সামনে সেই কলিংউড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে অলরাউন্ডার বলাটা হয়তো বাড়াবাড়ি। মূলত ছিলেন ব্যাটসম্যান, সঙ্গে কাজ চালানোর মতো স্লো মিডিয়াম পেস। তবে ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে সেরা অলরাউন্ড পারফরম্যান্স পল কলিংউডেরই। সেই কীর্তির জন্য বেছে নিয়েছিলেন বাংলাদেশকেই। ২০০৫ সালে ট্রেন্ট ব্রিজে হার্মিসন-ফ্লিনটফদের উড়িয়ে ৫২ বলে ৯৪ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন মোহাম্মদ আশরাফুল। সেদিন আশরাফুলকে ফিরিয়েই শিকার শুরু করেছিলেন কলিংউড, ৬ উইকেট নিয়েছিলেন ৩১ রানে। এর আগে ব্যাট হাতে করেছিলেন ৮৬ বলে অপরাজিত ১১২। ওয়ানডেতে একই ম্যাচে সেঞ্চুরি ও ৬ উইকেট ওই একটিই।

খেলা ছেড়ে সেই কলিংউড এখন কোচ। বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ড যখন ধুঁকছে, দায়িত্ব নিলেন সহকারী কোচের। স্কটিশরা উঠল বিশ্বকাপে। মাঝে কিছুদিন ইংল্যান্ডের ফিল্ডিং কোচ থাকার পর বিশ্বকাপের আগে আবার স্কটল্যান্ডের সহকারী কোচ। বিশ্ব ক্রিকেটের কুলীন আঙিনায় স্কটল্যান্ড দলটি সম্পর্কে ধারণা সামান্যই। বলা যায় দলটির সবচেয়ে বড় তারকা তিনিই! কলিংউডের আশা, বাছাইপর্বের মতো বিশ্বকাপেও দারুণ কিছু করবে স্কটল্যান্ড। দারুণ কিছু মানে আফগানিস্তানকে হারানো। পাশাপাশি বড় দলগুলোকে চমকে দেওয়া। আর সেই বড় দলগুলোর মধ্যে সহজতম শিকার হতে পারে তো বাংলাদেশ!

নিজের অভিজ্ঞতা থেকেই কলিংউড জানালেন ছোট দলের বিপক্ষে ম্যাচের আগে কত চাপে থাকে বড় দল, ‘ইংল্যান্ডের হয়ে অনেকবারই আমি খেলেছি সহযোগী দেশগুলোর বিপক্ষে। দেখেছি বিশ্বকাপের মতো বড় আসরে এসব ম্যাচের আগে বড় দল একটু অস্বস্তিতে থাকে। বাড়তি একটা চাপ থাকে, জানে যে এই ম্যাচে কোনোভাবেই হারা যাবে না। এসব ম্যাচে তাই বড় দলগুলোর বাড়তি চাপ থাকে। আশা করি, ওদের ওই চাপটাকে আমরা নিজেদের পক্ষে কাজে লাগাতে পারব।’

স্কটল্যান্ডকে যে একদমই হেলাফেলা করা যাবে না, সেটি তারা খানিকটা বুঝিয়েও দিয়েছে প্রস্তুতি ম্যাচে। সহযোগী দেশগুলোর সেরা শক্তি বলে বিবেচিত আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ১৭৯ রানে। কলিংউড বললেন বিশ্বকাপে নজরকাড়া কিছু করতে দৃঢ়প্রতিজ্ঞ স্কটিশরা, ‘প্রতিটি ক্রিকেটারের সুযোগ আছে বিশেষ কিছু করার এবং সবাই মুখিয়ে আছে সুযোগ নিতে। বিশ্ব ক্রিকেটের মানচিত্রে নিজেদের আলাদা করে চেনাতে চায় দলের সবাই। ছেলেরা যদি সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারে, বড় চমক দেওয়া অসম্ভব কিছু নয়।’

স্কটিশদের মূল লক্ষ্য অবশ্যই আফগানিস্তানকে হারানো। ২৬ ফেব্রুয়ারি যে ম্যাচটি হবে ডানেডিনে। দলটি তাকিয়ে থাকবে পরের ম্যাচের দিকেও, ৫ মার্চ নেলসনে প্রতিপক্ষ বাংলাদেশ। শিষ্যদের নিয়ে আশাবাদের কথা তো আগেই বলেছেন কলিংউড। নিজে ছিলেন বিশ্বসেরা ফিল্ডারদের একজন। এই দলের ফিল্ডিংয়ের কথাও তাই বললেন আলাদা করে, ‘স্কটল্যান্ড দলটি আত্মবিশ্বাসে টইটম্বুর। নিজেদের স্কিলে সবার আস্থা আছে বলেই ওদের ওপর বিশ্বাস রাখছি। আমার মতে, দলটির ফিল্ডিং বিশ্বমানের। বাড়িয়ে বলছি না, সত্যি, দারুণ সব অ্যাথলেট আছে দলে।’

বাংলাদেশ মানেই অবশ্য কলিংউডের সুখস্মৃতি নয়। বাংলাদেশ যে দুবার ইংল্যান্ডকে হারিয়েছে, দুবারই দলে ছিলেন কলিংউড। দুবারের শেষটি হয়ে আছে তাঁর ক্যারিয়ারেরও ইতিটানা ম্যাচ, ২০১১ বিশ্বকাপে। বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়ে ক্যারিয়ার শেষ হয় কলিংউডের। মাশরাফিরা চাইবেন, ক্রিকেটার কলিংউডের মতো কোচ কলিংউডকেও হারের স্বাদ দিতে! স্কাই স্পোর্টস।