সামিউল হত্যার প্রতিবাদে সামিল মুশফিকও

বাংলাদেশ দল জিতলে ফেসবুক ছেয়ে যায় একের পর এক আনন্দবার্তায়। কিন্তু গতকাল যেন আনন্দ ঢেকে গেল শোকের ছায়ায়। বাংলাদেশের স্মরণীয় এক জয়ের দিনে যে দেশে ঘটে গেল বেদনাদায়ক এক ঘটনা। অমানুষিক, বর্বর নির্যাতনে মেরে ফেলা হয়েছে তেরো বছরের এক শিশুকে। আর এই ঘটনায় নিজের মতো করে প্রতিবাদ করলেন মুশফিকুর রহিম। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক এ নিয়ে একটি ছবি পোস্ট করেছেন তাঁর ফেসবুক পেজে।
সিলেটের সেই পৈশাচিক ঘটনায় মানুষ নামের কিছু নরপশু শিশু সামিউলকে পিটিয়ে মেরে ফেলে। শুধু তা-ই নয়, এই দৃশ্য ধারণ করা হয় মুঠোফোনের ক্যামেরায়। আঘাতের পর আঘাতে সামিউল যখন কাঁদছিল, বাঁচার আকুতি জানাচ্ছিল, সেই নরপিশাচগুলো হেসে উঠছিল দানবের মতো। প্রায় আধ ঘণ্টা ধরে চলা এই নির্যাতনের ভিডিও প্রকাশ পেলে সারা দেশ হতবাক হয়ে যায়।
গণমাধ্যমে মধ্যযুগীয় এই আচরণের বিরুদ্ধে সবাই তাঁদের ক্ষোভ জানাচ্ছেন গতকাল থেকেই। তাতে সামিল মুশফিকও। প্রকাশিত ছবিতে দেখা যায়, মুশফিক একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে লেখা ‘সব ধরনের শিশু নির্যাতনকে না বলুন’। শুধু ছবি প্রকাশ করেননি। এ ধরনের ঘটনার ব্যাপারে নিজের মতামতও জানিয়ে দিয়েছেন মুশফিক, ‘একটা নিষ্পাপ শিশুকে নির্যাতন করে মেরে ফেলার মতো বড় অপরাধ মনে হয় আর নেই। শিশু নির্যাতনকে না বলুন!’
তাঁর অনুসারীরা বার্তাটিকে স্বাগত জানিয়েছেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তাতে এক লাখেরও বেশি মানুষ ‘লাইক’ দিয়ে সহমত জানিয়েছেন। কয়েক হাজার শেয়ার হয়েছে ছবিটি। অজস্র মন্তব্যে মুশফিকের ভক্তরাও তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই ঘটনার।