সাহারার সঙ্গে আর নেই বিসিবি

জাতীয় দলের জন্য নতুন স্পনসর চেয়ে গত ৩০ মার্চ বিজ্ঞাপন দিয়েছে বিসিবি। বোঝাই যাচ্ছিল, ভারতের সাহারা ইন্ডিয়া পরিবারের সঙ্গে চুক্তিটি আর নেই। কাল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সেটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেও চুক্তি বাতিলের বিস্তারিত কারণ ব্যাখ্যা করতে রাজি হননি।
‘সাহারার সঙ্গে কিছু বিষয়ে আমাদের বিতর্ক চলছিল। সেগুলোর গ্রহণযোগ্য সমাধান হচ্ছে না বলে আমরা তাদের সঙ্গে চুক্তিটি আর না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি’—বিসিবি কার্যালয়ে বলেছেন নিজাম উদ্দিন চৌধুরী। তবে বিতর্কিত বিষয়গুলো কী তা বলেননি, ‘চুক্তির শর্তগত কারণে সেগুলো এখন বলা সম্ভব নয়।’ গত ২৯ মার্চ সাহারাকে লিখিতভাবে চুক্তি চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিসিবি।
বিসিবির সঙ্গে সাহারার ১৪ মিলিয়ন ডলারের আলোচিত চুক্তিটি হয় ২০১২ সালের জুনে। চার বছরের চুক্তি অনুযায়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, ‘এ’, অনূর্ধ্ব-১৯ এবং মহিলা দলের স্পনসরশিপ ছাড়া বিসিবি একাডেমিরও স্পনসর ছিল ভারতের করপোরেট সংস্থা সাহারার সহযোগী প্রতিষ্ঠান অ্যাম্বি ভ্যালি। এ ছাড়া প্রথম দুই বছরের জন্য টাইটেল এবং ইনস্টেডিয়া স্পনসরও হয়েছিল তারা, যেটি গত বছরই শেষ হয়েছে। চার বছরের চুক্তিটি শেষ হওয়ার কথা ছিল আগামী ৩০ জুন। কিন্তু বিসিবি সেটি বাতিল করে দিল তার ১৫ মাস আগেই। বোর্ড সূত্রে জানা গেছে, সাহারার সঙ্গে বিরোধ ছোটখাটো বিষয় নিয়ে। ব্যাটিংয়ের সময় কোনো ব্যাটসম্যানের জার্সি কুঁচকে থাকায় হয়তো সাহারার লোগোটা ঠিকমতো দেখা যাচ্ছিল না, সে নিয়ে অভিযোগ। অভিযোগ ছিল বিভিন্ন বিজ্ঞাপনে বাংলাদেশের খেলোয়াড়দের উপস্থিতি নিয়ে। সদ্য সমাপ্ত বিশ্বকাপের সময় তারা অভিযোগ করেছে, আইসিসির ব্র্যান্ডিংয়ে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে সাহারার লোগো যথাযথভাবে ব্যবহার না করার।
সর্বশেষ অভিযোগটাও বিশ্বকাপ চলাকালে। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলকে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে ‘সাহারা’ লেখা ব্যাকড্রপ ব্যবহার না করে লাগানো হয় পুরোনো ব্যাকড্রপ, যাতে লোগোও ছিল আগের স্পনসরদের। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি কর্মকর্তার ব্যাখ্যা, ‘ওখানে তো বিসিবির কিছু করার ছিল না। সংবর্ধনা দিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। তাদের কাছে যে ব্যাকড্রপ ছিল তারা সেটাই লাগিয়েছে। সাহারা এর আগে যেসব বিষয়ে অভিযোগ করেছে, সেগুলোর ব্যাখ্যাও বোর্ড দিয়েছে।’
চার বছর মেয়াদি চুক্তির প্রথম দুই বছরের টাকা ঠিকমতোই পেয়েছে বিসিবি। ঝামেলার শুরু এর পর থেকে। বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলে সাহারা টাকা দেওয়া বন্ধ করে দেয়। বিসিবি টাকার জন্য তাগাদা দিলেই পাল্টা অভিযোগ তুলেছে তারা। এভাবে বকেয়া পড়ে গেছে ৯ মাসের টাকা।
গত দুই বছরে সাহারা খোদ ভারতেও নানাভাবে বিতর্কিত হয়ে পড়েছে। বিনিয়োগকারীদের ২০ হাজার কোটি রুপি ফেরত না দেওয়ায় গত বছরের ফেব্রুয়ারিতে এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুব্রত রায়কে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে তাদের আর্থিক অবস্থাও ভালো নয়। বিসিবি কর্মকর্তাদের ধারণা, বিভিন্ন শর্ত এবং টাকা দেওয়া নিয়ে সাহারার টালবাহানার এটাও একটা কারণ। হয়তো চুক্তি থেকে সরে যাওয়ার পথ খুঁজছে তারাও।
এ অবস্থায় সাহারার প্রতি একধরনের অনাস্থা তৈরি হয়েছে বিসিবির। তা ছাড়া এ মাসে পাকিস্তানের বিপক্ষে এবং আগামী জুলাইয়ে ভারতের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ দল। স্পনসর হিসেবে সাহারা এই দুটি সিরিজ থেকে প্রচার একটু বেশিই পেত। বিসিবির শঙ্কা, পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজের সুবিধা নিয়ে হয়তো চুক্তি থেকে সরে যেত তারাই। সাহারাকে সে সুযোগ দেওয়ার ঝুঁকি না নিয়ে সিরিজ দুটির জন্য নতুন টিম স্পনসর খোঁজাটাকে লাভজনক মনে করেছে বিসিবি।
কিন্তু মাঝপথে চুক্তি থেকে সরে যাওয়ায় যদি বিসিবির বিরুদ্ধে আইনি পথে যায় সাহারা? সূত্র জানিয়েছে, চুক্তি বাতিলের শর্ত যতটা সম্ভব মেনেই এই পথে গেছেন তাঁরা। আর সাহারা যে ৯ মাসের টাকা এখনো দেয়নি, সেটি কেটে রাখা হবে আগেই দেওয়া সিকিউরিটি মানি থেকে। তাতেও যদি বকেয়া টাকা পুরো শোধ না হয়, বিসিবি নতুন করে তা দাবি করবে সাহারার কাছে।