সাড়ে ২২ কোটি রুপি চুক্তিভঙ্গের মামলা সিধুর বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নভজোৎ​ সিং সিধু
নভজোৎ​ সিং সিধু

তিন বছরে সাড়ে ২২ কোটি রুপি। টাকার অঙ্কটা মোটেও কম নয়। সেটিও যদি হয় স্রেফ কথা বলার বিনিময়ে। নভজোৎ​ সিং সিধুর সঙ্গে স্টার ইন্ডিয়া এমনই চুক্তি করেছিল। কিন্তু সিধু সেই চুক্তির শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ স্টারের। বিষয়টি গড়িয়েছে আদালতে।
চুক্তির শর্ত ছিল, সিধু শুধু স্টারের হয়ে ধারাভাষ্য দেবেন। কিন্তু গত বছর এই চুক্তির শর্ত ভঙ্গ করে স্টারেরই প্রতিদ্বন্দ্বী চ্যানেলের হয়ে আইপিএলে কাজ করেছেন সিধু। ক্ষতিপূরণের পাশাপাশি এ পর্যন্ত সিধুকে যে পরিমাণ অর্থ দেওয়া হয়েছে সেটিও ফেরত চায় স্টার। বিষয়টি সুরাহা করতে মুম্বাইয়ের উচ্চ আদালত একজন সালিস নিষ্পত্তিকারী নিয়োগ দিয়েছে।
২০১৩ সালের মে মাসে তিন বছরের জন্য স্বাক্ষরিত চুক্তিতে বলা আছে, সিধু শুধু স্টার (স্পোর্টস) ইন্ডিয়ার হয়ে কাজ করবেন। এই সময়ে তিনি তৃতীয় কোনো পক্ষের হয়ে কাজ করতে পারবেন না। শর্তে বলা হয়, চুক্তির প্রথম বর্ষপঞ্জিতে কমপক্ষে ১৫০ দিন ধারাভাষ্য দেবেন সিধু। দ্বিতীয় ও তৃতীয় বর্ষপঞ্জিতে কমপক্ষে ১৮০ দিন করে। এক বছরের আগাম পাওনা হিসেবে সিধুকে ৮ কোটি রুপিও দেওয়া হয়।
ঠিক সময়ে আগাম পারিশ্রমিক দেওয়ার পরও সিধু প্রথম বছরেই শর্ত পূরণে ব্যর্থ হন। মাত্র ৪১ দিন ধারাভাষ্য দিয়েছেন। শুধু তা-ই নয়, চুক্তির বড় শর্ত লঙ্ঘন করে ২০১৪ সালের আইপিএলে কাজ করেছেন সনির হয়ে। স্টার কর্তৃপক্ষ তাদের আরজিতে বলেছে, হিন্দি ধারাভাষ্যকার হিসেবে সিধুর আলাদা একটি ভাবমূর্তি তারাই গড়ে তুলেছিল। অথচ সিধু সেসব তো বটেই, চুক্তির শর্তকেও সম্মান জানাননি। শুধু তা-ই নয়, গত মার্চে বিষয়টি নিয়ে সিধুকে আইনি নোটিশ পাঠানো হলেও সেটিরও জবাব দেননি। সূত্র: মিড-ডে।