সিগারেট নিতে অন্তর্বাস ফেলে এসেছিলেন ওয়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখনো সংবাদ শিরোনাম হন ওয়ার্ন। ছবি: ওয়ার্ন টুইট
এখনো সংবাদ শিরোনাম হন ওয়ার্ন। ছবি: ওয়ার্ন টুইট

শেন ওয়ার্ন এক বর্ণময় চরিত্র। খেলোয়াড়ি জীবনে তাঁকে নিয়ে বিতর্ক কম হয়নি। কখনো ‍ধূমপান করে জরিমানা ‍গুণেছেন, কখনো বা ডোপ টেস্টে ধরা পড়েছেন, কখনো বুকিদের সঙ্গেও নাম জড়িয়েছিল। কিন্তু আসল কাজটা থেমে থাকেনি। বিতর্ক নিয়েই ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরাদের কাতারে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার। তবে মাঠের বাইরে কিছু ভুল-ত্রুটি ওয়ার্নকে এখনো পোড়ায়।

স্বর্ণকেশি এ তারকার একটি মজার ঘটনা কিছুদিন আগে স্কাই স্পোর্টসকে বলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। জন বুকানন তখন অস্ট্রেলিয়া দলের কোচ। ২০০৬ সালে অ্যাশেজ সিরিজের আগে তিন দিনের সামরিক ক্যাম্প করেছিল অস্ট্রেলিয়া দল। সেখানে ওয়ার্নকে প্রতিটি সিগারেটের প্যাকেট নেওয়ার বদলে একটি করে গুরুত্বপূর্ণ জিনিস রেখে আসার নির্দেশ দিয়েছিলেন বুকানন। ওয়ার্ন ৬ প্যাকেট সিগারেট প্যাকেট নিতে নিজের মোজা ও অন্তর্বাস রেখে যেতে কার্পণ্য করেননি।

ক্লার্ক সে ঘটনা স্মরণ করে বলেন, 'ওয়ার্ন ধূমপান পছন্দ করে। সে বলে দিয়েছিল, সিগারেট ছাড়া আসছে না। এটা ছিল পঞ্চম বিশ্বযুদ্ধ। সে তাঁর তিন জোড়া মোজা ও অন্তর্বাস রেখে ৬ প্যাকেট সিগারেট নিয়েছিল। ঘন জঙ্গলের মধ্যে সবাই যখন স্লিপিং ব্যাগে তখন কমলা রংয়ের আলোটা আসত ওয়ার্নের স্লিপিং ব্যাগ থেকে।'

শুধু তাই নয়, ডোপ টেস্টে ধরা পড়ায় ২০০৩ বিশ্বকাপে খেলতে পারেননি ওয়ার্ন।তাঁর নারীসঙ্গ-প্রীতি নিয়েও কম বিতর্ক নেই। সম্প্রতি মেলবোর্নে মেয়েকে গাড়ী কিনে দিতে দেখা গেছে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নেওয়া ওয়ার্নকে। মেইল অনলাইন জানিয়েছে মার্সিডিজ বেঞ্জের শো-রুমে নিজের মেয়ের সঙ্গে দেখা গেছে ৫০ বছর বয়সী সাবেক এ ক্রিকেটারকে। এক নারী বিক্রয়কর্মীর সঙ্গে কথা বলার সময় সিগারেট ফুঁকছিলেন ওয়ার্ন।

সম্প্রতি নিজের জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন ওয়ার্ন। ক্রিকেট মাঠ তাঁকে শতভাগ বিনোদন দিলেও নিজের জীবনের ভুল-থ্রুটি নিয়েও দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলেছেন ওয়ার্ন। ফক্স ক্রিকেটের অনুষ্ঠান 'অ্যা উইক উইথ ওয়ার্নি'তে কথা বলেছেন নিজের জীবনের ভুল-থ্রুটি নিয়ে।

'সব সিদ্ধান্ত নিয়ে আমি গর্বিত নই। অনেক ব্যাপারেই খুব বাজে সিদ্ধান্ত নিয়েছি। তবে নিজের সঙ্গে সব সময় সৎ থাকার চেষ্টা করেছি। সে কারণেই আজ এতটুকু হলেও আমি গর্বিত। তবে কিছু বিষয় মেনে নেওয়া কঠিন। আমি পরিবারের মান সম্মান খুইয়েছি। সন্তানদের মাথা হেঁট হয়েছে। এসব নিয়েই বাঁচতে হচ্ছে।'

তবে সব মিলিয়ে নিজের জীবন নিয়ে তেমন হতাশা নেই ওয়ার্নের। বেঁচে থাকার রস আস্বাদনে ‍খুব একটা খারাপ করেননি বলে মনে করেন তিনি, 'নিজের জীবনে ভালো কাজগুলো নিয়ে আমি গর্বিত। মজা পেয়েছি। তবে লোকে সব সময় ভালো কাজ পছন্দ করে না। কারণ খারাপ কাজ ভালো শিরোনাম এনে দেয়।'