২৯, ৫৪*, ১৪, ৮২, ১৯, ...। ধারাটা মানলে শূন্যস্থানে আরেকটি ফিফটি বসার কথা। লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটসম্যান আসিফ আহমেদ কাল ধারা মেনেই করেছেন আরেকটি ফিফটি। তবে ধারাভঙ্গ প্রায় হয়েই যাচ্ছিল।
ফতুল্লায় প্রাইম দোলেশ্বরকে হারাতে রূপগঞ্জের দরকার ছিল ২১৭ রান। ৪৭তম ওভারের প্রথম বলে চার মেরে স্কোর যখন সমান করলেন আসিফ, তাঁর রান ৪৫। জিততে হলে দরকার ১ রান, ফিফটি পেতে ৫। ছক্কা ছাড়া আর উপায় কী! বাঁহাতি স্পিনার রেজাউল করিমকে লং অন দিয়ে বিশাল এক ছক্কাই মারলেন আসিফ। ২২ বল হাতে রেখে ৬ উইকেটে জয়, ছয় ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান শক্তও করল আসিফের দল।
আকাশও যেন অপেক্ষা করছিল এই মুহূর্তটার জন্য। দুদলের খেলোয়াড়েরা ড্রেসিংরুমে ফিরতে না-ফিরতেই আকাশ ভেঙে বৃষ্টি!
শেষটা নিজের করে নিলেও আসিফ এই ম্যাচের পার্শ্বচরিত্র। রূপগঞ্জের জয়ের মূল কুশীলব অধিনায়ক মোশাররফ হোসেন। দিনের প্রথম ভাগে ১০ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছিলেন এবারের লিগে দুটি সেঞ্চুরির মালিক ইমতিয়াজ হোসেনের উইকেট। সেটিও ইনিংসের দ্বিতীয় বলেই। এরপর রান তাড়ায় নিজেকে উঠিয়ে আনেন ব্যাটিং অর্ডারের চারে। ‘ওদের দুজন বাঁহাতি স্পিনার আছে। ডানহাতি-বাঁহাতি ব্যাটসম্যান মিলে ওদের ছন্দ নষ্ট করতেই আমি ওপরে নামি’—ম্যাচ শেষে নিজের পরিকল্পনা খোলাসা করেছেন বাঁহাতি ব্যাটসম্যান মোশাররফ।
পরিকল্পনা বাস্তবায়নে পুরোপুরিই সফল রূপগঞ্জ অধিনায়ক। ব্যাটিংয়ে নেমেছিলেন দলকে ৫১ রানে রেখে দুই ওপেনার সৌম্য (০) ও মিজানুরের (২৭) বিদায়ের পর দ্বাদশ ওভারে। ফিরেছেন জয় থেকে ৭ রান দূরে রেখে ৪৬তম ওভারে। মাঝের সময়টায় ৭ চার ও ৩ ছয়ে ৯৮ বলে করেছেন ৮১। মোশাররফ তিন ছক্কার দুটিই মেরেছেন দুই বাঁহাতি স্পিনার রেজাউল ও সানজামুলকে মিড উইকেট ও স্কয়ার লেগ দিয়ে। দুটি পঞ্চাশ ছাড়ানো জুটিও গড়েছেন। শুরুতে তৃতীয় উইকেটে মিঠুনকে নিয়ে ৬৩ ও পরে চতুর্থ উইকেটে আসিফকে নিয়ে ৯৬। মিঠুনও করেছেন ৫১ রান।
এর আগে দোলেশ্বরও নামে ব্যাটিংক্রম পাল্টে। প্রথম পাঁচ ম্যাচে মাত্র ৭৬ রান করা রনি তালুকদারের বদলে কাল ইমতিয়াজের সঙ্গে ওপেন করেছেন জিয়া। অবস্থা অবশ্য পাল্টায়নি, জিয়া ব্যর্থ (১২ বলে ৫), চারে নেমে ব্যর্থ রনিও। চার-চারবার অল্পের জন্য বেঁচে যাওয়া উইকেটকিপার-ব্যাটসম্যান শেষ পর্যন্ত বাজে শটে আউট হয়েছেন ২৫ রানে।
দোলেশ্বরের ইনিংসটাকে একাই টেনেছেন চামারা সিলভা (৭৬ বলে ৮৯)। শ্রীলঙ্কান ব্যাটসম্যান আউট হওয়ার পর ৬ উইকেটে ২১২ থেকে চোখের পলকেই ২১৬ রানে অলআউট টানা চার জয় দিয়ে লিগ শুরু করা দোলেশ্বর।