সারাটা দিন অশ্রু আটকে রাখব

লিম্ফোমা। সহজ ভাষায় মরণব্যাধি ক্যানসার। এই লিম্ফোমাতেই বেশ কিছুদিন ধরে ভুগছেন মার্টিন ক্রো। মৃত্যুর সমন পেয়েছেন, এখন শুধু অপেক্ষা। তবু স্বাভাবিকভাবেই জীবন যাপন করছেন ৫২ বছর বয়সী সাবেক কিউই অধিনায়ক। মাঠে এসে ক্রিকেট দেখছেন, ধারাভাষ্য দিচ্ছেন, লেখালেখি করছেন। যেকোনো দিন জীবনঘড়ির কাঁটা থেমে যাবে। কঠিন এই সত্যটা জেনেও নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান আবেগাপ্লুত হচ্ছেন বিশ্বকাপ ফাইনাল নিয়ে। ইএসপিএনক্রিকইনফোতে লেখা এক কলামে উঠে এসেছে ক্রোর সেই আবেগ, যা নাড়া দিয়েছে সব ক্রিকেটপ্রেমীকে—
দর্শকে উপচে পড়া মেলবোর্নে আজ আরেকটি লড়াইয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। অ্যানজেক (অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড আর্মি কোর) চুক্তির আওতায় অনেকবার এ দুটি দেশের সৈন্যরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আজ সেই দুদেশের ক্রিকেটাররাই লড়বে একে অন্যের বিপক্ষে।
নিউজিল্যান্ডের সাফল্যে আমি বিস্মিত। এটা আমাদের ক্রিকেট জীবনের সবচেয়ে গর্বের সময়। নিউজিল্যান্ডের সবার জন্যই কথাটা সত্যি। আমরা আগে ছয়বার চেষ্টা করেও ফাইনালে যেতে পারিনি, তবে সেই চেষ্টাই আজকের ভিত গড়ে দিয়েছে। অতীতের ওই ব্যথা ছাড়া ব্রেন্ডন ম্যাককালামের দল পারত না এখানে আসতে। বারবার ব্যর্থ হয়েছি বলেই আমাদের সাফল্যক্ষুধা এত বেড়েছে।
১৯৭৫ থেকে এ পর্যন্ত নিউজিল্যান্ড এসেছে দলগত প্রচেষ্টায়। সাহসের সঙ্গে ছেলেরা আমাদের পতাকা বয়ে এনেছে। এটা দেখার এবং কৃতজ্ঞতা জানাতে আজ আমিও থাকব সেখানে। আমি মুগ্ধ দুই অধিনায়ককে নিয়েই। একটা দলের দর্শন, খেলার ধরন, এসবের পেছনে কোচ, টিম ম্যানেজমেন্টেরও ভূমিকা থাকে। তবে শেষ পর্যন্ত দলটা চালায় অধিনায়কই। তার ভূমিকাই আসল।
ক্লার্ক আর ম্যাককালাম একই জাতের অধিনায়ক। দুজনকেই ভুল বোঝা হয়েছে অনেক সময়। সেটা অবশ্য তাদের কথার জন্যই। কিন্তু আমার মনে হয়, ভবিষ্যৎ পথ দেখানোর বার্তা নিয়েই জন্মেছে দুজন। দুজনই করণীয় ঠিক করে নিতে কখনো দ্বিধা করেনি।
মাঠে ও মাঠের বাইরে সামনে থেকেই তারা নেতৃত্ব দিয়েছে। ম্যাককালাম পুরো দেশের মন জয় করেছে। সে আসলেই অদম্য। ক্লার্ককে আজকের ম্যাচটা জিততে হবে দেশকে শুধু পঞ্চম বিশ্বকাপ ট্রফি এনে দিতেই নয়, নিজের সম্পর্কে ভুল ধারণা ভেঙে দিতেও। আমার মনে হয় ক্লার্কের আরও বেশি সম্মান পাওনা। আজ আসলে ম্যাককালামের হারের কোনো উপায় নেই, আবার জিততে হবে ক্লার্ককেও। কী পাগলামি!
ফল যা-ই হোক, চলুন আমরা দুই অধিনায়ককে কুর্নিশ করি। নিউজিল্যান্ড জিতলে প্রথমবারের মতো দেশটির রাগবি দলের ছায়া থেকে বেরিয়ে আসবে ব্ল্যাক ক্যাপরা। তবে এই সাফল্য উদ্যাপনও হয়তো খুব বেশি দিন থাকবে না। আসছে সেপ্টেম্বরেই রাগবি দলটাও শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে ইংল্যান্ডে। সফল হলে একই বছরে দুটো খেলার বিশ্বকাপ জয়ের এক অনন্য নজির হবে নিউজিল্যান্ডের ইতিহাসে।
অনিশ্চিত এক জীবনেই এখন বসবাস আমার। এ জীবন হয়তো আমাকে আর খুব বেশি খেলা দেখা এবং উপভোগ করার বিলাসিতা করতে দেবে না। আজই খুব সম্ভবত আমি শেষবারের মতো কোনো ক্রিকেট ম্যাচ মাঠে বসে উপভোগ করব। সারাটা দিন আমি চোখের পানি আটকে রাখব। রুদ্ধশ্বাস অপেক্ষায় থাকব পুরো দিন। রস টেলর আর মার্টিন গাপটিলরা আমার ছেলের মতো। সতীর্থদের পাশে নিয়ে আজ তারা লড়বে দেশের জন্য, এটা দেখাও তো আমার জন্য গর্বের ব্যাপার।
ফাইনালটা দেখতে বসে নিজেকে মনে হবে সন্তানের জন্য উদ্বিগ্ন বাবা। আরও অনেক নিউজিল্যান্ডবাসীর মতো আমিও তাসমান সাগর পাড়ি দেব শুধু এই অনুভূতিটা পেতে। ৪০ লাখ কিউই কায়মনোবাক্যে প্রার্থনায় থাকবে। ফল যা-ই হোক, ২৯ মার্চ মেলবোর্নের স্মৃতি আমাদের জন্য আনন্দদায়কই হয়ে থাকবে সারা জীবন।