সাময়িক নিষিদ্ধ শারজিল-লতিফ
দুর্নীতির বিরুদ্ধে তদন্তের স্বার্থে দুই খেলোয়াড় শারজিল খান ও খালিদ লতিফকে সাময়িক নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের দুর্নীতি দমন নীতিমালা অনুযায়ীই এই সিদ্ধান্ত। দুবাইয়ে পরশু শুরু হওয়া পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) ঘিরে আন্তর্জাতিক চক্রের ‘ফিক্সিংয়ের’ চেষ্টার আভাস পেয়েছে পিসিবি। আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে (এসিইউ) সঙ্গে নিয়ে সেটির তদন্তেও নেমেছে তারা। এই তদন্তের স্বার্থেই আপাতত সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে শারজিল ও লতিফকে। গতকাল বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘শারজিল ও লতিফকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। খেলাটির সততা রক্ষার স্বার্থে আইসিসির সাহায্য নিয়ে পিসিবি বৃহৎ পরিসরে যে তদন্ত করছে, সেটি চলতে থাকবে।’ পিএসএলের চেয়ারম্যান নাজাম শেঠি অবশ্য এখনই বিস্তারিত বলতে রাজি হননি, ‘ব্যাপারটির খুঁটিনাটি নিয়ে এখন মন্তব্য করা ঠিক হবে না। তবে আমরা কোনো ধরনের দুর্নীতি মেনে নেব না। আর তদন্ত চলার সময়ে কোনো ব্যবস্থা নেওয়া প্রয়োজন মনে হলে সেটি নিতেও বিন্দুমাত্র দ্বিধা করব না।’ এএফপি।