সামনে তাকাচ্ছেন আত্মবিশ্বাসী কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাপটা চেপে বসেছিল জগদ্দল পাথরের মতো। সর্বশেষ টেস্ট জয়ের স্মৃতিতে ধুলো জমে গেছে, নিজেও রানের জন্য প্রাণপাত করছিলেন। লর্ডস টেস্টে হারের পর অ্যালিস্টার কুকের পিঠ আসলে ঠেকে গিয়েছিল দেয়ালে। সাউদাম্পটনে জিতে অবশেষে বুক ভরে নিঃশ্বাস নিতে পারলেন ইংল্যান্ড অধিনায়ক।
জয়টা যেভাবে এসেছে, সেটাও কুকের উদ্বেগ অনেকটাই ভুলিয়ে দিয়েছে। ২৬৬ রানের জয়, কুকের কণ্ঠে যেন ঝরেছে আনন্দধারা, ‘এর চেয়ে ভালো আমরা খেলতে পারতাম না। আমরা সবাই দারুণ পারফর্ম করেছি। ব্যাট হাতে প্রথমে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলাম, এরপর বোলিংয়েও চাপটা ধরে রেখেছি।’ সর্বশেষ ২০১৩ অ্যাশেজে অস্ট্রেলিয়ার সঙ্গে জিতেছিল ইংল্যান্ড। এই বছর কুক নিজেকে হারিয়ে খুঁজেছেন, এই টেস্টের আগে গড় ছিল মাত্র ১৪.৩৩। সাউদাম্পটনে দুই ইনিংসে ৯৫ ও অপরাজিত ৭০ রান করে আভাস দিয়েছেন ফর্মে ফেরার। এটিও আপ্লুত করছে ইংল্যান্ড অধিনায়ককে, ‘ব্যাপারটা কঠিন হয়ে যাচ্ছিল। আমার এ রকম দশা চলতে থাকলে কে জানে কী হতো? ভারটা কমে গেছে। ধরুন, আমি যদি শূন্য ও পাঁচ রান করে আউট হয়ে যেতাম আর দল হেরে যেত...প্রথম ইনিংসটা এই পরিস্থিতিতে চাপ অনেকটাই কমিয়ে দিয়েছে।’
ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টটা সিরিজের গতিপথ ঠিক করে দেবে। ওটাতে ইংল্যান্ড আত্মবিশ্বাস নিয়েই যাচ্ছে। কুকের কণ্ঠে আত্মবিশ্বাসেরই অনুরণন, ‘আমরা ক্রমাগত চাপ দিয়ে গেছি, এক মুহূর্তের জন্য ওদের হাঁফ ছাড়তে দিইনি। এখন সবাই বলছে ওল্ড ট্রাফোর্ডে আমরা এটার পুনরাবৃত্তি করতে পারব কি না। দেখা যাক কী হয়!’ তবে নিজের ব্যাটিং নিয়ে পা মাটিতেই রাখছেন, ‘একটা ম্যাচ তো সবকিছু বদলে দিতে পারে না। টপ অর্ডারে আমার রান করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি না এখানে অধিনায়কত্ব কোনো প্রভাব ফেলে কি না, কিন্তু আপনি যখন হারবেন তখন এটা নিয়ে কথা হবেই।’
ওল্ড ট্রাফোর্ডের আগে আরও একটা সুসংবাদ পেয়েছে ইংল্যান্ড। ট্রেন্ট ব্রিজে রবীন্দ্র জাদেজার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন জিমি অ্যান্ডারসন। দুই ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি ঝুলছিল ইংলিশ পেসারের মাথার ওপর। কাল শুনানিতে নির্দোষ ঘোষণা করা হয়েছে তাঁকে। ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের দলটা তাই অপরিবর্তিতই থাকছে। ক্রিকইনফো।