আমাদের ইতিবাচক খেলতে হবে। হারি-জিতি পরের ব্যাপার। ভালো খেলব, এ মানসিকতায় মাঠে নামব।’
কখনোই নিজের লক্ষ্য ঠিক করেন না সাব্বির। এগোতে চান ছোট ছোট ধাপে। সামনের বছরে কী লক্ষ্য থাকবে, সেটি না জানালেও চান বাংলাদেশের হয়ে আরও রাঙাতে, ‘আসলে আমি কখনই লক্ষ্য ঠিক করে খেলতে পারি না। এ কারণে লক্ষ্য ঠিকও করি না। খেলি প্রতিটি ম্যাচ ধরে। এখন মূল কাজ হবে আত্মবিশ্বাসটা ধরে রাখা, দলে আরও অবদান রাখা। চেষ্টা করব, বাংলাদেশ দলের হয়ে আরও ভালো কিছু করতে।’
জানালেন, রাজশাহী থেকে ফিরবেন ২ জানুয়ারি। ফিরবেন নতুন বছরে নতুন প্রতিজ্ঞা, লক্ষ্য আর স্বপ্ন নিয়েও।