সামর্থ্য নিয়ে সন্দেহ ছিল টেন্ডুলকারের!
২৫ বছর আগের কথা। ১৬ বছরের এক ভারতীয় কিশোরের টেস্ট অভিষেক দেখল ক্রিকেট–বিশ্ব। প্রথম ইনিংসে প্রতিপক্ষ পাকিস্তানের সংগ্রহ ৪০৯ রান। ছেলেটা যখন ব্যাটিংয়ে নামছে, ভারত তখন রীতিমতো কাঁপছে!
৪১ রানে নেই ৪ উইকেট। এগুলো তো পারিপার্শ্বিকতা; আরও ভয়াবহ ব্যাপার, সামলাতে হবে ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসদের নিয়ে গড়া পেস আক্রমণ! ক্রিজে বেশিক্ষণ টিকল না, দুরু দুরু বুকে খেলতে পারল মাত্র ২৪ বল। আউট হয়ে ফেরার পর তার মনে হচ্ছিল, সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে টিকতে পারবে না বেশি দিন। ছেলেটার নাম শচীন টেন্ডুলকার।
অভিষেক টেস্টে মাত্র ২৪ বল স্থায়ী হয়েছিল যাঁর ইনিংস, তিনিই পরের ২৪ বছর ব্যাট হাতে শাসন করেছেন ক্রিকেট বিশ্ব! তবে নড়বড়ে সেই শুরুর কথাও অকপটে লিখেছেন সম্প্রতি প্রকাশিত নিজের আত্মজীবনী প্লেয়িং ইট মাই ওয়েতে।
অভিষেক টেস্টের স্মৃতিচারণা করতে গিয়ে টেন্ডুলকার লিখেছেন, ‘এটা ছিল অগ্নিপরীক্ষা। টেস্ট ক্রিকেটের প্রথম ইনিংসে ওয়াসিম ও ওয়াকারের বোলিংয়ে সর্ষে ফুল দেখছিলাম। আউট হয়ে আসার পর আমার ব্যাটিং-সামর্থ্য নিয়েই সন্দিহান হয়ে পড়ি। নিজেকে প্রশ্ন করছিলাম, কখনো কি আন্তর্জাতিক পর্যায়ে খেলার মতো যোগ্য হতে পারব?’
কীভাবে তাঁকে টেস্ট ক্রিকেটে ‘আমন্ত্রণ’ জানিয়েছিলেন ওয়াসিম আকরাম, সে ঘটনাটিও বইয়ে রেখেছেন টেন্ডুলকার, “আমি যখন প্রথমবারের মতো ওয়াসিমের বোলিংয়ে স্ট্রাইকে এলাম, ওভারের তৃতীয় বল চলছে তখন। ভয়াবহ বাউন্সার ছিল সেটি। ওঁর বোলিং আগেই বিশ্লেষণ করেছিলাম, কাজেই আমি নিশ্চিত ছিলাম, এর পরের বলটি ইয়র্কার হতে যাচ্ছে এবং সে অনুযায়ী মানসিক প্রস্তুতিও নিলাম। আরও একটি বাউন্সার ধেয়ে এল, আমি বল ছেড়ে দিলাম। দুর্ধর্ষ একটি ইয়র্কারের জন্য অপেক্ষা করতে করতে পরের দুটি বলও বাউন্সারই এল। ওভার শেষে নিজেকে বললাম, ‘টেস্ট ক্রিকেটে স্বাগত’।”
মুম্বাইয়ের পাঁচতারা হোটেলে বই প্রকাশের অনুষ্ঠানে ছিলেন টেন্ডুলকারের একসময়ের সতীর্থ সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় এবং ভি ভি এস লক্ষণ। আত্মজীবনীতে এসেছে ২০০৪ সালে পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টের কথাও, তাঁকে ১৯৪ রানে রেখে তখনকার ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ইনিংস ঘোষণা নিয়ে তাৎক্ষণিক ক্ষোভের কথা লিখেছেন টেন্ডুলকার।
তবে প্রকাশনা অনুষ্ঠানে দ্রাবিড়কে পাশে রেখেই জানালেন, ওই ঘটনা তাঁদের সম্পর্কে প্রভাব ফেলেনি, ‘ড্রেসিং রুমে আমাদের অনেক কিছু নিয়েই বিতর্ক হয়েছে, তবে সেগুলো দরজার ভেতরেই হয়েছে, কেউ জানতে পারেনি। যদিও এটা মাঠে হয়েছিল, কিন্তু তার মানে এই নয় যে আমরা এখনো লড়ে যাব এবং কেউ কারও সঙ্গে কথা বলব না! এই অধ্যায় আমরা খুব দ্রুতই শেষ করেছি এবং এরপর ওঁর সঙ্গে আমার অনেক জুটি ম্যাচও জিতিয়েছে। সবচেয়ে বড় কথা, আমি আর দ্রাবিড় দুজনই ভালো বন্ধু।’ ক্রিকইনফো, টাইমস অব ইন্ডিয়া।