সাহায্যপ্রার্থী ডি ভিলিয়ার্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবি ডি ভিলিয়ার্স ঘুরে দাঁড়াতে চান সেঞ্চুরিয়নে
এবি ডি ভিলিয়ার্স ঘুরে দাঁড়াতে চান সেঞ্চুরিয়নে

এরই মধ্যে সিরিজটা খোয়ানো সারা, র্যাঙ্কিং-শীর্ষ থেকেও অবনমন নিশ্চিত হয়ে গেছে। ইংল্যান্ডের সঙ্গে আজ শুরু সিরিজের চতুর্থ বা শেষ টেস্ট ম্যাচটা হারলেই বা কী! দলের যে ফর্ম, তাতে সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার পক্ষে খুব বেশি কেউ বাজিও ধরবেন না। তবে এবি ডি ভিলিয়ার্স শেষ টেস্টটা জিততে চান। টেস্টটা আনুষ্ঠানিকতার বলে তিনি মানেন না, ‘টেস্টে “ডেড রাবার” বলে কিছু নেই। ৩-০ হারাটা হবে লজ্জার। ২-১ অনেক ভালো শোনায়! আর ১২ মাস ধরে আমরা টেস্ট জিতিনি।’ তবে সে জন্য একটু ‘সাহায্য’ চাইছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক, সাহায্য কোচিং স্টাফে।
গত কিছুদিনে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং। ব্যাটসম্যানদের কমবেশি সবাই নিজেদের হারিয়ে খুঁজছেন। ওপেনার স্টিয়ান ফল জিল তো এই টেস্টের জন্য বলির পাঁঠা হয়ে বাদই পড়েছেন। আজ অভিষেক হয়ে যেতে পারে ওপেনার স্টেফান কুকের। কিন্তু আমলা, ডু প্লেসির মতো পরীক্ষিতরাও যখন সংগ্রাম করছেন, বোঝাই যায় সমস্যার গভীরতা। অগ্রাধিকার ভিত্তিতে ব্যাটিং কোচই দরকার। ডি ভিলিয়ার্স সেটি চানও। তবে পুরো দলের সঙ্গে চাইছেন আরও কিছু অভিজ্ঞ লোক, ‘অনেক প্রতিভাবানকেই উঠে আসতে দেখেছি, কিন্তু এখন একটু অভিজ্ঞতা দরকার। কিছু চৌকস লোকদের পাশে পাওয়া প্রয়োজন।’
হাশিম আমলা মাঝপথে সরে দাঁড়ানোয় শেষ দুই টেস্টের জন্যই নেতৃত্ব পেয়েছিলেন ডি ভিলিয়ার্স। এই সিরিজ শেষে অধিনায়ক থাকবেন কি না, সেটা এখনই বলা কঠিন। তবে ডি ভিলিয়ার্স দায়িত্বটা নিজ থেকে ছাড়ছেন না, ‘আমি আরও বড় ভূমিকা নিতে চাই। তবে ব্যাপারটা তো আমার হাতে নেই।’
ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকের এখন ফুরফুরে মেজাজেই থাকার কথা। দক্ষিণ আফ্রিকায় এসে প্রথম সিরিজ জিতেছেন! তবে নিজে রান পাননি, সেটাই ইংলিশ অধিনায়কের কাছে অস্বস্তির একটি কাঁটা। সিরিজে ছয় ইনিংসে সর্বোচ্চ রান ৪৩! এই টেস্টে তাই টপ অর্ডারের রান পাওয়াকেই পাখির চোখ করছেন কুক, ‘আমার মনে হয় টপ অর্ডারে সব সময়ই উন্নতির সুযোগ আছে। এই টেস্টে সেটা নিয়েই কাজ করতে হবে।’ এএফপি, রয়টার্স।