সালমান বাট 'ইস্যু' হবে না মনে করে মোহামেডান

• এই মৌসুমে মোহামেডানে খেলবেন সালমান বাট।
• সাবেক পাকিস্তানি অধিনায়ক স্পট ফিক্সিং-কাণ্ডে কারাভোগ করেছেন, নিষিদ্ধও হয়েছিলেন।
• নিষেধাজ্ঞা কাটিয়ে সালমান এখন নিয়মিতই খেলছেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট।
• মোহামেডান মনে করে, সালমানের স্পট কেলেঙ্কারি ‘অতীতের বিষয়’।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে পাকিস্তানি ক্রিকেটারদের খেলাটা নতুন কিছু নয়। বহু আগে থেকেই দেশের এই জনপ্রিয় ‘লিস্ট “এ”’ লিগে বিভিন্ন আবাহনী-মোহামেডান-ব্রাদার্সের মতো ক্লাবগুলোর অংশ পাকিস্তানি ক্রিকেটাররা। হালে এর সংখ্যা অনেকটা কমলেও পাকিস্তানিরা একেবারে বিরল নন। তবে এবার মোহামেডানে যিনি খেলতে আসছেন, তাঁকে আর দশজন সাধারণ পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে তুলনা করা যাচ্ছে না। ২০১০ সালে দুনিয়ায় তোলপাড় ফেলে দেওয়া স্পট ফিক্সিং কেলেঙ্কারির হোতা, সালমান বাট এবার সাদা-কালোদের হয়ে খেলবেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। সালমান এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। আগামীকাল বুধবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষেই তাঁর মাঠে নামার কথা।
মোহামেডানে এবার খেলছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তিনি অধিনায়কত্বও করছেন। স্পট ফিক্সিং-কাণ্ডে কারাবাস করা পাকিস্তানের সাবেক অধিনায়কের সঙ্গে তাঁর রসায়নটা কেমন হয়, সেটি দেখার অপেক্ষায় এখন ক্রিকেটপ্রেমীরা।
মোহামেডান অবশ্য সালমানকে দলভুক্ত করার ব্যাপারে কোনো অন্যায় দেখছে না। তাদের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘সালমান বাট যে কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে কারাভোগ করেছেন, সেটি অনেক আগের কথা। তিনি শাস্তি ভোগ শেষে খেলায় ফিরেছেন। মোহামেডানের একজন বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যানের দরকার পড়েছিল। সালমান সেই অভাবটিই পূরণ করেছেন। আমরা মনে করি, এটা কোনো ইস্যু হবে না। তার কাছ থেকে আমরা রান চাই। সে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেও রান করে এসেছে। আমাদের কাছে সেটিই গুরুত্বপূর্ণ।’
২০১০ সালের আগস্টে ক্রিকেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের স্পট ফিক্সিং কেলেঙ্কারি। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে সালমান বাট পাকিস্তানের অধিনায়কত্ব করছিলেন। সে টেস্টে সালমানের প্ররোচনাতেই ইচ্ছা করে নো বল করেছিলেন দুই পেসার আমির ও আসিফ।
অভিযোগ স্বীকার করেছিলেন তাঁরা। সে সময় ইংল্যান্ডে ফৌজদারি অপরাধে দোষীয় সাব্যস্ত হয়েছিলেন এই তিন ক্রিকেটার। কারাবাসও করতে হয়েছে। পরে যেকোনো ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর তাঁদের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়। আমির ক্রিকেটে ফিরেছেন সম্মানের সঙ্গেই। প্রথমে ব্যাপক বিতর্ক হলেও আমির এই মুহূর্তে পাকিস্তান জাতীয় দলের নিয়মিত সদস্যই। সালমান ও আসিফ পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও এখনো জাতীয় দলে ফিরতে পারেননি।
বিতর্ক অবশ্য সালমানের পিছু ছাড়েনি এখনো। এই তো কিছুদিন আগেই সংযুক্ত আরব আমিরাতের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে গিয়েছিলেন। সেই টুর্নামেন্টে তাঁর মাঠে নামা একটি ম্যাচই এই মুহূর্তে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের (আকসু) তদন্তাধীন। ম্যাচটিতে দৃষ্টিকটু কিছু আউটের ঘটনায় ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে।
বিপিএলে পাকিস্তানি তারকা ক্রিকেটারদের নিয়মিত সমাবেশ ঘটলেও বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী ঢাকা লিগে অতীতে পাকিস্তানের অনেক বড় বড় তারকাই খেলেছেন। কেবল তা-ই নয়। এই লিগে নব্বইয়ের দশকে শ্রীলঙ্কান ও ইংলিশ তারকারাও খেলেছেন। ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদি, ইউনিস খানদের পাশাপাশি নিল ফেয়ারব্রাদার, ফিলিপ ডিফ্রেটাস, রিচার্ড ইলিংওয়ার্থ ও ডারমট রিভরা খেলেছেন। ১৯৯৬ সালে বিশ্বকাপ জেতার পরপরই মোহামেডানে খেলতে এসেছিলেন শ্রীলঙ্কান দুই তারকা অর্জুনা রানাতুঙ্গা ও সনৎ জয়সুরিয়া।