সালমার দেড় শ রান!
আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ব্যাট হতাশ করেছে বারবার। তবে দেশের ক্রিকেটে তিনিই সেরা! সালমা খাতুন সেটি দেখিয়ে দিলেন আরেকবার। মেয়েদের প্রিমিয়ার ক্রিকেটের প্রথম আসরের প্রথম দিনটি রাঙালেন ১৫০ রানের অপরাজিত ইনিংসে! সালমার সতীর্থ ইতি মণ্ডল করেছেন অপরাজিত ১২৪ রান। ৪০ ওভারে তিন শ রান তোলাই মেয়েদের ক্রিকেটে বড় ঘটনা। সালমার দল মোহামেডান সেখানে ওরিয়েন্টকে হারিয়েছেই ৩১৬ রানে! উদ্বোধনী দিনের আরেক ম্যাচে আনসার ও ভিডিপিকে ১৪০ রানে হারিয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ।
ধানমন্ডি ক্রিকেট মাঠে সালমা সেঞ্চুরি ছুঁয়েছেন ৬০ বলে। শেষ পর্যন্ত ২৬ চারে অপরাজিত ৮৬ বলে ১৫০ করে। ১৫ চারে ১১২ বলে ১২৪ ওপেনার ইতি। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে দুজনের জুটি ১৭২ বলে ২৮৩। ৪০ ওভারে মোহামেডান তোলে ৩৪৯। ওরিয়েন্ট গুটিয়ে যায় ৩৩ রানে। দুই অঙ্ক ছুঁতে পেরেছে কেবল ‘মি. এক্সট্রা’ (১৩)।
বিকেএসপিতে ১৫ চারে ৭৮ বলে ৯০ রান করেছেন জাতীয় দলের অলরাউন্ডার লতা মণ্ডল। ওপেনার ও উইকেটকিপার শামিমা সুলতানা ৫৬। আনসার অধিনায়ক সোহেলি আক্তার নিয়েছেন ৬ উইকেট। তবু রূপালী ব্যাংক গড়ে ২১৪ রানের পুঁজি। আনসার চ্যালেঞ্জও জানাতে পারেনি এই রানকে, গুটিয়ে যায় ৭৪ রানেই। অফ স্পিনে ৩ উইকেট নিয়েছেন রূপালী ব্যাংক অধিনায়ক সাথিরা জাকির।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান-ওরিয়েন্ট
মোহামেডান: ৪০ ওভারে ৩৪৯/২ (সালমা ১৫০*, ইতি ১২৪*, রুবাইয়া ২১, সাবরিনা ১/৪১, জেরিন ১/৪৩); ওরিয়েন্ট: ২০.১ ওভারে ৩৩ (দিলারা ৫; রুমানা ৩/৪, তাহেরা ২/৯, সালমা ১/২, আশা ১/৬)।
ফল: মোহামেডান ৩১৬ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: সালমা খাতুন।
রূপালী ব্যাংক-আনসার ও ভিডিপি
রূপালী ব্যাংক: ৪০ ওভারে ২১৪/৭ (লতা ৯০, শামিমা ৫৬, সাথিরা ১৭; সোহেলি ৬/৩৬); আনসার: ৩৩.৪ ওভারে ৭৪ (আয়েশা ২২, লাকি ১৫; সাথিরা ৩/১৬, সাবিকুন নাহার ২/১১, রিমা ১/৪, সান্দামালি ১/৬, লতা ১/১২, জেসিয়া ১/২১)।
ফল: রূপালী ব্যাংক ১৪০ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: লতা মণ্ডল।