সাহসী অধিনায়কই বাঁচিয়ে রাখলেন আশা

ফিফটি করেই ব্যাট উঁচিয়ে ধরলেন। না চেহারায় ফিফটি করার আনন্দ নেই, বরং আছে দলকে মহা বিপদের হাত থেকে তুলে আনার তৃপ্তি। ক্রিকেটে ‘ক্যাপ্টেনস নক’ বলে একটা কথা বহুল প্রচলিত। সে কথাটি দিয়ে আসলে কী বোঝানো হয় তা দেখিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ। দেখল মিরপুরের দর্শক, দেখল বাংলাদেশ। মেহেদী ঝলকেই বাংলাদেশ পেল ২২৬ রানের লড়াকু এক পুঁজি।
৮৮ রানে ৪ উইকেট হারিয়ে থরথর করে কাঁপছিল বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালের মতোই জুটি বাধলেন জাকির হাসান ও অধিনায়ক মেহেদী। সবার বুকেই আশা ফিরে এল, এই দুজনেই উদ্ধার পাবে বাংলাদেশ। কিন্তু জাকিরও পারলেন না। ১১৩ রানে দলকে মহাবিপদে রেখে ফিরে গেলেন জাকিরও। অকূলপাথারে পড়ল বাংলাদেশ।
কিন্তু বাংলাদেশের তো আছে ‘ক্যাপ্টেন ফ্যানটাস্টিক’ মেহেদী। সঙ্গী হলেন মোহাম্মদ সাইফউদ্দিন। কোয়ার্টার ফাইনালের স্মৃতি ফিরিয়ে আনলেন অধিনায়ক। সাইফউদ্দিনকে সঙ্গী করে ৮৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে ফেরালেন খাদের কিনার থেকে। ৭৪ বলে ৬০ রান করে যখন ফিরে গেলেন দল তখন পেয়ে গেছে ১৯৮ রানের মোটামুটি এক সংগ্রহ। নেমেছিলেন ২২তম ওভারে, দল যখন বিপদে। নিজে হাল না ধরলে আরও বিপদ হতো। যোগ্য নাবিকের মতো হাল ধরে এগিয়ে নিয়ে আউট হলেন ৪৬তম ওভারে।
মেহেদীর আজকের এই ইনিংসকে শুধু রান দিয়ে বিচার করলে হচ্ছে না। মেহেদী যে শুধু নিজে রান করেননি, সাইফউদ্দিনকে দিয়েও রান করিয়েছেন। জুটি গড়েছেন। টিভিতে প্রায় প্রতিটি বলের পর শোনা যাচ্ছিল মেহেদীর কণ্ঠ। ছটফটে সাইফউদ্দিনকে মাথা ঠান্ডা করতে বলছেন, বলছেন ‘এখন না, আরেকটু পরে মার’। শুধু ব্যাটিং করলেন না মিরাজ, ব্যাটিংয়ে নেমেও অধিনায়কের দায়িত্ব পালন করতে হয়, করা যায় সেটাও দেখালেন।
সাইফউদ্দিনের আউটের কথাটিই চিন্তা করুন। এতক্ষণ ঠান্ডা মাথায় খেলা সাইফ মেহেদী আউট হওয়ার পরেই রীতিমতো উইকেট ছুড়ে দিয়ে এলেন! অন্যপাশে মেহেদীর পরামর্শের অভাবেই যেন এমন খামখেয়ালি আউট।
অধিনায়ক ফিরে আসার পর আর এগোতে পারেনি বাংলাদেশ। শেষ পাঁচ ওভারে হুড়মুড় করে আবারও পড়ল উইকেট, বাংলাদেশও থেমে গেল ২২৬ রানে। এখন বোলিংয়েও মিরাজকে দিতে হবে নেতৃত্ব।