সালমাকে ছাড়াই আয়ারল্যান্ড সফর
বাংলাদেশ মহিলা দল এখন পর্যন্ত আন্তর্জাতিক ওয়ানডে খেলেছে ১৮টি, টি-টোয়েন্টি ৩০টি। এই সব ম্যাচেই লাল-সবুজ জার্সি গায়ে খেলেছেন, এমন ক্রিকেটার মাত্র তিনজন—সালমা খাতুন, লতা মণ্ডল ও রুমানা আহমেদ। কিন্তু লতা আর রুমানার চেয়ে এই প্রথম পিছিয়ে পড়ছেন সালমা। কাঁধের চোটের কারণে সাবেক অধিনায়ক সুযোগ পাননি আসন্ন আয়ারল্যান্ড সফরের ১৪ সদস্যের দলে।
সালমাকে বাইরে রেখেই কাল ঘোষিত হয়েছে দুই ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির সিরিজের দল। নতুন মুখ অফ স্পিনার জান্নাতুল ফেরদৌস। আয়ারল্যান্ড মহিলা দলের বিপক্ষে ৫ ও ৬ সেপ্টেম্বর দুটি টি-টোয়েন্টি ম্যাচের পর ওয়ানডে দুটি হবে ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচই হবে লন্ডনডেরির ব্রিডি ক্রিকেট ক্লাব মাঠে। বাংলাদেশ মহিলা দল দেশ ছাড়বে ২ সেপ্টেম্বর।
সালমাকে না পেলেও যাঁরা আছেন তাঁদের নিয়েই সন্তুষ্ট বিসিবির মহিলা উইংয়ের নির্বাচক আতহার আলী খান, ‘আমরা অবশ্যই সালমার অভিজ্ঞতাটা মিস করব। তবে আমাদের বোলিং বৈচিত্র্য এখনো বেশ ভালো।’ এশিয়া কাপ, বিশ্বকাপ বাছাইসহ সামনে লম্বা মৌসুম। সে জন্য দলের স্বার্থেই সালমাকে সেরে ওঠার জন্য সময় দিতে হবে বলে মনে করেন আতহার।
র্যা ঙ্কিংয়ে আইরিশদের চেয়ে এগিয়ে থাকলেও আয়ারল্যান্ডের কন্ডিশনে খেলাটা একটু কঠিন বাংলাদেশের মেয়েদের জন্য। সেটা মনে করিয়ে দিয়ে সিরিজটাকে চ্যালেঞ্জিং বলেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার। তবে তিনি আত্মবিশ্বাসী, ‘আমরা কঠোর পরিশ্রম করেছি। আমাদের লক্ষ্য ম্যাচ জেতা।’
আয়ারল্যান্ড সফরের দল: জাহানারা আলম (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ অধিনায়ক), সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক, লতা মণ্ডল, নিগার সুলতানা, রিতু মনি, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, পান্না ঘোষ, খাদিজা-তুল-কুবরা, সুরাইয়া আজমিন ও জান্নাতুল ফেরদৌস। স্ট্যান্ডবাই: শারমিন আক্তার ও শায়লা শারমিন।