সাহসী সফর শেষে ঘরে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছর দেড়েক পর আন্তর্জাতিক সিরিজ খেলে ফিরতে হয়েছে শূন্য হাতেই। জয় না পেলেও সাহসী পাকিস্তান সফরটা বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতিতে কাজে লাগবে বলে বিশ্বাস মেয়েদের। কাল দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলে এলেন সালমারা l শামসুল হক
বছর দেড়েক পর আন্তর্জাতিক সিরিজ খেলে ফিরতে হয়েছে শূন্য হাতেই। জয় না পেলেও সাহসী পাকিস্তান সফরটা বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতিতে কাজে লাগবে বলে বিশ্বাস মেয়েদের। কাল দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলে এলেন সালমারা l শামসুল হক

জল্পনা-কল্পনা ছিল। ছিল শঙ্কা। নিরাপত্তার কারণে যে দেশে কেউই দল পাঠাচ্ছে না, সেখানে কিনা ক্রিকেট খেলতে যাবে বাংলাদেশের মেয়েরা! পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর কী এত দায় বাংলাদেশের?
কিন্তু ক্রিকেট কূটনীতিতে সামান্য ঝুঁকি কখনো কখনো বড় সুফলও বয়ে আনতে পারে। বিসিবি সে কারণেই ঝুঁকিটা নিয়েছিল এবং তাতে তারা আপাতত সফল। পাকিস্তানের মহিলা দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি আর দুই ওয়ানডের সিরিজ শেষে কাল দুপুরে নিরাপদেই দেশে ফিরেছে সালমা খাতুনের দল।
বাংলাদেশের মেয়েরা সব ম্যাচই হেরেছে। পাকিস্তান সফর তারপরও পুরোপুরি ব্যর্থ হয়ে যাচ্ছে না। বরং নিরাপত্তার ভয়ে যে দেশে আর কোনো দলই যাচ্ছে না, সেখানে খেলে আসার সাহস দেখানোর জন্য প্রশংসাই প্রাপ্য তাঁদের। ছেলেদের দল পাঠানোর প্রতিশ্রুতি দিয়েও না পাঠানোয় বিসিবি-পিসিবির মধ্যে সৃষ্ট শীতল সম্পর্কটা এতে বেশ উষ্ণতাই পেয়েছে। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্থগিত করার সিদ্ধান্তে পিসিবি-প্রধানের ক্ষোভ প্রকাশ সেই ইঙ্গিতই দেয়।
পাকিস্তানে বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের নিরাপত্তায় পিসিবি যে রকম সচেষ্ট ছিল, তাতে মুগ্ধ বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন কাল বিমানবন্দর থেকে সরাসরি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে বলেছেন, ‘নিরাপত্তা অনেক ভালো ছিল। আমাদের কী রকম নিরাপত্তা দেওয়া হয়েছে সেটা বলে বোঝাতে পারব না। এতটা আশা করিনি।’ একই প্রশংসা ম্যানেজার শফিকুল হক হীরার কণ্ঠেও, ‘তারা আমাদের ভিভিআইপি নিরাপত্তা দিয়েছে। তিন-চারটি সংবর্ধনা দিয়েছে যেখানে পাকিস্তানের ক্রিকেটের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নিরাপত্তা, আতিথেয়তা কোনো কিছুর কমতি ছিল না।’
২৮ সেপ্টেম্বর করাচিতে পৌঁছানোর পর ফুলের মালায় বরণ করে নেওয়া হয় সালমার দলকে। বিমানবন্দর থেকে তাঁদের সরাসরি নিয়ে যাওয়া হয় সাউথএন্ড ক্লাবে। সেখানেই থাকার ব্যবস্থা হয়েছিল তাঁদের। মাঠটাও ক্লাব-সংলগ্ন হওয়ায় নিরাপত্তার চিন্তা বেশি ছিল না। সালমার ভাষায়, ‘খেলার বাইরে আর কিছু নিয়ে ভাবতে হয়নি আমাদের।’

