সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে খালেদ মাহমুদকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদ মাহমুদকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। ছবি: প্রথম আলো
খালেদ মাহমুদকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। ছবি: প্রথম আলো

খালেদ মাহমুদের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। সকালে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্র খুলে নেওয়ার পর সারা দিনে আর সেটির প্রয়োজন পড়েনি। কোনো সমস্যা ধরা পড়েনি এমআরআইতেও। তবু ঝুঁকি এড়াতে আজ রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক মাহমুদকে।

বিকেলে ইউনাইটেড হাসপাতালে তাঁকে দেখতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন এ কথা। মাহমুদের সঙ্গে যাবেন তাঁর বড় ভাই ইয়াফি ও বিসিবির চিকিৎসক মনিরুল আমিন। বিসিবি সভাপতির আশা, মাহমুদ আগামী দু-তিন দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। গত শনিবার গভীর রাতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে মাহমুদকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল রোববার সকালে তাঁকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
খালেদ মাহমুদ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগলেও ঠিক কী কারণে তাঁকে হাসপাতালের আইসিইউ পর্যন্ত যেতে হলো, তা জানেন না বিসিবি সভাপতিও। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘এই মুহূর্তে কেউ কিছু বলছে না। যাকেই জিজ্ঞেস করছি কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। তার স্ত্রী বা ছেলেদের সঙ্গে আমার দেখা হয়নি। ভাইবোনদের সঙ্গে দেখা হয়েছে। তাঁরা বলছেন, তাঁরা কিছু জানেন না।’
ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকেরাও মাহমুদের অসুস্থতার কারণ সম্পর্কে কিছু বলেননি বলে জানিয়েছেন নাজমুল হাসান। ‘সবার আগে তাঁর সুস্থ হওয়ার দরকার। সুস্থ হলে তাঁর কাছ থেকেই জানব আসলে কী হয়েছে’—বলেছেন বিসিবি সভাপতি।