সামনে ডি ভিলিয়ার্সের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল হয়ে বসে আছেন সরেনসেন, ডকরেল, মুনিরা। কোচ ফিল সিমন্স কাগজে কিছু আঁকিবুঁকি করলেন, ‘এই যে, এভাবে বল করলে ও ঠিক স্বস্তিবোধ করে না। তখন হয়তো ওকে আউট করার একটা সুযোগ পাওয়া যাবে।’ অধিনায়ক পোর্টারফিল্ড এতক্ষণ ছিলেন নীরব দর্শক। হঠাৎ বলে উঠলেন, ‘কিন্তু ওকে খোলসবন্দী করার আসলেই কোনো নির্দিষ্ট পন্থা আছে?’ একটা নৈঃশব্দ নেমে এল আয়ারল্যান্ড টিম-মিটিংয়ে। আসলেই তো, এবি ডি ভিলিয়ার্সকে থামানোর কি পথ আসলেই আছে?
দৃশ্যটা কাল্পনিক। তবে এটা ঠিক, আরেকটি ডি ভিলিয়ার্স-ঝড়ের সামনে যাতে না পড়তে হয় সে জন্য হয়তো প্রার্থনাই করছে আইরিশরা। তার ওপর খেলাটা ক্যানবেরায়, কয়েক দিন আগেই যেখানে ক্রিস গেইল জিম্বাবুয়ের নাকের জল-চোখের জল এক করে ছেড়েছেন। সেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৬৬ বলে ১৬২ রান করার পর ডি ভিলিয়ার্সের চোখ এখন নিশ্চয়ই চকচক করছে। পোর্টারফিল্ডের কথায় অবশ্য ডি ভিলিয়ার্স-জুজু প্রকাশ পাচ্ছে না, ‘সারা দিন বসে ওকে আমরা আটকানোর জন্য অনেক কিছু ভাবতে পারি। তবে ম্যাচে আমাদের সেরাটাই দিতে হবে। যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে সেটা নিয়ে তো আমরা কিছু করতে পারি না। ওপাশ থেকে যদি অসাধারণ কিছু হয়ে যায় তাহলে সেটা হবেই। আশা করি, খুব দ্রুত ওকে আমরা ফিরিয়ে দিতে পারব।’
তবে আজ যে পরিস্থিতিতে মুখোমুখি দুই দল, সেটা দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড কেউই হয়তো টুর্নামেন্ট শুরুর আগে চিন্তা করেনি। আইরিশরা এখনো অপরাজিত, হারিরেছে ওয়েস্ট ইন্ডিজ ও আরব আমিরাতকে। সহযোগী দেশগুলোর ঝান্ডাটা তারাই তুলে ধরেছে সবচেয়ে উঁচুতে। আইসিসিকে নতুন করে ভাবতে বাধ্য করছে ১০ দলের বিশ্বকাপ-পরিকল্পনা নিয়ে। পোর্টারফিল্ড তাই আত্মবিশ্বাসী হয়ে বলতে পারছেন, ‘দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত। আমাদের নিখুঁত খেলতে হবে, আমরা কী করতে পারি সেই বার্তাটা দিতে হবে।’ মনে করিয়ে দিলেন, বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিটা এখনো আইরিশ ব্যাটসম্যান কেভিন ও ব্রায়েনের (৫০ বলে), ‘দেখুন, কেভিন যা করেছিল সেটা আবার করার সামর্থ্য আছে ওর। “এক্স-ফ্যাক্টর” যে আমাদেরও নেই, তা নয়।’
দক্ষিণ আফ্রিকা আজ পুরো শক্তির দল নিয়ে নামতে পারছে না। ভারনন ফিল্যান্ডার ও জেপি ডুমিনি এখনো চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। অলরাউন্ডার ফারহান বেহারডিয়েন এটিকে দেখছেন সুযোগ, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচেই আমাদের বেঞ্চের শক্তিটা বোঝা গেছে। রাইলি (রুশো) অসাধারণ একজন খেলোয়াড়, পারনেল, ফাঙ্গিসোও প্রস্তুত। ১১ জন নয়, ১৫ জনকে নিয়েই আমাদের দল।’
তবে আইরিশদের ভাবনায় তো ওই একজনই, এবি ডি ভিলিয়ার্স! এএফপি, রয়টার্স।