সামনে ব্যস্ত সূচি 'এ' দলের

এ মাসেই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। কেবল ভারত সফরই নয়, বছরের শেষ কয়েক মাসে দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়েতে ব্যস্ত সফরসূচি তাদের।
আজ শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা করেছে সফরসূচি। সূচি অনুযায়ী, ‘এ’ দল ভারতে তিনটি একদিনের ম্যাচ ও দুটি তিন দিনের ম্যাচে মাঠে নামবে। একদিনের ম্যাচগুলোয় প্রতিপক্ষ ভারতীয় ‘এ’ দল। দুটি তিন দিনের ম্যাচের একটিতে ভারতীয় ‘এ’ দল প্রতিপক্ষ হলেও অপরটিতে ‘এ’ দল খেলবে ২০১৪-১৫ মৌসুমের রঞ্জি ট্রফি বিজয়ী কর্নাটকের বিপক্ষে।
তিনটি এক দিনের ম্যাচের ভ্যেনু বেঙ্গালুরু। কর্নাটকের বিপক্ষে তিন দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে মাইসোরে। ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচটি খেলতে বাংলাদেশ ‘এ’ দল আবারও ফিরবে বেঙ্গালুরুতে। একদিনের সিরিজে তিনটি ম্যাচ যথাক্রমে ১৬,১৮ ও ২০ সেপ্টেম্বর। কর্নাটকের বিপক্ষে তিন দিনের ম্যাচটি শুরু হবে ২২ সেপ্টেম্বর। ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে শুরু ম্যাচটি ২৭ সেপ্টেম্বর।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা হতে পারে আগামীকাল রোববার। ‘এ’ দল সর্বশেষ ভারত সফরে গিয়েছিল ২০১২ সালে। আগামী বছর আগস্টে প্রথমবারের মতো টেস্ট-সফরে ভারত যাওয়ার কথা রয়েছে মুশফিক-সাকিবদের। সে সিরিজের আগে ‘এ’ দলের সফরটি তাই বেশ তাৎপর্যপূর্ণ।
ভারত সফরের দুই সপ্তাহ পর বাংলাদেশ ‘এ’ দল দুটি ওয়ানডে ও একটি তিন দিনের ম্যাচ খেলতে উড়াল দেবে দক্ষিণ আফ্রিকায়। এরপর দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে জিম্বাবুয়েতে। সব মিলিয়ে বছরের শেষ দিকে ব্যস্ত সূচি পার করতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।
বাংলাদেশ ‘এ’ দলের সফরসূচি
| তারিখ | ম্যাচ | প্রতিপক্ষ | ভেন্যু |
| ১৬ সেপ্টেম্বর | ওয়ানডে | ভারত ‘এ’ | বেঙ্গালুরু |
| ১৮ সেপ্টেম্বর | ওয়ানডে | ভারত ‘এ’ | বেঙ্গালুরু |
| ২০ সেপ্টেম্বর | ওয়ানডে | ভারত ‘এ’ | বেঙ্গালুরু |
| ২২ সেপ্টেম্বর | তিন দিনের ম্যাচ | কর্নাটক | মহীশূর |
| ২৭ সেপ্টেম্বর | তিন দিনের ম্যাচ | ভারত ‘এ’ | বেঙ্গালুরু |