সালাহ-মানের সঙ্গে লিভারপুলে খেলার ইচ্ছা ‘বিধ্বংসী স্ট্রাইকার’ ভিভ রিচার্ডসের
ক্রিকেটে তিনি কী, সেটি নতুন করে বলতে যাওয়া ক্রিকেটেরই অপমান! সর্বকালের সেরা বিধ্বংসী ব্যাটসম্যান মানা হয় তাঁকে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি সেই ভিভ রিচার্ডস ফুটবলটাও যে বেশ ভালো পারতেন, সেটির প্রমাণ দেয় অ্যান্টিগা ও বারবুডার জাতীয় দলে তাঁর খেলাও। অনেকের দাবি, ১৯৭৪ বিশ্বকাপের বাছাইপর্বেও খেলেছেন রিচার্ডস। যদিও সে ম্যাচগুলোর আনুষ্ঠানিক নথিপত্রে তাঁর নাম নেই।
তা যা-ই হোক, আর ১৯ দিন পর ৭০তম জন্মদিনের কেক কাটতে যাওয়া ভিভ রিচার্ডসের ফুটবল-আগ্রহ আবার আলোচনায় আসছে তাঁরই এক টুইটের কারণে। টুইটে যে পেশাদার ফুটবল খেলার ইচ্ছার কথা জানিয়েছেন রিচার্ডস।
সেটিও কোনো ক্লাবের হয়ে! নিজেকে ‘বিধ্বংসী স্ট্রাইকার’ দাবি করে ইংলিশ ক্লাব লিভারপুলকে রিচার্ডস জানিয়ে রাখলেন, মো. সালাহ ও সাদিও মানের পাশে আক্রমণভাগে খেলোয়াড় দরকার হলে তিনি আছেন!
পুরো ব্যাপারটাই যে মজা করে, তা তো আর বলে দেওয়ার দরকার পড়ে না। এই মুহূর্তে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ব্যাটিং কোচ ও পরামর্শক হিসেবে কাজ করছেন রিচার্ডস।
তা ক্রিকেটে অনুশীলনের আগে গা গরমে ফুটবল নিয়ে ক্রিকেটারদের মাঠে নেমে পড়ার চল তো পুরোনো, ফুটবল দেখে রিচার্ডসেরও বুঝি ইচ্ছে হলো দু-একটা লাথি মারার। আর যা-ই হোক, ক্রিকেটে তাঁর নামডাক হলেও ফুটবলের সঙ্গেও তাঁর দারুণ খাতির!
সে ইচ্ছা থেকেই ফুটবল নিয়ে একটু দৌড়াদৌড়ি করেছেন রিচার্ডস। ফুটবলে শট নিতে যাচ্ছেন, এমন একটি ছবি আজ টুইটারে দিয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি। তাঁর ছবির ক্যাপশনই সংবাদের শিরোনাম হওয়ার মতো।
ক্যাপশনে লিভারপুলকে ট্যাগ করে রিচার্ডস লিখেছেন, ‘লিভারপুলের কেউ শুনছেন? আমি ভাবছিলাম আপনাদের দলে মো. সালাহ আর মানের পাশের খেলার মতো একজন বিধ্বংসী স্ট্রাইকারের জন্য জায়গা ফাঁকা আছে কি না!’ লিভারপুলের ভক্ত তিনি, লিভারপুলেই তো খেলতে চাইবেন!
রিচার্ডসের পোস্টের নিচে মন্তব্যের ঘরে হাজির আরেক লিভারপুল-ভক্ত ক্রিকেটার—দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান রাইলি রুশো। তিনি রীতিমতো ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিয়েছেন রিচার্ডসকে, ‘আপনি আর আমি তাহলে একটা জায়গা পেতে লড়ব, স্যার!’ পাশে হাসির ইমোজিতেই যা বোঝানোর বুঝিয়ে দিয়েছেন রুশো।
লিভারপুলের আক্রমণভাগে ‘জায়গা পাওয়া’ অবশ্য রিচার্ডস-রুশোদের জন্য একটু কঠিনই হবে। সেখানে যে এই মুহূর্তে ধুন্ধুমার প্রতিদ্বন্দ্বিতা! সালাহ-মানের সঙ্গে ব্রাজিলের রবার্তো ফিরমিনো তো আছেনই, গত মৌসুমে ক্লাবে যোগ দেওয়া দিয়োগো জোতাও গোলের পর গোল করে একাদশে ফিরমিনোর জায়গা কেড়ে নিয়েছেন।
এর মধ্যে গত মাসের শেষ দিকে আক্রমণের বাঁ দিকে মানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে ও ভবিষ্যতের কথা খেয়াল রেখে কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজকেও দলে টেনেছে লিভারপুল।
তার মানে শুধু আক্রমণের ডান দিকে সালাহরই কোনো সরাসরি প্রতিদ্বন্দ্বিতা নেই! তাকুমি মিনামিনো, ডিভক অরিগিরা আছেন, কিন্তু তাঁরা কেউই বাঁ পায়ের নন। দারুণ প্রতিভাবান তরুণ হার্ভি এলিয়ট আছেন বাঁ পায়ের, কিন্তু তাঁকে আক্রমণের বদলে মাঝমাঠ ও আক্রমণের সংযোগে রাখাই পছন্দ লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের।
সে ক্ষেত্রে বলা যায়, আক্রমণের ডান দিকে খেলতে পারলেই হয়তো লিভারপুলের ‘সুযোগ’ মিলতে পারে রিচার্ডসের। লিভারপুল কোচ ক্লপ মনে হয় না এমন কিংবদন্তিকে দলে পাওয়ার সুযোগে ‘না’ বলবেন!
তবে দলে সুযোগ পাওয়ার ব্যাপারটা তো মজা করে বলা, রিচার্ডস আজ নিশ্চিত লিভারপুলের খেলা দেখতে টিভির সামনে বসে থাকবেন। বাংলাদেশ সময় আজ রাত দুইটায় যে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ইন্টার মিলানের মাঠে নামছে লিভারপুল।