সামাজিক মাধ্যমেও ধিক্কৃত শ্রীনিবাসন

উপস্থাপক তাঁর নাম ঘোষণা করতেই এমসিজির গ্যালারিতে দুয়োর কোরাস! কাউকে বলে দিতে হয়নি। ৯৩ হাজার মানুষের বেশির ভাগই স্বতঃস্ফূর্ত হয়ে ধিক্কার জানিয়েছে এন শ্রীনিবাসনকে। ভারতের আদালত যাঁকে ভারতীয় ক্রিকেট বোর্ড চালানোরই যোগ্য মনে করেন না, সেই তিনি কীভাবে আইসিসি চালাচ্ছেন! এই মুহূর্তে ক্রিকেট বিেশ্ব অজনপ্রিয়তার তালিকা করা হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন শ্রীনি।
শ্রীনির এমন অপমান হতে পারত গোটা ভারতের অপমান। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমও শ্রীনিকে একেবারে ধুয়ে দিয়েছে। শুধু তা-ই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঠাট্টা-পরিহাস চলছে তাঁকে নিয়ে। মজার ব্যাপার হলো, এই ঠাট্টা পরিহাসে অংশ নিচ্ছে নিচ্ছেন ভারতীয়রাও। টুইটারের অনেক টুইটই দারুণ বুদ্ধিদীপ্ত, ব্যঙ্গাত্মক ও রসবোধে পূর্ণ। এমন কিছু টুইট প্রকাশ করেছে ভারতের অন্যতম জনপ্রিয় সাইট আইবিটাইমস।
আতিয়া জাইদি লিখেছেন, ‘ক্রিকেটের সর্বোচ্চ পুরস্কারটি পেল অস্ট্রেলিয়া, আর শ্রীনি পেল সবচেয়ে নির্লজ্জতার পুরস্কার।’ শুভাশিস বড়ুয়া লিখেছেন, ‘এমসিজির দর্শক এন শ্রীনিবাসনকে দুয়ো দিয়েছে খুবই সহজবোধ্য কারণে, আইসিসি একজন ম্যাচ ফিক্সারকে চেয়ারম্যানের পদে অলংকৃত করেছে... এমসিজির দর্শকদের অভিবাদন।’ রাজ টুইট করেছেন, ‘শ্রীনিবাসনকে স্যালুট, লোকটা যেখানেই যায়, কিছু না করলেও বিতর্ক তৈরি করে (হয়তো ভুলই বললাম, লোকটা আসলে কিছুই করতে পারে না)।’
টাকার গোমরে শ্রীনির দম্ভকে ব্যঙ্গ করে আদর্শ পোস্ট দিয়েছেন, ‘শ্রীনি মামাকে এমসিজির দর্শকেরা দুয়ো দিল। এখন শ্রীনি মামা এমসিজি কিনে নিয়ে নতুন নামকরণ করবেন-মামা ক্রিকেট গ্রাউন্ড।’ আরেকজন টুইট করেছেন, ‘শ্রীনিবাসন কাপটা ধরার পর অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড দুই প্যাকেট থালা-বাসন মাজার সাবান কিনতে দিয়েছে, কাপটাকে ধুতে হবে তো!’ অমিত টুইট করেছেন, ‘শ্রীনি মামার হাত থেকে ট্রফিটা নেওয়া অস্ট্রেলিয়া দলেরই অপমান।’
অর্পিত শিহরা লিখেছেন, ‘দাঁড়ান, দাঁড়ান। ২০১১ সালে ট্রফির যে রেপ্লিকা দেওয়া হয়েছিল, অস্ট্রেলিয়াকে সেরকমই দেওয়া হচ্ছে তো? শ্রীনিকে আমার কিছুতেই বিশ্বাস হয় না।’ এজে টুইট করেছেন, ‘৯৩ হাজার মানুষ টেন্ডুলকারের নামে জয়ধ্বনি দিল, ৯৩ হাজার মানুষ শ্রীনি মামাকে দুয়ো দিল। এটা আমার মুখে হাসি এনে দিয়েছে।’ অ্যান্থনির টুইট, ‘আমাদের বিশেষ অতিথি-সেপ ব্ল্যাটার (ফিফা সভাপতি), বার্নি একলেস্টোনের (ফর্মুলা ওয়ান প্রধান) বিশ্বের তৃতীয় দুর্নীতিগ্রস্ত ব্যক্তি।’
সবচেয়ে শোরগোল ফেলে দিয়েছে একটি কার্টুন। শচীন টেন্ডুলকারের শৈশবের সেই আদুল গায়ে ব্যাট ধরার ছবিটির অনুকরণে একইভাবে শ্রীনিরও একটি কার্টুন আঁকা হয়েছে। সেই কার্টুনটি প্রকাশ করে ফ্রেডি ওয়াইল্ড এন শ্রীনিবাসন যে টেন্ডুলকারের পাশে দাঁড়িয়েছেন সেদিকে ইঙ্গিত করে লিখেছেন, ‘গডের পাশে গডফাদার!’