মাঠের পারফরম্যান্সে কিউই পাখিরা উড়ছিল। কিন্তু সামনে যখন বাংলাদেশ, কিউই পাখির ডানায় হঠাৎই যেন জোর একটু কম। শরীরে যে চোটের থাবা!
বিশ্বকাপে এবার প্রথম পাঁচ ম্যাচের সব কটি জিতেছে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচেই তারা খেলিয়েছে একই একাদশ। সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ দু-তিনজনকে বিশ্রাম দিয়ে বাইরে থাকাদের সুযোগ দেওয়ার আলোচনা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জয়ী একাদশের ছন্দ ধরে রাখাই বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে কিউই টিম ম্যানেজমেন্টের কাছে। সেই জয়ের ধারা ধরেও রাখা গেছে। তবে টানা খেলে যাওয়ায় ছোবল দিয়েছে চোটও!
নিউজিল্যান্ড কোচ মাইক হেসন জানিয়েছেন, সেরা একাদশের দু-তিনজন ক্রিকেটার ‘অসুস্থ।’ তবে কোন দু-তিনজন, তা জানাননি হেসন। হয়তো কৌশলগত কারণেই। একজনের নাম অবশ্য লুকিয়ে রাখার উপায় ছিল না। অ্যাডাম মিল্ন তো চোট পেয়েছেন সবার সামনেই! আফগানিস্তানের বিপক্ষে লং অনে হামিদ হাসানের ডাইভিং ক্যাচ নিতে গিয়ে মিল্ন চোট পেয়েছেন কাঁধে। কোচ অবশ্য বলছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগেই সেরে উঠবেন তরুণ গতিতারকা। বাকিদের সেরে ওঠা নিয়ে আশাবাদী হেসন।
চোট-সমস্যা শেষ পর্যন্ত বাগড়া না দিলে বাংলাদেশের বিপক্ষেও একই একাদশ মাঠে নামাতে চায় কিউই টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপে প্রথম দুই সপ্তাতেই চারটি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। কিন্তু গ্রুপের শেষ দুই ম্যাচ আর ২১ মার্চ কোয়ার্টার ফাইনাল বিবেচনায় নিলে ৩ সপ্তাহে খেলতে হচ্ছে মাত্র তিনটি ম্যাচ! গুরুত্বপূর্ণ কাউকে বিশ্রাম দিলে কোয়ার্টার ফাইনালের আগে ম্যাচ অনুশীলনের ঘাটতি থেকে যাবে। এই ভাবনাতেই কাউকে বিশ্রাম দিতে চাইছেন না হেসন, ‘কয়েকজনের একটু অসুস্থতা ও ছোটখাটো চোট-সমস্যা আছে। ওদের নিয়ে আমরা তাড়াহুড়া করব না। তবে মাথায় রাখতে হবে যে ২১ দিনে মাত্র দুটি ম্যাচ খেলছি আমরা। পর্যাপ্ত প্রস্তুতির ব্যাপারটি তাই মাথায় রাখতে হবে। যদি ছেলেরা সবাই ফিট থাকে এবং পারফর্ম করতে থাকে, তাহলে নিয়মিতরাই প্রথম পছন্দ।’
বিশ্বকাপের আগের কদিন আর বিশ্বকাপের পারফরম্যান্সে নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারানোর চেয়ে কঠিন কাজ এই মুহূর্তে নেই। তবে বাংলাদেশের বিপক্ষে আবার সবশেষ সাত ওয়ানডেতেই হেরেছে নিউজিল্যান্ড। এবারও নিউজিল্যান্ড হেরে গেলে খুব বেশি প্রভাব ফেলবে না পয়েন্ট টেবিলে। হারলেও গ্রুপের শীর্ষেই থাকবে কিউইরা।
তবে হার ভাবনাতেও আনছেন না হেসন। জয়রথ শেষ পর্যন্ত ছুটতে দেখতে চান কিউই কোচ, ‘নিজেদের কাজটা আমাদের ঠিকঠাক করতে হবে। বিশ্বকাপে জয় ছাড়া অন্য কিছু ভাবনার অবকাশ নেই। আমাদের ভালো খেলেই যেতে হবে, ধরে রাখতে হবে পারফরম্যান্স।’ ১৩ মার্চ বাংলাদেশ সময় সকাল সাতটায় বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শুরু হ্যামিল্টনে। এএফপি, রয়টার্স, ক্রিকইনফো।
