সালমাদের আজকের লক্ষ্য ১১৫
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আজও পাকিস্তানি মেয়েদের রান তাড়া করবে বাংলাদেশ। করাচির সাউথএন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করে পাকিস্তান নারী ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে তুলেছে ৬ উইকেটে ১১৪ রান।
বল হাতে বাংলাদেশের মেয়েরা আজও ভালো করেছেন। নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানি ব্যাটারদের তাঁরা স্বাচ্ছন্দ্যে রানই তুলতে দেননি। লাইনে বল করে পাকিস্তানিদের জন্য বাউন্ডারিও দূরের বিষয়ে পরিণত করেছিলেন লতা মণ্ডল-নাহিদা আকতাররা। পুরো ইনিংসে বল সীমানা পেরিয়েছে মাত্র ৮ বার। এর মধ্যে সাতটি ছিল চার আর একটি ছয়ের মার।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান আসে বিসমাহ মারুফের ব্যাট থেকে। এ ছাড়া মারিনা ইকবাল করেন ৩৩ আর আলিয়া রিয়াজ ২০।
বাংলাদেশের নাহিদা আকতার ২৭ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। সালমা আর লতা দুজনেই নিয়েছেন একটি করে উইকেট।
এই প্রতিবেদন লেখার সময় ব্যাট হাতে মাঠে নেমেছে বাংলাদেশ। দলীয় ৫ রানের মাথাতেই ফিরে গেছেন আয়েশা রহমান। সানা মীরের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়েছেন তিনি। আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে আসে ৫ রান। সূত্র: ক্রিকইনফো।