‘সিংহহৃদয়’ ওয়ার্নের মৃত্যুতে ‘সূর্য’টা হারালেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেন ওয়ার্ন ও এলিজা্বেথ হার্লি। যখন দুজনের মধ্যে প্রেম ছিল। সে সময়ের এই ছবিটি পোস্ট করেন হার্লি
ছবি: ইনস্টাগ্রাম

ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসাই তো!

মন দেওয়া–নেওয়া শুরু হয়েছিল আগেই। সংবাদমাধ্যমে আনুষ্ঠানিকভাবে খবর এসেছিল ২০১১ সালের সেপ্টেম্বরে—ইংরেজ অভিনেত্রী এলিজাবেথ হার্লির সঙ্গে প্রেম চলছে শেন ওয়ার্নের।

২০১৩ সালের ডিসেম্বরে বিচ্ছিন্ন হওয়ার আগে চুটিয়ে প্রেম করেছেন দুজন। নানা জায়গায় অন্তরঙ্গভাবে দেখা যেত তাঁদের। তারপর বিচ্ছেদের জোয়ার এসে দুজনকে ভাসিয়ে নিয়ে গেলেও ভুলে যাওয়া কি সম্ভব?

সম্ভব না বলেই গত শুক্রবার ওয়ার্নের মর্মান্তিক মৃত্যুর পর প্রিয় ‘লায়ন হার্ট’কে স্মরণ করে তাঁর সাবেক বাগদত্তা বলেছেন, সূর্য চিরকালের জন্য মেঘের আড়ালে চলে গেছে।

২০১১ সালে এলিজাবেথ হার্লিকে নীলকান্ত মণির আংটি পরিয়ে বাগদান সম্পন্ন করেন ওয়ার্ন। কিন্তু একই সময়ে ওয়ার্ন অ্যাডেল নামের এক অস্ট্রেলিয়ান নারীকে নিয়মিত উত্তেজক খুদে বার্তা পাঠাতেন!

অধুনালুপ্ত ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ডের কাছে তথ্যটি ফাঁস করেন অ্যাডেলের স্বামী। প্রমাণ হিসেবে কিছু বার্তাও ছাপায় এই ট্যাবলয়েড। ওয়ার্ন তাঁকে ঠকাচ্ছেন বুঝতে পেরে বাগদানের আংটিটি ফেরত দেন হার্লি। পরে সম্পর্ক ভেঙে যায় দুজনের।

এলিজাবেথ হার্লির সঙ্গে এক সময় চুটিয়ে প্রেম করেছেন ওয়ার্ন
ছবি: ইনস্টাগ্রাম

ওয়ার্ন ক্রিকেটার হিসেবে যতটা সফল, ব্যক্তিজীবনে তার চেয়ে কম বিতর্ক ছড়াননি। সিমোন কালাহানকে বিয়ে করেছিলেন ১৯৯৫ সালে। এরপর পরকীয়ায় জড়িয়েছেন একাধিকবার। ২০০০ সালে এক ব্রিটিশ নার্সকে যৌন কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার আমন্ত্রণ দিয়ে বিতর্ক তৈরি করেন।

আবার কখনো অন্তর্বাসের মডেল, কখনোবা প্রাপ্তবয়স্কদের সিনেমার নায়িকার প্রেমে পড়েছেন। কারও কারও সঙ্গে তাঁর ছবিও ছাপা হয়েছে সংবাদমাধ্যমে। সিমোন বিষয়টি মেনে নেননি। তিন সন্তান রেখেই ২০০৫ সালে ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজের কয়েক দিন আগে ওয়ার্নের সঙ্গে দাম্পত্যজীবনের ছেদ টানেন সিমোন।

স্পিন কিংবদন্তির মৃত্যুর পর ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন হার্লি। দুজনের একসঙ্গের মুহূর্তের ছবিও আছে। এর মধ্যে একটি ছবির ক্যাপশনে ৫৬ বছর বয়সী এই অভিনেত্রী লিখেছেন, ‘মনে হচ্ছে সূর্য চিরকালের জন্য মেঘের আড়ালে চলে গেছে। শান্তিতে ঘুমাও আমার ভালোবাসার সিংহহৃদয়।’ হার্লির ১৯ বছর বয়সী ছেলে ওয়ার্নকে ‘পিতৃতুল্য’ আখ্যা দিয়ে বলেছেন, ‘আমার চেনা–জানাদের অন্যতম সেরা ব্যক্তি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দামিয়ান লিখেছেন, ‘আমি এখনো ধাক্কাটা কাটিয়ে উঠতে পারিনি...বেড়ে ওঠার সময় শেন ওয়ার্ন আমার কাছে পিতৃতুল্য ব্যক্তি ছিলেন। তিনি সত্যিকার অর্থেই আমার চেনা–জানাদের অন্যতম সেরা ব্যক্তি। আমার হৃদয়টা ভেঙে গেছে। শেন ওয়ার্নের পরিবারের প্রতি সহর্মিমতা ও ভালোবাসা।’

শুক্রবার ক্রিকেট দুনিয়াকে স্তব্ধ করে না–ফেরার দেশে চলে যান ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার। থাইল্যান্ডের কোহ সামুইয়ে হোটেল কামরায় নিথর অবস্থায় পাওয়া যায় তাঁকে। থাইল্যান্ড পুলিশ ময়নাতদন্তের পর জানিয়েছে, ‘স্বাভাবিক কারণে’ই মারা গেছেন ৫২ বছর বয়সী ওয়ার্ন। প্রাথমিকভাবে চিকিৎসকেরা বলেছিলেন, ওয়ার্ন হার্ট অ্যাটাকে মারা গেছেন।