সামি-স্যামির তাণ্ডবে জয় রাজশাহীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের জয়ে অবদান ছিল দুজনেরই। ছবি: প্রথম আলো
দলের জয়ে অবদান ছিল দুজনেরই। ছবি: প্রথম আলো

ম্যান অব দ্য ম্যাচ কে হবেন—রাজশাহী কিংস আর কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচ শেষে এই প্রশ্নটা উঠেছিল। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লার বিপক্ষে রাজশাহী ৩০ রানে জেতার পর সেই জয়ে কার অবদান বেশি, সেটি নিয়ে নানা মুনির নানা মত থাকতেই পারে—ড্যারেন স্যামির ব্যাট না মোহাম্মদ সামির বোলিং!

স্যামি যখন ব্যাট হাতে নেমেছিলেন, তখন রাজশাহী ভাবতেও পারেনি যে তাদের সংগ্রহটা ১৮০ পেরিয়ে যাবে। ১৭তম ওভারে স্যামি যখন নামলেন রাজশাহীর সংগ্রহ, তখন ৫ উইকেটে ১২৩। বাকি ৩ ওভারে এখান থেকে আর কত দূর যাওয়া যায়! রাজশাহী গেল ১৮৫ অবধি—আর এর পেছনে স্যামির ১৪ বলে ৪৭ রানের ইনিংসটা বড় অবদানই রেখেছে। কুমিল্লার ব্যাটসম্যানদের বোলার সামি ঠেকিয়ে দিয়েছেন অসাধারণ বোলিংয়ে—৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে। ম্যান অব দ্য ম্যাচ নিয়ে বিভক্ত মত তো থাকতেই পারে। তারপরও স্যামি ম্যান অব দ্য ম্যাচ হলেন তাঁর ম্যাচ ঘুরিয়ে দেওয়া ইনিংসের কারণেই।
ম্যাচটা কুমিল্লা ৩০ রানে হেরেছে। সাইফউদ্দিনের করা ২০তম ওভারে স্যামি তুলে নেন ৩০ রান। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকায় ডেভিড মিলার বাংলাদেশের এই বোলিং অলরাউন্ডারের এক ওভারে ৩০ রান তুলে নিয়েছিলেন। অথচ এই সাইফই তাঁর প্রথম ৩ ওভারে ২০ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। স্যামি তাঁর বোলিং পরিসংখ্যানটাকে বড় নির্মমতার সঙ্গেই বরবাদ করেছেন।
এই ম্যাচে তামিমের ব্যাটে রান এসেছে। ৪৫ বলে ৬৩ রানের একটা ইনিংস খেলেছেন তিনি। কিন্তু কুমিল্লাকে জেতাতে পারেননি। শোয়েব মালিক ২৬ বলে করেছেন ৪৫। এই দুজনের পাশাপাশি জস বাটলারের ১৫ আর হাসান আলীর ১৬ রান ছাড়া বলার মতো আর কোনো সংগ্রহ নেই কুমিল্লা-শিবিরে। থাকবে কী করে, কোনো বোলার ৪ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নিলে ব্যাটসম্যানরা দাঁড়াবেন কী করে!
সামির এমন বোলিং পেছনে ফেলে দিয়েছে মোস্তাফিজুর রহমানের ফেরাটাকেও। বাংলাদেশে বাঁহাতি পেসার চোট কাটিয়ে বিপিএলে খেলতে নেমে অবশ্য রাজশাহীর জয়ের সহায়কই হয়েছেন—৩.১ ওভার বল করে ৩২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। রানের হিসাবে বেশে খরুচে হলেও ২ উইকেট পাওয়াটা তাঁর জন্য স্বস্তিরই।
টসে জিতে ব্যাট করা রাজশাহীর ওপেনিং জুটিটা ভালোই জমেছিল। পাওয়ার প্লের শেষ ওভারে ডোয়াইন স্মিথ আউট হওয়ার আগে স্কোরবোর্ডে ৪৩ রান তুলে দিয়েছেন। চার রান পরই ফিরেছেন আরেক ওপেনার মুমিনুল হক। ১৫ বলে ২০ রান করে ফিরেছেন জাকির হাসান, এর ১১ রান পরই ফিরেছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তবে ৩৬ বলে ৪২ রানের কার্যকরী এক ইনিংসে রাজশাহীকে আগলে রেখেছিলেন ইংলিশ অলরাউন্ডার লুক রাইট।
শেষ পাঁচ ওভারে দ্রুতই আউট হয়েছেন রাইট, জেমস ফ্রাঙ্কলিন ও মেহেদী হাসান মিরাজ। কিন্তু অন্য প্রান্তে যে ঝড় তুলেছিলেন স্যামি। গুনে গুনে হাফ ডজন ছক্কা মেরেছেন কিংস অধিনায়ক, এর চারটিই এসেছে মোহাম্মদ সাইফউদ্দিনের করা শেষ ওভার থেকে। তবে ৩ উইকেট নিয়ে সাইফউদ্দিনই কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ানসের সেরা বোলার। ২ উইকেট নিয়েছেন হাসান আলী।
জবাবে কুমিল্লার সূচনা একদমই ভালো হয়নি। ৪ রানের মধ্যেই ফিরেছেন দুই টপ অর্ডার ব্যাটসম্যান ফখর জামান ও ইমরুল কায়েস। এরপর জুটি গড়েন তামিম ইকবাল ও শোয়েব মালিক। তৃতীয় উইকেটে ৮৭ রানের জুটি গড়ে কুমিল্লাকে জয়ের পথে রেখেছিলেন এই দুজন। জুটি ভাঙেন স্মিথ, ২৬ বলে ৪৫ রান করা মালিককে ফেরান তিনি। রানরেট চড়ে বসছিল, তাই শুরু থেকেই চড়াও হয়ে খেলছিলেন জস বাটলার-তামিম জুটি। এই আসরের প্রথম ফিফটির দেখা পেয়েছেন তামিম। ৩ ছক্কা আর ৪ বাউন্ডারিতে ৬৩ রান করেছেন কুমিল্লার অধিনায়ক। কিন্তু পরপর দুই বলে তামিম ও অলক কাপালি ফিরে গেলে আবারও চাপে পড়ে ভিক্টোরিয়ানস। এক বল পর সাইফউদ্দিনকেও প্যাভিলিয়নের রাস্তা দেখান পাকিস্তানি পেসার। পরের ওভারে ফ্রাঙ্কলিনের বলে বাটলার আউট হয়ে গেলে ম্যাচ কার্যত শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ৩০ রানে হেরেছে তামিমের দল।