সাসেক্সে অভিষেক-লগ্ন রাঙাতে পারবেন মুস্তাফিজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাক্ষাৎকার দেওয়ার সময় মুস্তাফিজ। ছবি: সাসেক্স
সাক্ষাৎকার দেওয়ার সময় মুস্তাফিজ। ছবি: সাসেক্স

আর মাত্র কয়েক ঘণ্টা। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে সাসেক্সের হয়ে অভিষেক হচ্ছে মুস্তাফিজুর রহমানের। চেমসফোর্ডে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হওয়া এসেক্স ইগলসের বিপক্ষে মাঠে নামার কথা এই বাঁহাতি পেসারের।
দারুণ মিল দেখুন, ঠিক এক বছর আগে চট্টগ্রামে এই দিনে টেস্ট অভিষেক হয়েছিল মুস্তাফিজের। দুই ‘অভিষেকে’র তাৎপর্য যদিও এক নয়। কিন্তু সাদৃশ্য তো থাকতেই পারে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেই টেস্টে ৪ উইকেট নিয়ে অভিষেকটা রঙিন করে রেখেছেন মুস্তাফিজ। সাসেক্সের হয়ে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অভিষেক–লগ্নটা কি রাঙাতে পারবেন?
উত্তরটা সময়ের হাতে তোলা থাকলেও সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর তৃতীয় বাংলাদেশের খেলোয়াড় হিসেবে কাউন্টিতে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মুস্তাফিজ। সাসেক্সের অফিশিয়াল ওয়েবসাইটে ‘দ্য ফিজ’ জানালেন, ইংলিশ কন্ডিশনে খেলতে তিনি ভীষণ উন্মুখ, ‘সাসেক্স ক্রিকেট দলে বাংলাদেশের খেলোয়াড় হিসেবে আমি প্রথম। বড় গর্ব হচ্ছে। এখানে আবহাওয়া বেশ ভালো। আগে আইপিএল খেলেছি। ওখানে গরম। এখানে ঠান্ডা। সিনিয়র ভাইদের (জাতীয় দলের) কাছ থেকে শুনেছি, এখানকার উইকেট পেস বোলারদের জন্য ভালো। শুনে ভালো লাগছিল, এখানে খেলার অপেক্ষায় ছিলাম।’
অভিষেকের পরই বাংলাদেশের হয়ে মুস্তাফিজ উপহার দিয়ে চলেছেন রঙিন সব মুহূর্ত। প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েও বাজিমাত! এবার ইংল্যান্ডও জয় করতে চান মুস্তাফিজ। যদিও ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে সাসেক্সের অবস্থা খুব একটা ভালো নয়। ১১ ম্যাচের চারটিতে জয়, পাঁচটি পরাজয়, দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। ১০ পয়েন্ট নিয়ে তারা আছে ৭ নম্বরে। নিজের সেরাটা দিয়ে দলকে সাফল্য এনে দিতে চান মুস্তাফিজ, ‘জাতীয় দলে যখন খেলি, জয়ের জন্যই খেলি। আমি এত দিন ছিলাম না (সাসেক্সে)। শেষ তিনটি টি-টোয়েন্টিতে সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করব। ম্যাচগুলো জিততে দলে অবদান রাখার চেষ্টা করব। সাসেক্স ও বাংলাদেশের সমর্থকদের কাছে দোয়া চাই, যাতে আরও ভালো খেলতে পারি।’
বাংলাদেশের দর্শকদের দুর্ভাগ্য, স্টার স্পোর্টস আজ সাসেক্সের বদলে দেখাবে অন্য আরেকটি ম্যাচ।