নিজ দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস চাঙা করতে কোচরা অনেক কিছুই বলেন। তবে আফগানিস্তানের সহকারী কোচ পিটার অ্যান্ডারসনের কথা শুনলে হয়তো তাঁর খেলোয়াড়েরাও বিস্ময়ের চোখে তাকাবেন। শক্তিধর অস্ট্রেলিয়ার সামনে দাঁড়ানোর আগে অ্যান্ডারসনের দাবি, ‘আমাদের পক্ষেও অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব। সম্ভাবনা ৫০,৫০।’
অ্যান্ডারসন অস্ট্রেলিয়ান এবং অস্ট্রেলিয়ানরা হারার আগে হারতে চায় না-এটাও প্রায় সবারই জানা। কিন্তু আজকের ম্যাচে তো অ্যান্ডারসনের দল অস্ট্রেলিয়া নয়, আফগানিস্তান। সর্বোচ্চ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বকাপে নবাগত আফগানিস্তানের শক্তির ব্যবধান আকাশ-পাতালই। তার ওপর বৃষ্টির কারণে বাংলাদেশের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি এবং নিউজিল্যান্ডের কাছে হারের পর এমনিতেই তেতে আছে অস্ট্রেলিয়া। ম্যাচটাও আবার পেসারদের স্বর্গ পার্থের ওয়াকায়। অসম লড়াই না হলেই বরং বিস্ময়কর হবে।
মুখে যা-ই বলুন সত্যিটা জানা আছে অ্যান্ডারসনেরও। আর জানেন বলেই পরের বাক্যেই বোঝাতে চাইলেন বাস্তবতা, ‘আমাদের বিশ্বের অন্যতম সেরা দলটার বিপক্ষে খেলতে হবে জানি। সম্ভবত বিশ্বের সবচেয়ে ভয়ংকর পেস আক্রমণের বিপক্ষেও। নিউজিল্যান্ডের কাছে হারের ঝাল তারা মেটাতে চাইবে আমাদের ওপর। তবে সবকিছুর পরও ক্রিকেট বিশ্বকে দেখাতে চাই আমাদের সামর্থ্য কতটুকু।’
এরই মধ্যে তা কিছুটা দেখিয়েছে বটে। আফগান ক্রিকেটের উত্থান প্রায় রূপকথার মতো। এই বিশ্বকাপেও স্কটল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিয়ে তুলে নিয়েছে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়। কিন্তু স্কটল্যান্ড আর অস্ট্রেলিয়া এক নয়। ওয়াকার গতি আর বাউন্সে অনেক বাঘা বাঘা দলও নাকানি-চুবানি খায় অস্ট্রেলিয়ার কাছে।
এই পার্থে ভারতের বোলিংয়ের সামনেই মাত্র ১০২ রানে গুটিয়ে গিয়েছে সংযুক্ত আরব আমিরাত। একই মাঠে জনসন, স্টার্কদের তাই আজ কীভাবে সামলান আফগান ব্যাটসম্যানরা সেটাই দেখার।
যদিও অস্ট্রেলিয়ান পেসারদের খেলার অভিজ্ঞতা তাঁদের একেবারে নেই বলা যাচ্ছে না। এখন পর্যন্ত ওয়ানডেতে একবারই অস্ট্রেলিয়ার সামনে দাঁড়িয়েছে আফগানিস্তান। ২০১২ সালের মার্চে শারজার ওই ম্যাচে অস্ট্রেলিয়া করেছিল ২৭২ রান। জবাবে জনসন-স্টার্কদের সামলেই ২০৬ রান তুলেছিলেন আফগান ব্যাটসম্যানরা। সেই অভিজ্ঞতাই এবার সাহস দিচ্ছে আফগান অধিনায়ক মোহাম্মদ নবীকে, ‘ওই ম্যাচের অভিজ্ঞতা দারুণ ছিল। যদিও তা ছিল শারজায়, এই ম্যাচ পার্থে। তবে আমাদের দলটাও আগের চেয়ে এখন ভালো।’
অস্ট্রেলিয়া এ ম্যাচে পাচ্ছে না চোটগ্রস্ত পেসার প্যাট কামিন্সকে। তাঁর জায়গায় প্রথম পছন্দ জশ হ্যাজলউড। চোট কাটিয়ে দলে ফেরার কথা অলরাউন্ডার জেমস ফকনারের। সে ক্ষেত্রে জায়গা হারাতে পারেন ছন্দহীন শেন ওয়াটসন। আবার এত বদল না করে কামিন্সের জায়গাতেই দলে ঢুকে যেতে পারেন ফকনার। তবে দল যা-ই হোক, পার্থে আজ বড় জয়ই চাইবে অস্ট্রেলিয়া। এএফপি।