সাসেক্সে তাহলে যাচ্ছেন মুস্তাফিজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই-দুইয়ে হয়তো চারই মিলতে যাচ্ছে, শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান খেলতে যাচ্ছেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে। ১৫ জুলাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচটিতে বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে পাওয়ার আশা করছেন সাসেক্সের কোচ মার্ক ডেভিস। শুধু টি-টোয়েন্টিই নয়, মুস্তাফিজকে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপেও খেলাতে চায় সাসেক্স।
আইপিএল খেলে আসা মুস্তাফিজের পুনর্বাসন শুরু হয়েছে ৯ জুন থেকে। কদিন আগে তাঁর পুনর্বাসনপ্রক্রিয়ার তত্ত্বাবধায়ক ও বাংলাদেশ দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন জানিয়েছিলেন, পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে এক মাস। সে হিসাবে ৯ জুলাইয়ের মধ্যে মুস্তাফিজের ফিট হয়ে যাওয়ার কথা। নির্ধারিত সময়ে সেরে উঠতে পারলে ১৫ জুলাই থেকে ইংল্যান্ডে খেলতে তাঁর অসুবিধা হওয়ার কথা নয়। বিসিবি অবশ্য বলে আসছে, মুস্তাফিজের ইংল্যান্ডে খেলা নির্ভর করছে তাঁর ফিটনেসের ওপর। বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও চান মুস্তাফিজ ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলে আসুন, যাতে ইংলিশ কন্ডিশনের সঙ্গে তাঁর পরিচয় হয়। তবে তাঁকে যেতে হবে ফিট হয়েই!
১৫ জুলাইয়ের ম্যাচটিসহ টি-টোয়েন্টি টুর্নামেন্টে গ্রুপ পর্বে আরও তিনটি ম্যাচ থাকবে সাসেক্সের। ওয়ানডে কাপেও থাকবে সমান ম্যাচ। সাসেক্স যদি এই দুই টুর্নামেন্টে নকআউট পর্বে যায়, মুস্তাফিজকে আপাতত রেখে দেওয়ারই পরিকল্পনা আছে কাউন্টি দলটির। মিড সাসেক্স টাইমসকে দেওয়া ডেভিসের সাক্ষাৎকারে পরিষ্কার, ‘কাটারমাস্টার’কে পেতে সাসেক্স কী আগ্রহী, ‘ফিজকে বোঝা আসলেই খুব কঠিন। আইপিএলের পর ওর পুনর্বাসন প্রত্যাশিত সময়ের চেয়ে বেশি সময় নিচ্ছে। তা ছাড়া বাড়ি ফেরার পর আবারও চলে আসাটাও ওর জন্য কঠিন হয়ে গেছে। তবে শেষ পর্যন্ত তাকে পাওয়াটা আমাদের জন্য হবে দারুণ।’