পাকিস্তান সফরে যাওয়ার আগে বছর দেড়েক আন্তর্জাতিক সিরিজ খেলেনি বাংলাদেশের মেয়েরা। সফরটা নিয়ে তারা তাই আগ্রহীই ছিলেন। ‘সামনে বিশ্বকাপের বাছাইপর্ব আছে, সুতরাং আমাদের ম্যাচ খেলার প্রয়োজন ছিল’—বলছিলেন সালমা। তবে হতাশা আছে জয় না পাওয়ায়, ‘ব্যাটসম্যানরা আরেকটু ভালো খেলতে পারলে হয়তো পুরো ব্যাপারটা অন্য রকম হতো।’

>নিরাপত্তার ভয়ে যে দেশে আর কোনো দলই যাচ্ছে না, সেখানে খেলে আসার সাহস দেখানোর জন্য প্রশংসাই প্রাপ্য সালমাদের

হতাশার প্রসঙ্গে আলাদা করে আসে প্রথম ওয়ানডের কথা। জয়ের সুবাস পেয়েও হার ২০ রানে। ‘এর আগেও আমরা অনেকগুলো ম্যাচ খুব কাছে গিয়ে হেরে গেছি। এ জন্য সব সময়ই আফসোস হয়’—সালমার কণ্ঠে হতাশার সুরটা স্পষ্ট। ম্যানেজার শফিকুল হকের দৃষ্টিতে বাংলাদেশ ম্যাচটি হেরেছে মূলত ফিল্ডিংয়ের কারণে, ‘ওদের রান কোনোভাবেই ১৭০-১৭৫-এর বেশি হতো না। কিন্তু আমার মনে হয় আমাদের ফিল্ডিং সাজানোটা সঠিক ছিল না বলেই অনেক বাড়তি রান পেয়ে গেছে পাকিস্তান।’
দল হিসেবে ভালো না করলেও কারও কারও ব্যক্তিগত পারফরম্যান্সের প্রশংসা করেছেন সালমা। পাকিস্তানেই আন্তর্জাতিক অভিষেক হওয়া বাঁহাতি স্পিনার নাহিদা, উইকেটকিপার জ্যোতির কথা বলেছেন আলাদা করে। তবে সন্তুষ্ট নন নিজের ব্যাটিং নিয়ে, ‘একটা জায়গায়ই আমরা পিছিয়ে পড়েছি, সেটা ব্যাটিং। পিংকি, লতা, শুকতারা, রুমানা, আমি—কেউই যথাযথ খেলতে পারিনি।’
সফরে একটি সংবাদ সম্মেলনে সালমা উর্দুতে কথা বলেছেন, এমন খবর দিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমই। এ জন্য বিসিবি পরে সতর্কও করেছে তাঁকে। তবে সালমার ব্যাখ্যা, ‘সবাই বলছে আমি নাকি প্রেস কনফারেন্সে উর্দুতে কথা বলছি। আসলে তা নয়। আমি বাংলায় বলেছি। ম্যানেজার ওদের ইংরেজিতে অনুবাদ করে দিয়েছেন। তবে প্রথম টি-টোয়েন্টিতে একটা সময়ে ম্যানেজার সঙ্গে ছিলেন না। তখন হয়তো আমি এক মিনিট উর্দুতে বলছি। টসে হেরে যাওয়ার পর কথাটা হয়েছিল।’
দেশে ফিরে বাংলাদেশের মেয়েদের ব্যস্ত হয়ে পড়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ নিয়ে। সিরিজটি সাময়িক স্থগিত হয়ে গেছে। তবে সালমার আশা, আইসিসির সভা থেকে এই সিরিজের ব্যাপারে সুখবর নিয়ে ফিরবেন বোর্ড সভাপতি নাজমুল হাসান।