সামনে উইন্ডিজ বলেই একটু স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ মিজানুর রহমান কখনো বোলিং করছেন। কখনো আবার ব্যাটে ঝড় তোলার চেষ্টা করছেন! কোচকে বড় ‘পরীক্ষা’ই দিতে হচ্ছে ছাত্রদের কাছে! তাতে কখনো জিতছেন মিজান, কখনো ছাত্ররা। কাল বিকেলে বিসিবি একাডেমি মাঠে এই ছবিটা দেখে মনে হলো, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বুঝি আদর্শ সুখী দলের বিজ্ঞাপন।
অবশ্য অসাধারণ এ মুহূর্তটি তৈরি হয়েছিল অন্য একটি উপলক্ষে। বিসিবির সহযোগিতায় আইসিসি ও ইউনিসেফের ‘ক্রিকেট ফর গুড’ কার্যক্রমের অংশ হিসেবে একদল সুবিধাবঞ্চিত শিশুর সঙ্গে কাল দারুণ কিছু সময় কাটল বাংলাদেশ যুবাদের। তবে অনূর্ধ্ব-১৯ দলের ফুরফুরে মেজাজের মূল কারণ যে এটি নয়, সেটি বলাই যায়। দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে আসলে আরেকটি খবর, সেমিফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে।
কোয়ার্টার ফাইনালে খেলা পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের কোন দলকে শেষ চারে পেলে খুশি হবেন—দুই দিন আগে দলের উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হাসানকে এমন প্রশ্ন করা হলে অকপটে উত্তর দিয়েছিলেন, ‘অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ। ওদের সঙ্গে বিশ্বকাপের আগে খেলা তিন ম্যাচেই জিতেছি। এদিক দিয়ে এগিয়ে থাকব আমরা।’
বিশ্বকাপের আগে ঘরের মাঠেই একটি তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে নিজেদের প্রস্তুতি সেরেছেন মেহেদী হাসান মিরাজরা। শুধু সাম্প্রতিক সাফল্য কেন, অতীত পরিসংখ্যানেও বাংলাদেশের জয়গান। যুব ওয়ানডেতে এখন পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়ে ১২ বার জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯।
বিশ্বকাপে দুই দলের মুখোমুখি পরিসংখ্যানটাও কথা বলে বাংলাদেশের পক্ষে। বয়সভিত্তিক ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের তিনবার মুখোমুখি হয়ে দুবার জিতেছে বাংলাদেশ। ২০১০ যুব বিশ্বকাপে যে ম্যাচটি হেরেছিল, সেটিও মাত্র ১ রানে।
১১ ফেব্রুয়ারি যুব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে এমন প্রতিপক্ষ পেয়ে বাংলাদেশ দলের অন্দরমহলে স্বস্তিই ছড়িয়ে পড়ার কথা। কিন্তু প্রতিপক্ষের নাম নিশ্চিত হওয়ার পর আনন্দ তো প্রকাশ করা যায় না, একটু ‘কূটনৈতিক’ কথাবার্তাই বলতে হয়। খেলার মাঠে জয়টা আসা না পর্যন্ত যে শেষ কথা বলা যায় না! দলের অন্যতম ব্যাটিং ভরসা জয়রাজ শেখ সংবাদমাধ্যমকে তাই জানালেন, কোনো প্রতিপক্ষই তাঁদের কাছে বিশেষভাবে কাঙ্ক্ষিত ছিল না, ‘সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ চাচ্ছিলাম, তা ঠিক নয়। যেকোনো দলের জন্যই প্রস্তুত আমরা।’
তবে ওয়েস্ট ইন্ডিজকে পেয়ে যে বাংলাদেশের ‘সুবিধা’ হয়েছে, দলের সহকারী কোচ সোহেল ইসলাম তা অস্বীকার করতে পারেননি, ‘আমাদের জন্য সুবিধা হচ্ছে, টুর্নামেন্টের আগে ওদের সঙ্গে একটা দ্বিপক্ষীয় সিরিজ খেলেছি বলে ওদের সম্পর্কে ভালো ধারণা আছে। ওদের শক্তি ও দুর্বলতাগুলো আমরা জানি। তবে দ্বিপক্ষীয় সিরিজ আর বিশ্বকাপ এক নয়। তাদের হালকাভাবে নেওয়ার কিছু নেই। ভালো খেলেই তারা সেমিফাইনালে উঠেছে।’
একে-অপরের চেনা-জানায় যদি বাংলাদেশের ‘লাভ’ হয়, সেটা ওয়েস্ট ইন্ডিজেরও তো হতে পারে! তবে জয়রাজ মুখোমুখি লড়াইয়ে নিজেদের একচ্ছত্র আধিপত্যের চিত্রটাই তুলে ধরলেন, ‘হ্যাঁ, ওরা আমাদের চেনে। তবে ওদের সঙ্গে সর্বশেষ যে কটা ম্যাচ খেলেছি, আধিপত্য রেখেই জিতেছি। এই দিক দিয়ে আমরাই এগিয়ে থাকব। আশা করি, সেমিফাইনালে ওদের সঙ্গে ভালো খেলব।’
আর সেই ‘ভালো খেলা’র ফলটা যদি হয় জয়, তাহলে শিরোপার আরও কাছে চলে যাবেন মেহেদী-জয়রাজরা।